ময়ূখ চৌধুরীর কবিতা নিয়ে আবৃত্তির আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম প্রধান কবি ময়ূখ চৌধুরীর কবিতা নিয়ে হয়ে গেল জমজমাট আবৃত্তির আসর। ২৫ অক্টোবর সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে নরেন আবৃত্তি একাডেমি তাঁর কবিতা নিয়ে ‘অনিদ্রার কারুকাজ’ শিরোনামের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

আসরের শুরুতেই ‘আয়রে আমার কনকচাঁপা’ শিরোনামের কবিতা আবৃত্তি করেন কোহেলিকা সেন। এরপর পাঁচটি একক আবৃত্তি শেষে নওরীন রহমানের কণ্ঠে পরিবেশিত হয় গান। ময়ূখ চৌধুরীর কথায় ‘ওরে মাঝি সাবধানে তুই চল’ শিরোনামের এ গানে সুর দিয়েছেন আলমগীর আলাউদ্দীন।

একক কবিতা ও গানের আরও কিছু পরিবেশনা শেষে ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ কবিতার কোরিওগ্রাফি। মঞ্চে ‘এ শহর আমার শহর’ কবিতাটি নৃত্যছন্দে রূপায়ণ করেন নরেন আবৃত্তি একাডেমির শিল্পীরা। এরপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভ্রা বিশ্বাস, রাশেদ হাসান, প্রদীপ দেওয়ানজি, ডেইজী মউদুদ ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান। শুভেচ্ছা বক্তব্য দেন ময়ূখ চৌধুরী।

আয়োজনে সম্মাননা জানানো হয় অভিনেত্রী ফারজানা করিম, নাট্যকার মোকাদ্দেম মোরশেদ ও মঈন উদ্দিনকে। এরপর আবার একক আবৃত্তির পাশাপাশি ‘শব্দের রানি এবং প্রজা’ কবিতার সঙ্গে ছিল কোরিওগ্রাফি। ‘যদিও মাধুরী লও’, ‘অকেজো টাকার গল্প’, ‘গমন থেকে গামিনী’, ‘জন্ম রাতে’ এ চারটি কবিতার সঙ্গে মিল রেখে দেখানো হয় নানা দৃশ্যচিত্র। আর এ দৃশ্য-কাব্যের মধ্য দিয়েই শেষ হয় পরিবেশনা।