যক্ষ্মা বিষয়ে গোলটেবিল বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমে অগ্রগতি ও করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক গত সোমবার অনুষ্ঠিত হয়। এতে আগামী ২০১৫ সালের মধ্যে যক্ষ্মা রোগে মৃত্যুর হার বর্তমান অবস্থা থেকে অর্ধেকে নামিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করা হয়। ফেনীর সিভিল সার্জন অফিস মিলনায়তনে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ফেনী প্রেসক্লাব ও ব্র্যাকের যৌথ আয়োজনে ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমে অগ্রগতি ও করণীয়’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সিভিল সার্জন হরিপদ রায়। অতিথি ছিলেন ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলাউদ্দিন মজুমদার, ফেনী প্রেসক্লাব সভাপতি নুরুল করিম মজুমদার, ফেনীর সহকারী পুলিশ সুপার মোস্তফা সরকার, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা আলী করিম।প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহেরের সঞ্চালনায় বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক অশোক সাহা। এতে বলা হয়, যক্ষ্মা কোনো বংশগত রোগ নয়, এটি জীবাণুঘটিত সংক্রামক রোগ। যা ফুসফুসকে আক্রান্ত করে। দেশে প্রতিবছর এখনো নতুন করে প্রতি লাখ মানুষের মধ্যে ২২৫ জন লোক যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে। বছরে ৪৫ জন লোক যক্ষ্মায় মারা যাচ্ছে। আগামী ২০১৫ সালের মধ্যে যক্ষ্মায় মৃত্যুর হার বর্তমান হারের অর্ধেকে নামিয়ে আনতে হবে। বক্তব্য দেন ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল খালেক মামুন, ব্র্যাক মিডিয়া সমন্বয়কারী অরুণ কুমার দাস, সাংবাদিক বখতেয়ার ইসলাম, রবিউল হক, কামাল উদ্দিন ভূঁঞা, জমির বেগ প্রমুখ। বৈঠকে ফেনী জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি, সুশীলসমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, চিকিৎসক প্রতিনিধি, নাটাব প্রতিনিধি, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।