যখন ছবি কথা বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০টি দেশ, ৬৯টি বিশ্ববিদ্যালয়, ১৭০ জন আলোকচিত্রী, ৪৫০টি চোখ ধাঁধানো ছবি। খুব সংক্ষেপে বলতে চাইলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ইন্টার-ইউনিভার্সিটি ফটোগ্রাফি এক্সিবিশন ২০১০’ সম্পর্কে এভাবেই বলতে হবে। অবশ্য শুধু এটুকু কথায় পুরো আয়োজন বোঝানো সম্ভব কি না তা নিয়ে হয়তো বা সংশয় প্রকাশ করতে পারে দর্শনার্থীরা। তারা যদি এমন অভিযোগ করে, তবে মাথা পেতে মেনে নিচ্ছি সে অভিযোগ। কে না জানে ছোট্ট একটা ছবি যত কথা বলে, তা যে পাতার পর পাতা লিখেও বোঝানো সম্ভব নয়।দর্শনাথীরা নিজেদের অবশ্যই ভাগ্যবান মনে করতে পারে। ২০টি দেশের ৬৯টি ভার্সিটির তরুণ শিক্ষার্থী অথবা শখের আলোকচিত্রীদের ৪৫০টি ছবির স্বাদ পাওয়া তো আর যে-সে বিষয় নয়। এসব ছবির প্রদর্শনী একই সঙ্গে চলেছে শিল্পকলা ও দৃকে। ৪ জুলাই শুরু হওয়া আট দিনব্যাপী এই প্রদর্শনীতে ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, লেবানন, মালয়েশিয়া, জার্মানি, ভারত, ফ্রান্স, ইন্দোনেশিয়াসহ আরও অনেক দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবি।শখের আলোকচিত্রীদের চোখ ধাঁধানো সব ছবি দেখে মুগ্ধ হয়েছে দর্শনার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রায়হানুল কবির এসেছিলেন বন্ধুদের সঙ্গে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলেন একটা ছবির সামনে। ছবিটি কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফোর্ডল্যান্ডের ফাহাদ চৌধুরীর তোলা। ছবির নাম ‘মানিপুলেটেড আইডেনটিটি’। এ ছবির সামনে ভিড় লক্ষ করা গেছে প্রতিদিনই। ছবিটি ছিল পুরস্কার পাওয়া ৩৯টি ছবির একটি। এই ছবি দেখে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের আবু যাকের মুগ্ধ হয়ে বললেন, ‘এমন ছবি সচরাচর দেখা যায় না। আমিও এই প্রতিযোগিতার জন্য ছবি জমা দিয়েছিলাম, কিন্তু তা প্রদর্শনীর জন্য মনোনীত হয়নি। তবে দুঃখ নেই, পরেরবার এর চেয়ে ভালো ছবি দেব।’ এ প্রসঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের সভাপতি ওয়াজদা আখতার বললেন, ‘অষ্টমবারের মতো নর্থ সাউথ বিশ্ববিদ্যলয়ের ফটোগ্রাফি ক্লাব আয়োজন করেছিল এই আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতার। আমাদের এবারের আয়োজনে প্রায় তিন হাজার ছবি জমা পড়েছিল। তার মধ্যে মাত্র ৪৫০টি ছবি বাছাই করে প্রদর্শনীর ব্যবস্থা করেছি।’আট দিনের এই প্রদর্শনীতে ভিড় ছিল চোখে পড়ার মতো। ইন্দোনেশিয়ার হাসানুদ্দিন ইউনিভার্সিটির আরমিন হারির ‘গো’, সাউথ আফ্রিকার ইউনিভার্সিটি অব প্রিটোরিয়ার ‘চেরি টমেটো ড্রপ’, বুয়েটের আবেদ ফয়সের ‘রিফ্রাকশান’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহরুখের ‘দি ইম্পটি’, অভিজিত নন্দীর ‘লাইট ক্যান’ট টাচ মি’ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কাজী ওবায়দুর রহমানের ‘লিজার্ড’ নজর কেড়েছিল সবার।