যত দোষ ওই ফেসবুকের!

ফেসবুকের হাজারো দরকারি উপকারিতা বের করা যাবে, কিন্তু একেবারে সমস্যাবিহীন কিন্তু নয়। এ যেমন ঘুম না হওয়ার জন্যই দায়ী ফেসবুক। মার্কিন গবেষকেরা বলছেন, ঘুমানোর সময় মোবাইল ফোন আর ফেসবুক ব্যবহার করলে ঘুমের সমস্যা হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভিনের গবেষকেরা দাবি করেছেন, ঘুমের ঘাটতির সঙ্গে অনেক বেশি সময় ধরে অনলাইন ব্রাউজিং আর ফেসবুকের মতো সামাজিক ওয়েবসাইটের ব্যবহারের সম্পর্ক রয়েছে।
ঘুমের সময় ইন্টারনেটের ব্যবহার ওপর কতটা প্রভাব ফেলে তা জানতে ৭৬ জন শিক্ষার্থীর ওপর এক সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করেন গবেষকেরা। তাঁরা দেখেন, যথেষ্ট ঘুম না হলে মানুষের মন সহজে বিক্ষিপ্ত হয় এবং তাদের মনোযোগ বিভিন্ন কম্পিউটার স্ক্রিন ও অ্যাপের ওপর ঘুরে বেড়ায়।
গবেষকেরা লগইন সফটওয়্যার ও সেন্সর ব্যবহার করে গবেষণায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহার সংক্রান্ত তথ্য, আচরণ, সক্রিয়তা ও মানসিক চাপের বিষয়টি বিশ্লেষণ করেন। পরে তাঁদের ঘুম সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর সংগ্রহ করা হয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মে মাসে অনুষ্ঠিতব্য কম্পিউটার-হিউম্যান ইন্টারঅ্যাকশন (সিএইচআই) সম্মেলনে এ গবেষণার ফল উপস্থাপন করা হবে।
প্রধান গবেষক গ্লোরিয়া মার্ক বলেন, ‘যখন ঘুম কম হয়, তখন বেশি মনোযোগ বিঘ্ন হওয়ায় ঝুঁকি থাকে। যখন মনঃসংযোগ থাকে না তখন মানুষ কী করে? তখন মানুষ ফেসবুকে যায়। এটি সহজ, হালকাবোধ করার বিষয়, কিন্তু আরও বেশি ক্লান্ত হয়ে পড়ে মানুষ।’
ঘুমের ওপর প্রযুক্তির প্রভাব নিয়ে এর আগেও অনেক গবেষণা হয়েছে। গত মাসে ‘চাইল্ড নিউরোলজি’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে গবেষকেরা বলেছেন, রাতে যেসব তরুণ-তরুণী বাতি নিভিয়ে ঘুমের আগে বার্তা আদান প্রদান করতে থাকে তারা পরীক্ষায় খারাপ ফল করে।
সূত্র: এএফপি।