যখন নিমন্ত্রণে যাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাপসা গরম। ক্ষণে ক্ষণে বৃষ্টির ছাট। তাই বলে তো থেমে নেই আচার-অনুষ্ঠান। আরেকটু জমকালো অনুষ্ঠানে পোশাকটি মানানসই না হলে কি চলে? যেকোনো অনুষ্ঠানে বড়দের পাশাপাশি শিশুদেরও পরা চাই ফ্যাশনেবল জমকালো পোশাক। না হলে যে আনন্দ উবে যাবে অনেকখানি। তবে এমন আবহাওয়ায় যেখানে বড়রা জমকালো পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, সেখানে শিশুরা তো অস্বস্তিবোধ করবেই। সেই মুশকিল আসান করে ফ্যাশন ডিজাইনার মাহিন খান বলেন, ‘শিশুদের স্বভাবসুলভ দুরন্তপনা থাকবে। কোথাও গেলে তারা দৌড়াদৌড়ি করে। গরমের সময় ওরা ঘামেও বেশি। তাই বলে সুতির সাধারণ পোশাক পরিয়ে তো অনুষ্ঠানে নিয়ে যাওয়া যায় না। ফলে শিশুর পোশাকটি হতে হবে জমকালো কিন্তু আরামদায়ক।’মেয়েশিশুরা ফ্রক, স্কার্ট তো সব সময় পরে। জমকালো অনুষ্ঠানে সালোয়ার-কামিজ , টিউনিক, লেগিংস পরানো যেতে পারে। সুতি পোশাকে চুমকি, পুঁতি, কারচুপি, এমব্রয়ডারি, হাতের কাজের ব্যবহার করুন। দেখবেন যেকোনো জমকালো অনুষ্ঠানে অনায়সে পরা যাবে পোশাকটি। কামিজের ঝুল একটু লম্বা আর ঘের বেশি চলছে এ সময়। বাহারি নকশা করতে পারেন হাতায়। গলার নকশাটা ভারি হতে হবে। আপনার ছোট্ট মেয়েটি যদি সালোয়ার-কামিজ পরতে না চায়, তাহলে অযথা জোর করবেন না। এ ক্ষেত্রে ওর মতামতকে প্রাধান্য দিন। হাতের কাজ বা মেশিনের নকশা করা হালের টিউনিক-লেগিংসও জমকালো অনুষ্ঠানে মানানসই। সব মৌসুমেই গাঢ় নীল, সবুজ, গোলাপি, কমলার মতো উজ্জ্বল রঙের পোশাক বেছে নিতে পারেন। ছেলে বা মেয়েশিশুর জন্য রঙের এখনকোনো ভেদাভেদ নেই। গরমে সাদা রঙের স্নিগ্ধতা নিয়ে নতুন করে বলার নেই। শুভ্র সাদা বা চাপা সাদার মধ্যে রুপালি ও সাদা সুতার কাজ আরেকটু আর্কষণীয় করে তুলবে যেকোনো পোশাককে। পাঞ্জাবি, কুর্তার সঙ্গে চুড়িদার সালোয়ার- এমন পোশাকে যেকোনো অনুষ্ঠানে গেলে ছেলেশিশুদের জমকালো দেখাবে। শিশু চাইলে ওড়না ব্যবহার করতে পারে। ছেলেশিশুদের খাটো হাতার শার্ট, ফতুয়া পরানো যেতে পারে। এসব পোশাকের সঙ্গে ছেলে বা মেয়ের উভয়ের স্যান্ডেলটা হওয়া উচিত আরামদায়ক। গরমে একটু খোলামেলা স্যান্ডেল-জুতা ভালো। অন্তত ১৫ বছর পর্যন্ত মেয়েশিশুদের বেশি উঁচু স্যান্ডেল পরানো উচিত নয়। ফ্ল্যাটের মধ্যে ফিতাওয়ালা স্যান্ডেল পাওয়া যায়। শিশুকে কখনোই মেকআপ করানো ঠিক নয়। ছোট ছোট ক্লিপ, চওড়া ব্যান্ড চুলে লাগালে সুন্দর দেখাবে ছোট্ট মেয়েটিকে। চুল লম্বা হলে বেণি বা পনিটেইল করে দিতে পারেন। অনুষঙ্গ হিসেবে হাতে পরতে পারে চুড়ি, ব্রেসলেট। ঠোঁটে হালকা কোনো রঙের লিপগ্লস ব্যবহার করা যেতে পারে। বটুয়া, ছোট ক্লাচ নিতে পারে হাতে। অনুষ্ঠানের ধরন ও আবহাওয়া বিবেচনা করে শিশুর পোশাক নির্বাচন করা উচিত। এ দায়িত্ব অভিভাবকের। মনে করেন ফ্যাশন হাউস শৈশবের প্রধান নির্বাহী ফারহানা ফারুক। তিনি বলেন, শিশুরা নানা ধরনের অনুষ্ঠানে যায়। গরমে হয়তো থাকছে ক্লাস পার্টি, জন্মদিনের অনুষ্ঠান কিংবা বিয়ের নিমন্ত্রণ। বিয়ের নিমন্ত্রণে পাঞ্জাবির সঙ্গে কোলাপুরি স্যান্ডেল, ফরমাল শার্ট-প্যান্ট, জুতা মানানসই। কিন্তু বন্ধুর জন্মদিন, ক্লাস পার্টিতে এই পোশাক উপযুক্ত নয়। সেখানে খুব সাধারণ পোশাক পরতে হবে তা নয়। ফুলেল মোটিফের খাটো হাতার শার্ট, টি-শার্ট পরতে পারে ছেলেশিশুরা। গরমের জন্য ডেনিম, বারমুডা প্যান্ট উপযুক্ত। মেয়েশিশুরা জমকালো অনুষ্ঠানে সুতি ছাড়াও সাটিন, সিল্কের পার্টি ফ্রক, ঘাঘরা-চোলি পরতে পারে। এ-লাইন কাট, বেশি করে কুঁচি দেওয়া অনেক ঘের দেওয়া ভিক্টোরিয়া ফ্রকও এ সময় চলছে। খাটো হাতার, হাতাকাটা ফিতা দেওয়া টিউনিক, ফতুয়া মেয়েশিশুরা পরলে আরাম পাবে। সাত-আট বছর বয়স পর্যন্ত শিশুকে নিয়ে কোনো অনুষ্ঠানে গেলে অবশ্যই আরেকটি বাড়তি পোশাক নেওয়া উচিত। আর ঘাম মুছে দেওয়ার জন্য ব্যাগে বহন করুন ছোট্ট তোয়ালে। ফ্যাশন হাউস মায়াসির, শৈশব, আড়ং, ড্রেসিডেল, যাত্রা, নন্দন, গার্লস ক্লোজেট ছোট-বড় নানা শপিং মলে এসব পোশাক পাবেন। শিশুরা সুতি কাপড়ে নকশা করা পোশাক পরতে পারে বেড়াতে যাওয়ার সময়। মডেল: নাজা, গুঞ্জন ও শামায়লা পোশাক: মায়াসীর কৃতজ্ঞতা: ন্যানদোস