মুহম্মদ জাফর ইকবাল সমীপেষু বিভাগে অসংখ্য চিঠি ও ই-মেইল এসেছে। জীবন-জীবিকা, লেখাপড়া, স্বপ্ন—এসব বিষয় নিয়েই কেবল প্রশ্ন আসেনি, বিচিত্র সব প্রশ্ন এসেছে তরুণদের কাছ থেকে। সেসব থেকে অল্প কটারই জবাব দেওয়া গেল এ সংখ্যায়। ভবিষ্যতে ছাপা হবে আরও। আমি আপনার সঙ্গে সমাজসেবামূলক কাজে অংশ নিতে চাই। এটা কীভাবে হতে পারে?মনির হোসেনপশ্চিম পাইকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া[email protected]তুমি এখন যেখানে আছ সেখানেই যদি সমাজসেবামূলক কাজ শুরু করে দাও, তাহলেই আমি ধরে নেব তুমি আমার সঙ্গে কাজ করছ। যদি কখনো সত্যি সত্যি বড় ধরনের সমাজসেবামূলক কাজের সুযোগ আসে, তাহলে নিশ্চয়ই তোমাদের সবাইকে সেখানে নিতে হবে। আপনাকে আমার ...মতো মনে হয়। আমি আপনার মতো ভালো মানুষ হতে চাই। আমি একাদশ শ্রেণীতে পড়ছি। আমার জন্য আপনার পরামর্শ কী?সুপ্রভা বিশ্বাস, ঠাকুরগাঁও।আমাকে তোমার কিসের মতো মনে হয়, সেটা ইচ্ছে করে কেটে দিলাম—তাহলে প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়! আমার মতো ভালো মানুষ হওয়া খুবই সোজা, তুমি হয়তো এখনই আমার মতো কিংবা আমার চেয়ে ভালো মানুষ আছ। (ভালো মানুষ তো কষ্ট করে হতে হয় না, সবাই তো ভালো হয়েই জন্মায়, থেকে গেলেই হয়!) তবে আমি একটা বিষয় আবিষ্কার করেছি, নিজের জন্য অনেক বড় কিছু করে যেটুকু আনন্দ হয়, তার চেয়ে অনেক বেশি আনন্দ হয় অন্যের জন্য ছোট থেকেও ছোট কোনো কাজ করে। তুমি যদি এর মধ্যে এটা আবিষ্কার করে না থাক—চেষ্টা করে দেখো। আমাদের দেশের জনসংখ্যা দিনের পর দিন বাড়ছে। কিন্তু মনে হয় আমরা এটা নিয়ে এখনো উদ্বিগ্ন নই। জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে আমাদের কী করা উচিত?সজীব, চুয়েট, চট্টগ্রাম[email protected]অন্যদের কথা জানি না, আমি কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন। পৃথিবীতে যত মানুষ আছে, তার ৪০ ভাগের এক ভাগ মানুষ থাকে বাংলাদেশে, অথচ পৃথিবীতে যত জমি আছে, তার মাত্র এক হাজার ভাগের এক ভাগ হচ্ছে বাংলাদেশ। দেশের মানুষকে লেখাপড়া শেখালেই তারা বিশাল সম্পদ হতে পারে, কিন্তু মানুষের সংখ্যা বেশি হওয়ার জন্য সেটা করাও বিশাল বড় চ্যালেঞ্জ। জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য পরিকল্পনা করে একটা পরিবার তৈরি করতে হয়, লেখাপড়া জানা মানুষ নিজেরাই সেটা জেনে যায়। অন্যদের বোঝাতে হয়, সে জন্য পরিশ্রম করতে হয়। আশা করছি, সরকারের সঙ্গে সঙ্গে দেশের মানুষও সেই পরিশ্রম করবে। আমি এবার বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করলাম। কোন পথে এগোলে আমি জ্যোতির্বিদ্যা নিয়ে পড়াশোনা ও পরে গবেষণা করতে পারব?ফাহাদ ইসলাম, ঢাকা কলেজ।আপাতত কোনো বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়া। আন্ডার গ্র্যাজুয়েট শেষ করে গ্র্যাজুয়েট প্রোগ্রামে যাওয়ার পরই আসলে সত্যিকার গবেষণার সুযোগ পাওয়া যায়, তাই তোমাকে ধৈর্য ধরে সে পর্যন্ত যেতে হবে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। লেখালেখি আমার শখ, পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসে সাংবাদিকতা করি। ভবিষ্যতে আমি একজন সাহিত্যিক হতে চাই। আমি কীভাবে এগোব?এস এম নাদিম মাহমুদরাজশাহী বিশ্ববিদ্যালয়[email protected]অবশ্যই অনেক বেশি বই পড়ে। আমি আগেই বলেছি, যে যত বেশি বই পড়বে, সে তত বেশি ভালো লিখবে। লেখালেখি করা কিন্তু যথেষ্ট পরিশ্রমেরও ব্যাপার, তোমাকে সে জন্যও প্রস্তুত থাকতে হবে। বিশ্বাস করুন আর না-ই করুন, আমার প্রিয় বিষয় কী তা আমি নিজেই জানি না। কিন্তু এটা ঠিক যে বিজ্ঞানের বিষয়গুলো আমার ভালো লাগে। আমার জন্য পরামর্শ কী? ফারিবা ইসলাম[email protected]বিজ্ঞানের বিষয় পড়তে থাকো! (তুমি কত বড় অনুমান করতে পারলাম না, তাই এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না)। স্যার, আপনি কি এখনো আপনার ভাইয়ের ডায়েরি থেকে ডেটা পাচার করেন? এই যেমন ‘আজ দেখা পাই নাই, আর এক দিন আসিলেই মরিতে হইবে।’ এটা এক ডজন স্কুল বই থেকে নেওয়া।সৈকত[email protected]না। এখন আর করি না। মনে হয়, সে জন্যই জীবনে আর ডায়েরি লেখা হলো না। আপনি কীভাবে বড় লেখক হলেন? আমি বড় লেখক হতে চাই। আমি আপনার কাছ থেকে পরামর্শ চাই।পলক রহমান বারিধারা, ঢাকা।সোজাসুজি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলে স্বীকার করে নেওয়া হয় যে আমি আসলেই ‘বড় লেখক’, তাহলে যাঁরা সত্যিকারের বড় লেখক আছেন তাঁদের একটু অসম্মান করা হয়। আমি আসলে বড় লেখক নই, বলতে পার আমি তোমাদের মতো কম বয়সী পাঠকদের হয়তো খানিকটা প্রিয় লেখক! তবে বড় লেখক হতে চাইলে কী করতে হয় সেটা নিয়ে খানিকটা পরামর্শ হয়তো দিতে পারি। বড় লেখকদের আসলে প্রথমে বড় মনের মানুষ হতে হয়। চতুর কিংবা কৌশলী হয়ে জনপ্রিয় কিংবা চটকদার লেখা সম্ভব হতে পারে, কিন্তু শুধু বড় মনের মানুষই সত্যিকারের সাহিত্য লিখতে পারে। তবে লেখার মান বাড়ানোর একটা খুব সহজ উপায় আছে, সেটা হচ্ছে পড়া। পড়া পড়া এবং পড়া—যে যত বেশি পড়বে, সে তত ভালো লিখবে।