>খবর: বিশ্বের মধ্যে মোটা চালের দাম এখন বাংলাদেশেই সবচেয়ে বেশি। বেড়েছে সব ধরনের মাঝারি ও সরু চালের দামও। ফলে স্বস্তিতে নেই সীমিত আয়ের মানুষ। চার-পাঁচ সদস্যের একটি পরিবারে কেবল চাল কেনার পেছনেই খরচ বেড়েছে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। প্রধান খাদ্যের দাম বাড়ায় রিকশা ভাড়া বেড়েছে, কর্মজীবী মানুষকে বাইরে খেতে বাড়তি খরচ গুনতে হচ্ছে। (সূত্র: প্রথম আলো, ৮ জুন ২০১৭)

নিয়মিত ভাত খেলে ভ্যাট দিতে হবে
রস+আলো ডেস্ক
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই দিনে যারা নিয়মিত তিন বেলা ভাত খায়, তারা অবশ্যই ধনী। সুতরাং নিয়মিত ভাত খাওয়ার ওপর ১৫% ভ্যাট দেওয়া তাদের নৈতিক দায়িত্ব। ভ্যাট দিয়ে সচেতন নাগরিক হিসেবে নিজেদের প্রমাণ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিমানবন্দরে দুই বস্তা চালসহ প্রবাসী আটক
নিজস্ব প্রতিনিধি
গতকাল রোববার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে তল্লাশি করে দুই বস্তা চাল পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আমদানিকারক প্রবাসী গোপনে চাল নিয়ে এসেছিলেন। নিরাপত্তারক্ষীরা বলেন, ‘তাঁকে দেখেই আমাদের সন্দেহ হয়েছিল। তল্লাশি করার সময়ও বারবার বলছিলেন, “আমি কোনো স্বর্ণ আনিনি”।’ আটককৃত প্রবাসী জানান, ‘দেশ থেকে ফোনে কইছিল, দেশে চালের দাম আকাশ সমান। তাই বিদেশ থেকেই আমদানি করছিলাম। আত্মীয়স্বজনরে চকলেটের বদলে পাঁচ কেজি কইরা চাল গিফট দিমু ভাবছিলাম। একি মোর অপরাধ?’ শেষ খবর পাওয়া পর্যন্ত ওই প্রবাসী চালসহ বিমানবন্দর পুলিশের হেফাজতে আছেন বলে জানা যায়।

শাবানার কান্না থামাবে কে?
বিনোদন ডেস্ক
৪৯ টাকা দরে মোটা চালের কেজি হওয়ায় ভাত পাচ্ছেন না শাবানা! ভাতের জন্য এদ্বার-ওদ্বার ঘুরেও জুটছে না দুমুঠো ভাত! ভাতের বিকল্প হিসেবে অনেকেই অনেক কিছু দিতে চাইলেও শাবানার একটাই চাওয়া—ভাত। ‘ভাত দে, ভাত দে’ বলে কান্নাকাটিও নাকি করছেন ঢালিউডের অন্যতম সেরা এই অভিনেত্রী! তবে পাঠক, এটা আসলে ভাত দে সিনেমার গল্প। বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সিনেমাটির প্রযোজনা সংস্থা চিন্তা করছে নতুন কিছু। আবারও সিনেমা হলে ভাত দে নিয়ে আসার পরিকল্পনা করছে খুব শিগগির। সিনেমাটি থ্রিডি ভার্সনেও দেখানো হতে পারে বলে জানিয়েছে তারা।