বছর কয়েক আগের কথা।আব্বা বাসায় বসে থাকতে মোটেই পছন্দ করেন না। কিন্তু সেদিন সন্ধ্যার আগেই চলে এলেন। অকারণে পরিচ্ছন্ন গেস্টরুম ঝাড়তে লাগলেন। পর্দাগুলো টেনে দিলেন। আম্মাকে বললেন চায়ের সঙ্গে ভালো নাশতা তৈরি করতে। বুঝলাম, কেউ আসছেন। কিন্তু আব্বাকে জিজ্ঞাসা করার সাহস হলো না। আমি আর শাওন নির্নিমেষ দৃষ্টিতে গেটের দিকে তাকিয়ে রইলাম।মাগরিবের পর খোঁচা খোঁচা দাঁড়ি আর একমাথা চুল নিয়ে আমাদের বিশিষ্ট মেহমান হাজির। মাথায় আবার ব্যান্ডেজ। আমরা হেসে কূল পাই না। খুব নিচু গলায় আব্বার সঙ্গে কথা বলছিলেন তিনি। এরপর ব্যাগ নিয়ে দ্রুত গেস্টরুমে ঢুকে পড়লেন। আমাদের জিজ্ঞাসু দৃষ্টির জবাবে আব্বা বললেন, ছেলেটা তাঁর গ্রাম-সম্পর্কিত এক ভাইয়ের ছেলে। নাম মামুন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে। ঘটনাক্রমে ভার্সিটির এক মারামারিতে জড়িয়ে গেছে। পুলিশ খুঁজছে, অতএব...।উত্তেজনায় লাফাতে লাগলাম আমরা। মনে হচ্ছিল, আন্ডারগ্রাউন্ড কোনো বিপ্লবী এসেছে বাড়িতে।যাকে নিয়ে এত কিছু, তিনি কিন্তু খুব শান্ত ছিলেন। ঘর থেকে বেরোতেন না, টিভি পর্যন্ত দেখতেন না। গোসল শেষে তোয়ালে দিয়ে এমন জোরে মাথা ঘষতেন যে শাওন বলত, ‘মাথা না ছিঁড়ে যায়!’ অথবা মুখ নিচু করে ভাত খেতে খেতে কেমন একটা কঠিন ভঙ্গিতে চোয়াল নাড়তেন, দেখে আত্মা শুকিয়ে যেত!আমাদের বাসায় ১০ দিন ছিলেন, কিন্তু আব্বা-আম্মা ছাড়া কারও সঙ্গে কথা বলেননি। চলে যাওয়ার দিনেও আমরা সামনে উঁকি মারছিলাম। বোধহয় দয়া হলো তখন। সামান্য হেসে বলেছিলেন, ‘আসি, কেমন?’এরপর প্রায় তিন বছর কেটে গেছে। আমি ঢাকা চলে এসেছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আর আমাকে অদ্ভুত অদ্ভুত খবর দিত শাওন। ও নাকি জিইসি মোড়ে মামুন ভাইকে খুব সুন্দর একটা মেয়ের সঙ্গে দেখেছে। অতএব, আমার কোনো আশা নেই! শাওনটা এত ফাজিল!আব্বা একদিন ফোনে জানালেন, মামুন ভাই একটা ব্যাংকের পরীক্ষা দিতে ঢাকা যাচ্ছেন। তাঁর মাধ্যমে কিছু জিনিস পাঠানো হচ্ছে। আমি যেন হলের সামনে গিয়ে ‘রিসিভ’ করি। যখন তিনি এলেন, সূর্য ডুবতে বসেছে। ভীষণ ক্লান্ত লাগছিল তাঁকে।জিনিসগুলো হাতে তুলে দিতে দিতে বললেন, ‘তোমাদের বাসায় প্রায়ই যাই। সবার সঙ্গে অনেক গল্প হয়। তবুও কিছু একটা বাকি ছিল। সেটা তুমি। তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল, রৌশন।’আমি ঝাপসা চোখে তাঁর মুখের দিকে তাকালাম। আরে, কেঁদে ফেললাম নাকি? এ জন্যই সন্ধ্যায় প্রিয় কারোর মুখ দেখতে নেই!ভূমিচট্টগ্রাম।