
৫ জানুয়ারির নির্বাচন প্রতিহতের নামে জামায়াত-শিবিরের আক্রোশের আগুনে পুড়ল সাতকানিয়া উপজেলার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান। অবকাঠামো, আসবাব ও বইসহ পুড়ে যাওয়া এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি ৫০ লাখ টাকা ছাড়িয়ে যাবে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রায় ৮০০ শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত হবে কমপক্ষে এক মাস।
অন্যদিকে ভোটের আগের রাত ও ভোটের দিনগত রাতে লোহাগাড়ায় হিন্দুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এলাকার সংখ্যালঘুদের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে।
সাতকানিয়া: নির্বাচনের আগে ৪ এবং ৫ জানুয়ারি উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাদ্রাসা ও একটি বালিকা উচ্চবিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাপক ক্ষতি হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। উপজেলা শিক্ষা কর্মকর্তা রাখাল চন্দ্র পাল জানান, ভোট প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার উদ্দেশ্যে ভোটবিরোধী দুর্বৃত্তরা বিদ্যালয়গুলোতে আগুন দেয়।
ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো গারাঙ্গিয়া-সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজি সৈয়দ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য এওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢেমশা বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গরিবারঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদার্শা সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চূড়ামণি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এওচিয়া শহিদ জামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপনগর-সুইপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর-পশ্চিম গাটিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছদাহা আদর্শ মহিলা মাদ্রাসা, হাজি লক্ষ্মী বিবি দাখিল মাদ্রাসা ও এওচিয়া বালিকা উচ্চবিদ্যালয়।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয় এবং সংশ্লিষ্ট বিদ্যালয়প্রধানেরা জানান, ২ জানুয়ারি বই উৎসবের মাধ্যমে শ্রেণীর কাজ শুরু হয়েছিল। কথা ছিল নির্বাচনের পরের দিন পুরোদমে শ্রেণীর কাজ শুরু হবে। কিন্তু বর্তমানে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের বেঞ্চ, আসবাব, শ্রেণীকক্ষ ইত্যাদি মেরামত করতে প্রায় এক মাস সময় লাগবে। তা-ও পর্যাপ্ত অর্থ বরাদ্দসাপেক্ষ। এ ছাড়া নতুন বই পেতেও কিছুদিন অপেক্ষা করতে হবে। তাই এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে শ্রেণীর কাজ শুরু করতে অন্তত এক মাস সময় লাগবে।
সরেজমিন আজিমপুর, ঢেমশা বড়ুয়াপাড়া ও হাজি সৈয়দ হোছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এওচিয়া বালিকা উচ্চবিদ্যালয় ঘুরে দেখা গেছে, বিদ্যালয় ভবনের ভেতরে-বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া বেঞ্চ, আসবাব, বই-খাতা, কম্পিউটার, প্রজেক্টরসহ নানা বৈদ্যুতিকসামগ্রী।
এওচিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আকতার প্রথম আলোকে বলেন, ‘আগুনে আমার বিদ্যালয়ে শ্রেণীকক্ষসহ পাঁচটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। বিষয়টি পরিচালনা কমিটির মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
ঢেমশা বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন বলেন, ‘ভোটের আগের রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আমার স্কুলের দরজা-জানালার ব্যাপক ক্ষতি হয়েছে। ভোটের দিন ভাঙচুর হয়েছে আসবাবপত্র। এ অবস্থায় শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারবে না।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরিফ বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মেরামত, আসবাব তৈরি ও নতুন বই পেতে কিছুটা সময় লাগবে। পুড়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতি ৫০ লাখ টাকার কাছাকাছি হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা।
জানতে চাইলে সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঁইয়া বলেন, ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টির জন্য জামায়াত-শিবিরের কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে। কয়েকটি ঘটনায় মামলা হয়েছে। আরও মামলার প্রক্রিয়া চলছে।
লোহাগাড়া: নির্বাচনকে ঘিরে লোহাগাড়ায় হিন্দুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। ভোটের আগের গভীর রাতে পদুয়া ইউনিয়নের রুদ্রপাড়ায় ফনিদ্র রুদ্রের বাড়িতে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। একই সঙ্গে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য এলাকায় প্রচারপত্র বিলি করা হয় উপজেলা নির্বাচন প্রতিরোধ কমিটির নামে। ওই রাতে উত্তর কলাউজানের ননী গোপাল দাসের ভাড়ায় দেওয়া একটি চা-দোকান, একটি সেলুন ও আওয়ামী লীগ কার্যালয় পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। চা-দোকানি স্বপন কান্তি দাশ বলেন, ‘এই দোকানের আয় দিয়েই আমার চার সদস্যের পরিবারের ভরণ-পোষণ চলত। এখন সব পুড়ে শেষ হয়ে গেল।’
এদিকে ভোট শেষে হিন্দুরহাট এলাকায় ৫০-৬০ জনের একদল দুর্বৃৃত্ত মিছিল নিয়ে সুখেন্দু দাশের মিষ্টির দোকান ও পার্শ্ববর্তী সংখ্যালঘুর দুটি ওষুধের দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। মিছিলকারীরা যাওয়ার সময় স্থানীয় একটি মন্দিরে ভাঙচুরের চেষ্টা চালালে স্থানীয় জনতার প্রতিরোধে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীনিবাস দাশ জানান, হিন্দুরহাটে ঘটনার পর পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এসব ঘটনার পর থেকে বড়হাতিয়া, কলাউজান, চরম্বা, আমিরাবাদ ও পদুয়া এলাকায় সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
কলাউজানে ৭ জানুয়ারি সব ধর্মের লোকজন নিয়ে একটি শান্তি সমাবেশ করা হয়েছে। লোহাগাড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি সুভাষ নাথ এ ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, জামায়াত-শিবিরের কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।