অস্ট্রেলিয়া মানে ক্যাঙারুর দেশ। ছোটবেলা থেকে বইপত্র আর টিভিতে দেখে এসেছি ক্যাঙারুকে। সামনাসামনি দেখার সুযোগ মিলেছে এবারের ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিকস আয়োজনে। অস্ট্রেলিয়া চিড়িয়াখানায় দেখতে পাই এই ভদ্র রোমশ প্রাণীটিকে!ইনফরমেটিকস অলিম্পিয়াড হলো প্রাক- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতা। এবারের আয়োজন ছিল ২৫তম। এতে বাংলাদেশের দলের হয়ে চিটাগং গ্রামার স্কুলের বৃষ্টি শিকদার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ধনঞ্জয় বিশ্বাস, খুলনার এম এম সিটি কলেজের হাছিব আল মুহাইমিন ও বিএএফ শাহীন কলেজ থেকে আমি লাবিব মো. রশিদ অংশ নিই। এ ছাড়া আমাদের সঙ্গে বাংলাদেশ দলের টিম লিডার মাহবুবুল হাসান ও ডেপুটি লিডার অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।গত ৬ থেকে ১৩ জুলাই অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডে বসেছিল অলিম্পিয়াডের এই আয়োজন। বাংলাদেশসহ সব মিলিয়ে ৮০টি দেশের ৩১৫ জন শিক্ষার্থী অংশ নেয় এই প্রতিযোগিতায়। এ সময় ব্রিসবেনের আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতোই। ৭ তারিখ ছিল উদ্বোধনী অনুষ্ঠান। আর জুলাইয়ের ৮ ও ১০ তারিখ ছিল আমাদের পরীক্ষা। পরীক্ষা ছাড়া বাকি সব দিনই ছিল আমাদের ঘোরাঘুরি। আমাদের দল বেঁধে সানশাইন কোস্ট নামের সমুদ্রতীরে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশের মতোই ছিল সমুদ্রতীর। নানা ধরনের সামুদ্রিক প্রাণী দেখানোর জন্য আমাদের আন্ডারওয়াটার ওয়ার্ল্ড অ্যাকুরিয়াম দেখতে নিয়ে যাওয়া হয়। মসলাবিহীন খাবারে একটু বিড়ম্বনা হলেও বিদেশি প্রতিযোগীদের সঙ্গে আমাদের কথা বলা, গল্প বলার সুযোগ ছিল অনেক। অস্ট্রেলিয়ার মূল ইনফরমেটিকস দলে বাংলাদেশি বংশোদ্ভূত একজন প্রতিযোগী ছিল। তার নাম ইশরাক হুদা। ১১ তারিখে শিক্ষার্থীদের সবাইকে নিয়ে যাওয়া হয় অস্ট্রেলিয়া চিড়িয়াখানায়। কী ছিল না সেখানে! আমাদের পরিচিত সুমাত্রান টাইগার থেকে শুরু করে অস্ট্রেলীয় ক্যাঙারু, গন্ডার, কচ্ছপ, নানা প্রকারের সাপসহ আরও অনেক প্রাণী। বেশ ছোটাছুটি করে প্রতিযোগী দলগুলো চিড়িয়াখানায়। এ ছাড়া ছিল রাতের বেলা বিভিন্ন দেশের প্রতিযোগীদের নিয়ে ট্যালেন্ট শো আর মুভি দেখার সুযোগ।১২ জুলাই বসেছিল প্রতিযোগিতার সমাপনী আয়োজন। প্রতিযোগিতায় ৫৬৯ স্কোর নিয়ে প্রথম হয় চীনের লিজিয়ে চেন। বাংলাদেশের প্রতিযোগীদের মধ্যে একমাত্র ব্রোঞ্জপদক লাভ করে ধনঞ্জয় বিশ্বাস। ৩০৬ স্কোর নিয়ে সব প্রতিযোগীর মধ্যে ধনঞ্জয়ের অবস্থান ছিল ১০৪তম। বাকিদের মধ্যে বৃষ্টি শিকদার ১৭১তম, হাছিব আল মুহাইমিন ২৪০ এবং আমি ১৮১তম স্থান লাভ করি। ব্রোঞ্জজয়ী ধনঞ্জয় বলে, ‘বিভিন্ন সমস্যার সমাধান আরেকটু মাথা খাটালে প্রতিযোগিতায় আরও ভালো করার সুযোগ ছিল। তার পরেও গতবারের চেয়ে এবার আমার ব্যক্তিগত নম্বর বেড়েছে বলে আমি খুশি।’ এবারই প্রথম আইওআইতে অংশ নিই আমি ও হাছিব। তাই পরীক্ষার চেয়ে প্রথমবার অংশ নেওয়ার অনুভূতি ছিল বেশ। কম্পিউটার বিজ্ঞানের সম্মানজনক প্রতিযোগিতাগুলোর অন্যতম এটি। এই প্রতিযোগিতায় বাংলাদেশ ২০০৬ থেকে অংশগ্রহণ করছে। এবারের আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় ছিল পিএইচপি গ্রুপ। এ বছর বিভাগীয় পর্যায়ের অলিম্পিয়াডে ১৫৬ জন অংশ নেয়। জাতীয় ইনফরমেটিকস অলিম্পিয়াড ও ট্রেনিং ক্যাম্প থেকে সেরা চারজন প্রতিযোগীকে নির্বাচিত করে বাংলাদেশ ইনফরমেটিকস অলিম্পিয়াড কমিটি।