যখন যেমন জুতা
পরতে আরাম, আট-নয় ঘণ্টা পায়ে রেখে স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, আবার ফ্যাশনেবল—ঋতু অনুযায়ী এমন জুতা তরুণদের পছন্দ। জানা গেল অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়ার লিমিটেডের প্রধান ডিজাইনার শ্যামল চন্দ্র সরকারের কাছ থেকে। কিছুদিন আগে তরুণদের চাহিদার শীর্ষে স্যান্ডেল থাকলেও এখন আবার জুতার চল এসেছে। বাজারে এখন নানা আরামদায়ক জুতা পাওয়া যায়। ফলে ফ্যাশনে কমতি নেই।কোন উপলক্ষে, কেমন পোশাকের সঙ্গে পরা হবে সেটা মাথায় রেখেই জুতা নির্বাচন করা উচিত। বাজারে নানা ব্র্যান্ডের স্নিকার পাওয়া যায়। ক্যানভাসের স্নিকারের জনপ্রিয়তা বেশি। এগুলো জিনস, গ্যাবার্ডিন প্যান্টের সঙ্গে সহজে পরা যায়, আবার ধোয়া যায়। টেকসই, আবার ফ্যাশনেবল। ক্যাজুয়াল পোশাকের সঙ্গে স্নিকার বেশি মানানসই। কোনো অনুষ্ঠান উপলক্ষে নয়, বন্ধুদের সঙ্গে ঘোরা, বিশ্ববিদ্যালয়ে যাওয়া—এমন সময় পরা হয়। বসুন্ধরা সিটিতে অবস্থিত বাটার বিক্রয়কর্মী আবদুল মান্নান ও বে অ্যাম্পোরিয়ামে কর্মরত জাকির হোসেন উভয়ই জানালেন, ফিতা ছাড়া পাম্প শু ও কেডস কাম শুয়ের বিক্রি এখন বেশি। আবার সেমিবুট-জুতাও বেশ জনপ্রিয়। ড্রেস শু অর্থাৎ ফরমাল পোশাকের সঙ্গে পরা হয় এমন জুতায় সেলাই কম, হালকা-পাতলা। আবার ক্যাজুয়াল শু কেডস টাইপের, মোটা ও বেশি সেলাই থাকে। এসব শু তরুণদের পছন্দ। জুতা পরার আগে চিন্তা করে নিন, আপনি যাচ্ছেন কোথায়, উপলক্ষটা কী? ওই জায়গার আবহাওয়া বুঝেই জুতা পরতে হবে। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়া কিংবা কলেজে যাওয়ার সময় আপনার পোশাক তো ক্যাজুয়ালই থাকে, তাহলে ওই সময় জুতাও হবে ক্যাজুয়াল, মানে স্নিকার। টি-শার্ট, জিনস বা ট্রাউজার পরলেন অথচ পায়ে থাকল চটি, বুট কিংবা কাবলি শু, তাহলে কিন্তু সেটা মানানসই হলো না।জুতার সামনের দিকে চোখা, চৌকোনা বা গোলাকার ধরনের ডিজাইন থেকে পছন্দমতো জুতা নির্বাচন করে নিতে পারেন। পোশাকের সঙ্গে মানানসই হবে কি না তা আগে ভেবে নিন। কিছুদিন আগেও জুতার সামনের অংশ বাড়তি চোখা দেখা যেত, এখন অতটা দেখা যায় না, বাড়তি চোখার ব্যবহার কমেছে। এখন হচ্ছে সেমি লেন্থ বা মাঝারি গোল আকারের। রং নির্বাচনে অনেকেরই পছন্দ কালো। তবে পোশাকের সঙ্গে মিলিয়ে স্নিকারস ধরনের শু-ও এখন বেশ জনপ্রিয়। কালো, সাদা, ক্রিম, বাদামি ও মেরুন সব রকম পোশাকের সঙ্গে মানায়। আবার ফ্যাশনেবল তরুণরা লাল, সবুজ, হলুদ এ ধরনের রঙের জুতা পরতেও পিছপা হচ্ছেন না। পায়ের মাপের সঙ্গে মিলিয়ে জুতা কিনুন। মাপ ভুল হলে পায়ের সমস্যা থেকে পিঠের সমস্যা দেখা যায়। তাই জুতা কেনার আগে এর সামনে-পেছনে সমস্যা হচ্ছে কি না, চামড়া কেমন ইত্যাদি দেখে কেনা উচিত। পায়ের আরাম মানেই শরীরের আরাম। জুতাটা ফ্যাশনেবল হবে, পায়ে যেন ব্যথা না লাগে, সেটা খেয়াল রাখতে হবে। কেনার আগে সোল পরীক্ষা করে দেখুন, ঠিকমতো লাগানো আছে কি না। কারও কারও মোজা থেকে দুর্গন্ধ বের হয়। তবে প্রতিদিন মোজা পরিষ্কার করলে দুর্গন্ধ হয় না। এ ছাড়া পায়ে মাখার মেডিসিন পাওয়া যায়, এগুলো ব্যবহার করলে গন্ধ থেকে রক্ষা পেতে পারেন।ফরচুনা বাংলাদেশের প্রধান নির্বাহী ফায়েজ তাহের বলেন, জুতার মধ্যে মৌলিক পার্থক্য দুটো। ফিতাওয়ালা ও ফিতা ছাড়া। আজকাল মানুষের সময় কম। চটজলদি সহজে পরা যায়, খোলা যায় এ জন্য ফিতা ছাড়া জুতা অনেকের পছন্দ। ফিতার বদলে ইলাসটিকের ব্যবহার লক্ষ করা যায়। নিচু হয়ে ফিতা বাঁধতে হয় না, ফিতার কাজও করে। সোলেরও পার্থক্য আছে, যেমন লেদার সোল বর্ষা বা কাদা-পানিতে ব্যবহার কম হয়। পিউ সোল বা টিপিআর (থার্মোপ্লাস্টিক রাবার) সোল দীর্ঘদিন চলে, সহজে ফাটে না। কাদা-পানিতে ব্যবহার করা যায়। চামড়ার সোল স্বাভাবিক, এতে কৃত্রিমতা নেই। আজকাল অনেক জুতায় বাতাস চলাচল করার ব্যবস্থাও থাকে। শুধু বাইরের দিকটা নয়, জুতার ভেতরের অংশ শ্যাংক কেমন, তা জানা থাকলে ভালো। আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান বিশ্বমানের জুতা তৈরি করছে।