যখন জানলাম মোহাম্মদ আলীর সঙ্গে লড়ব, ভয় লাগছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আলী ও গিয়াসউদ্দিনের মধ্যকার প্রদর্শনী মুষ্টিযুদ্ধ। ১৯ ফেব্রুয়ারি, ১৯৭৮
মোহাম্মদ আলী ও গিয়াসউদ্দিনের মধ্যকার প্রদর্শনী মুষ্টিযুদ্ধ। ১৯ ফেব্রুয়ারি, ১৯৭৮

মোহাম্মদ আলী বাংলাদেশে আসবেন, কিন্তু রিংয়ে নামবেন না, তা কি হয়? ওই সময় বক্সিং ফেডারেশন একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করে বর্তমান বঙ্গবন্ধু স্টেডিয়ামে। মোহাম্মদ আলীর চাওয়া ছিল, লড়াইটা যেন সেয়ানে সেয়ানে না হয়। খুদে বক্সারের সঙ্গে লড়তে চেয়েছিলেন। তাঁর চাওয়াকে সম্মান জানিয়ে ফেডারেশন কর্মকর্তারা নির্বাচন করেছিলেন ১২ বছরের কিশোর মোহাম্মদ গিয়াসউদ্দিনকে।

মোহাম্মদ গিয়াসউদ্দিন
মোহাম্মদ গিয়াসউদ্দিন

কাল ওই দিনের স্মৃতিচারণা করতে গিয়ে মনের অজান্তেই আবেগে ভেসে যাচ্ছিলেন গিয়াসউদ্দিন, ‘আমি ওনার খেলা টিভিতে দেখেছিলাম। যখন জানতে পারলাম মোহাম্মদ আলীর সঙ্গে লড়ব, ভয় লাগছিল। আবার এত বড় মাপের একজন বক্সারের মুখোমুখি হব ভেবে আনন্দও হচ্ছিল।’
৩ মিনিট করে ৩ বাউট খেলা হয়েছিল। মাঝখানে ১ মিনিটের বিরতি। ছোট্ট গিয়াসউদ্দিনকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন মোহাম্মদ আলী। গিয়াসউদ্দিন অবশ্য মোটেও ভয় পাননি, ‘আমি বুঝতে পারছিলাম যে উনি মজা করছেন। এরপর বেশ কয়েকবার ওনার পেটে ঘুষি দিই। যেহেতু ৬ ফুটের ওপর লম্বা উনি, আমি তাঁকে নাগালই পাচ্ছিলাম না। আমার ওস্তাদ যা শিখিয়েছিলেন, সব কৌশল কাজে লাগিয়েছিলাম। একবার তো ঘুষি খেয়ে মজা করে নিচে পড়েও গেলেন।’
না-ফেরার দেশে চলে গেছেন মোহাম্মদ আলী। ৩৮ বছর আগের মাত্র কয়েক মিনিটের সেই স্মৃতি তাই তো কাল বারবার মনে পড়ছিল গিয়াসউদ্দিনের, ‘আমার সারা জীবনের স্মরণীয় স্মৃতি ওই লড়াইটা। তাঁর মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই মনটা বিষাদে ভরে গেছে। মনে হচ্ছে যেন আমার কোনো স্বজন মারা গেছেন।’
তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন গিয়াসউদ্দিন সড়ক দুর্ঘটনায় পড়ে ১৯৮২ সালে বক্সিং ছেড়ে দেন। বর্তমানে তিনি ঠিকাদারির কাজ করছেন।