ময়লা কেনার জন্য সুইডেনের দৃষ্টি আকর্ষণ করে পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়লার কার্টুন এঁকে দেওয়ার কথা থাকলেও কার্টুনিস্ট পাঠিয়েছেন এটা!
ময়লার কার্টুন এঁকে দেওয়ার কথা থাকলেও কার্টুনিস্ট পাঠিয়েছেন এটা!

প্রিয় সুইডেন কর্তৃপক্ষ,

পত্রের প্রথমে শুভেচ্ছা রইল। পত্রিকার খবর মারফত জানতে পারলাম, আপনারা বিদেশ থেকে ময়লা কিনতে আগ্রহী। এই খবর পড়ে কুয়াশাচ্ছন্ন শীতের সকালেও আশার আলো উঁকি দিচ্ছে। এই দেশে কোথায় ময়লা পাওয়া যায় না! দেয়ালে লেখা ‘যত্রতত্র ময়লা ফেলবেন না’, অথচ সেই লেখার নিচেই জমে থাকে ময়লার স্তূপ। এ দেশে ময়লা পড়ে থাকে ডাস্টবিনের আশপাশে। ময়লা জমে জমে বুড়িগঙ্গা হয়ে যায় মরা নদী। অন্যদিকে নালা-নর্দমায় ময়লা জমে সৃষ্টি হয় নতুন নদীর, যার নাম ‘পথনদী’। দর্শনীয় স্থানে ঘুরতে এসে দর্শনার্থীরা ময়লা ফেলে রেখে যেতে চায় তাদের ভ্রমণের স্মৃতি হিসেবে। মানুষের মতো মশা-মাছিরও বেঁচে থাকার অধিকার আছে। তাই যেখানে-সেখানে ময়লা ফেলে তাদের বংশবিস্তারে সহায়তা করা হয় এভাবেই।

বর্জ্য-ব্যবস্থাপনা নিয়ে নাজেহাল সিটি করপোরেশনও। তাই আমাদের দেশ থেকে ময়লা কিনতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কথা দিচ্ছি, অন্য দেশের চেয়ে আমাদের দেশ থেকে সুলভ মূল্যে ময়লা কিনতে পারবেন আপনারা। এবং এই ময়লা হবে একদম নির্ভেজাল।

ইতি

বাংলাদেশের একজন সাধারণ নাগরিক

লেখা: শাহাদাত হোসেন