যক্ষ্মা নিরাময়ের হার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডটস পদ্ধতির সফলতার কারণে ফেনীতে যক্ষ্মা রোগের নিরাময়ের হার বেড়েছে। বর্তমানে জেলায় যক্ষ্মা আরোগ্যের হার শতকরা ৯৩ ভাগ। পাশাপাশি যক্ষ্মা শনাক্তকরণের হারও বেড়েছে।
ফেনীতে সম্প্রতি ব্র্যাক ও স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক সেমিনারে বক্তারা এ তথ্য দেন।
ফেনীর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সরকারের স্বাস্থ্য বিভাগ এবং বেসরকারি সংস্থাগুলোর উদ্যোগে এখন আক্রান্ত রোগীদের দ্রুত রোগ শনাক্ত করে বিনা মূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। জেলার প্রায় প্রতিটি এলাকায় এখন কফ পরীক্ষাকেন্দ্র আছে। এতে যক্ষ্মা নিয়ন্ত্রণে সাফল্য এসেছে।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা বিভাগের পাশাপাশি ব্র্যাকসহ ৩৪টি বেসরকারি সংগঠন একযোগে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।
জেলায় স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংস্থার স্বাস্থ্যকর্মীরা যক্ষ্মা শনাক্তকরণ থেকে শুরু করে রোগ নির্মূল হওয়া পর্যন্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখছে। জেলার প্রতিটি এলাকায় রয়েছে কফ পরীক্ষাকেন্দ্র। কাশি হলেই এখন লোকজন সরকারি হাসপাতাল বা কফ পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা করাচ্ছেন। যক্ষ্মার জীবাণু ধরা পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা।
বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালে ফেনী জেলায় মোট ১৪ হাজার ২৯০ জনের কফ পরীক্ষা করা হয়। এর মধ্যে এক হাজার ৭১৯ জনের মধ্যে যক্ষ্মা রোগের জীবাণু পাওয়া যায়। জেলায় এই রোগে নিরাময়ের হার ৯৩ শতাংশ। এদের মধ্যে শিশুর সংখ্যা ২৮ জন। বর্তমানে রোগীর সংখ্যা ৮৯২ জন। জটিল বা ওষুধ প্রতিরোধী যক্ষ্মায় আক্রান্ত রোগী রয়েছে মাত্র পাঁচজন।
ফেনী বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা কর্মকর্তা আবদুল খালেক বলেন, যক্ষ্মা রোগীদের জন্য ওষুধ প্রাপ্তি কোনো কষ্টের ব্যাপার নয়। সরকারি হাসপাতাল থেকে বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়। বেসরকারি সংস্থার স্বাস্থ্যকর্মীরা রোগীদের বাড়ি গিয়ে ওষুধ পৌঁছে দেন ও খাইয়ে দেন।
সিভিল সার্জন মো. জাকির হোসেন বলেন, জেলায় যক্ষ্মা রোগীর আরোগ্যের হার সন্তোষজনক। সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে জেলায় আরোগ্যের হার আরও বাড়বে।