যত খাই আরও চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

বিশেষ কোনো দিন। বিশেষ কোনো ক্ষণ। মনে হয়, সবাই মিলে রেস্তোরাঁয় খাওয়া যেতেই পারে। হয়তো ঢুকলেন কোনো বুফে রেস্তোরাঁয়। একটু আয়েশ করে, জমিয়ে খেতে এলেও কখনো কখনো পড়ে যেতে হয় বিব্রতকর পরিস্থিতিতে। গাঁটের পয়সা খরচ করে খাওয়া, সেখানে বিব্রত হতে হবে কেন? এ তো ভারি অদ্ভুত কথা! কেননা, অনেকে খাবার পরিবেশনের সঙ্গে সঙ্গে হুড়মুড় করে ছুটে যান। লাইন ধরার কোনো বালাই নেই, সে নাহয় মেনে নেওয়া গেল; কিন্তু যখন দেখা যায়, পছন্দের খাবারটা তলানিতে, তখন তো খারাপ লাগতেই পারে। বিরক্তিটা আরও বাড়ে, যখন দেখা যায়, পাশের কেউ একজন প্রচুর খাবার নিয়ে খানিকটা খেয়ে আর সব ফেলে রেখে যান। তিনি ইচ্ছামতো খাবার নষ্ট না করলে হয়তো অন্য একজন খাবারটা খেতে পারতেন।
ব্যাটন রুজের রেস্টুরেন্ট ব্যবস্থাপক কামরুল হাসান বলেন, প্রতিদিনই প্রচুর খাবার নষ্ট হয়ে যায় শুধু অসচেতনতার জন্য। এখানে বসে যতটা পারেন, খেতে পারেন; কিন্তু প্লেটে খাবার নিয়ে নষ্ট করা একদমই কাম্য নয়। খাওয়ার সময় গ্রাহককে আমরা এ সম্পর্কে বলতেও পারি না। তিনি হয়তো ব্যাপারটা ভালোভাবে নেবেন না। তাই এখানে শুধু লিখে রাখা হয়, ‘প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড’। এ ছাড়া আমাদের জানতে হবে, কোন খাবারে সঙ্গে খেতে হবে কোনটি। আর বুফেতে নানা পদের খাবারের আয়োজন থাকে। তাই প্রথমেই ঠিক করে নিতে হবে কোন খাবারটি খাবেন। ইতালির একটা খাবারের সঙ্গে চায়নিজ কোনো খাবার মিলিয়ে খেলে কিন্তু খাবারের স্বাদটাই নষ্ট হবে। তাই তো বাইরে খাওয়ার সময় জেনে-বুঝে নিজে যতটুকু খেতে পারবেন, ততটুকুই খান।
শুধু কি রেস্তোরাঁ, বিয়েবাড়িতেও অনেক সময় এ ধরনের ঘটনা দেখা যায়। টেবিলে জনপ্রতি খাবার দেওয়া হয়েছে, কিন্তু একজন হয়তো মুরগির দুটি রোস্ট নিয়ে নিলেন। আবার মোরগ-পোলাও বা কাচ্চি বিরিয়ানি থেকে শুধু মাংসের টুকরাটুকু নিয়ে নিলেন, যা মোটেই ঠিক নয়। যদি কেউ দুটি খেতে চান, তাহলে সবাই নিয়ে নেওয়ার পর বাড়তি মাংস থাকলে, কেউ খাবে কি না, জিজ্ঞাসা করে তারপর নিতে পারেন। এই চর্চা বাড়ির খাওয়ার টেবিলেও থাকা উচিত। নিজের পছন্দের মাংসের টুকরাটি আগে নিতে হবে—এই চিন্তা ঝেড়ে ফেলে সবার সঙ্গে ভাগ করে খেতে হবে। দেখবেন, সবার তৃপ্তি দেখলে নিজেরই কত ভালো লাগছে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মেখলা সরকার বলেন, বাড়িতে শিশুরা, কখনো কখনো বড়রাও নিজের মতো করে খেয়ে নেন। শেষে দেখা যায়, হিসাব করা খাবারে কম পড়ছে। পুরো সমস্যা সবার সামনে না বলে আলাদা করে বুঝিয়ে বলুন। শিশুদেরও সবার সঙ্গে মিলেমিশে খাবার খেতে উৎসাহিত করুন। তাকে বুঝিয়ে বলায় তার আচরণগত পরিবর্তন এলে প্রশংসাও করতে হবে। খাবার নষ্ট না করে সবাই মিলে ভাগ করে খাওয়া চমৎকার একটা ব্যাপার। আর তাই এই অভ্যাসই আমাদের গড়ে তুলতে হবে।