নগরে সবে সন্ধ্যাবাতি জ্বলেছে। তপ্ত দিনের শেষে ক্লান্ত প্রকৃতি। আর তখন হাটখোলা গ্যালারিতে শ্রোতাদের কবিতার মায়াজালে বন্দী করে অন্যরকম ভালো লাগা ছুঁয়ে দিচ্ছিলেন আবৃত্তিশিল্পী আয়েশা শিমু। ‘যতই ওপরে উঠি নীল’ শিরোনামের এই আয়োজনে শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো শোনেন কবিতা। ১ এপ্রিল অনুষ্ঠিত হয় এই কাব্যসন্ধ্যা।
স ম বখতিয়ারের সঞ্চালনায় আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য দেন কবি ইউসুফ মুহম্মদ। এরপর শিমু শুরু করেন ‘আমার পরিচয়’ কবিতাটি দিয়ে। একের পর এক চলতে থাকে পরিবেশনা। আবৃত্তির ফাঁকে ছিল কথামালার আয়োজন। এতে অংশ নেন কবি বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, অধ্যাপক মাহবুবুল আলম, অধ্যক্ষ আনোয়ারা আলম, রীতা দত্ত, সাংবাদিক সিদ্দিক আহমেদ, ইয়াসমিন ইউসুফ, অভীক ওসমান ও আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত।
শিমুর সব পরিবেশনা রেখাপাত করে দর্শকদের মনে। উল্লেখযোগ্য ছিল ‘নীলকণ্ঠ’, ‘দুই পাখি’, ‘সেই মেয়ে’, ‘মেঘ বলল যাবি’, ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’, ‘লাল-নীলের আখ্যান’ শিরোনামের কবিতাগুলো। হুমায়ুন আজাদের ‘আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য’ কবিতা পরিবেশনের মাধ্যমে শেষ হয় কাব্যিক এই সন্ধ্যার।
অনুষ্ঠানে আসা আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলাম বলেন, ‘কবিতাসন্ধ্যাটি বেশ ভালো লেগেছে। একটু আশ্চর্য হয়েছি শিল্পী এতগুলো কবিতা কোনো স্ক্রিপ্ট না দেখে সাবলীলভাবে উপস্থাপন করেছেন দেখে। এতগুলো কবিতা আত্মস্থ করতে পারাটা সত্যি কষ্টসাধ্য।’