যত শত্রুতা গাছের সঙ্গে!
পড়ে আছে সারি সারি কাটা পেঁপেগাছ। ফলসহ গাছের মাথা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ১৭ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ায় পূর্ব বড়ভেওলায় এলকায় এ ঘটনা ঘটে। এদিকে একই অবস্থা পটিয়ার কেলিশহরেও। পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা কেটে ফেলেছে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০ গাছ। এ ঘটনা ঘটে ১৮ সেপ্টেম্বর।
চকরিয়া: কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বুড়িপাড়া এলাকার চাষি মো. আলাউদ্দিনের (৩০) বাগানের অন্তত দেড় শতাধিক পেঁপেগাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আলাউদ্দিন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
আলাউদ্দিন জানান, আট মাস আগে জমির আইলে আড়াই লাখ টাকা পুঁজি খাটিয়ে সাড়ে ৪০০ পেঁপেগাছের চারা লাগান। যথারীতি ফলও এসেছে। ১০ থেকে ১২ দিন পর তিনি বিক্রিও শুরু করতেন। কিন্তু দুর্বৃত্তরা দেড় শ পেঁপেগাছ কেটে নষ্ট করে দিয়েছে।
আলাউদ্দিন বলেন, ‘কারও যদি শত্রুতা থাকে, তাহলে আমার সঙ্গে রয়েছে। কিন্তু গাছ কী দোষ করল বুঝতে পারছি না।’
চকরিয়া উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ‘এভাবে কোনো ফলদ গাছ কেটে দেওয়া দুঃখজনক। বিষয়টি আমাদের জানানো হয়েছে। পরিদর্শনের পর ক্ষয়ক্ষতি নিরুপণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
পটিয়া: পটিয়ার কেলিশহরের খিল্লাপাড়া পাহাড়ি এলাকায় পূর্বশক্রতার জের ধরে খামারি নাজিম উদ্দিনের বাগানের বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০ চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এই ব্যাপারে নাজিম উদ্দিন বাদী হয়ে পটিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পশ্চিম ডেঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।
সরেজমিনে দেখা গেছে, খামারে বিভিন্ন স্থানে পড়ে আছে কাটা গাছ। এসব গাছের মধ্যে রয়েছে পেঁপে, কুল ও আম।
নাজিম উদ্দিন জানান, কেলিশহর খিল্লাপাড়া পূর্ব পাহাড়ে ‘আল হেরামাইন ডেইরি, ফিস, পোলট্রি ও কৃষি খামারে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করে বাগান করেছেন তিনি। খামার করার পর থেকে এলাকার কয়েকজন ব্যক্তি তাঁকে ও তাঁর তত্ত্বাবধায়ককে হুমকি দিয়ে আসছে। এ কারণে ঘটনাটি ঘটাতে পারে বলে তিনি মনে করেন। এতে তাঁর প্রায় এক লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ প্রসঙ্গে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীন ভূঁইয়া বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষী ব্যক্তিদের খুঁজে বের করা হবে।