যতসব দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অিতরিক্ত দুশ্চিন্তার প্রভাব শরীরে পড়ে। মডেল: শশী, ছবি: অধুনা
অিতরিক্ত দুশ্চিন্তার প্রভাব শরীরে পড়ে। মডেল: শশী, ছবি: অধুনা

আজ পরীক্ষা, কাল অফিসের ঝামেলা, সন্তানের জন্য দুশ্চিন্তা। এর যেন কোনো শেষ নেই। কোনো কোনো ক্ষেত্রে এই দুশ্চিন্তা বস্তুটিই আপনাকে দায়িত্বশীল করে তুলতে সহায়তা করে! কিন্তু অবশ্যই মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা নয়। আপনার বিভিন্ন মানসিক ও শারীরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই অতিরিক্ত দুশ্চিন্তা। তাই যত দ্রুত সম্ভব এ সমস্যা কাটিয়ে ওঠা উচিত। কিন্তু কী করে এর হাত থেকে রেহাই মিলবে?

কেন এই অতিরিক্ত দুশ্চিন্তা?

ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক কাউন্সেলর মরিয়ম সুলতানা। বর্তমানে তিনি কাজ করছেন অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের কাউন্সেলর হিসেবে। মাত্রাতিরিক্ত দুশ্চিন্তার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘দুশ্চিন্তা একটি স্বাভাবিক বিষয়। সবার ক্ষেত্রেই কমবেশি এ সমস্যা দেখা দেয়। তবে সমস্যা প্রকট আকার ধারণ করে তখনই যখন কেউ সামান্য কারণেই চিন্তাগ্রস্ত হয় পড়ে।’

কেন এমনটি হয়? এর উত্তরে মরিয়ম সুলতানা জানান, ‘স্ট্রেস কিংবা দুশ্চিন্তা আসলে দুই ধরনের হয়। শর্ট বা মৃদু ধরনের এবং লং বা তীব্র। মৃদু দুশ্চিন্তাই অনেক সময় তীব্র আকার ধারণ করতে পারে। আমাদের শরীরে কারটিসল নামে এক ধরনের হরমোন রয়েছে। এ হরমোনের পরিমাণ যত বাড়বে দুশ্চিন্তার পরিমাণও তত বাড়বে।’ সাধারণত একাকিত্ব, পারিবারিক সমস্যা, সব ক্ষেত্রে সফল হওয়ার অভিপ্রায় এবং জিনগত কারণে মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা হয়ে থাকে।

দুশ্চিন্তার যত বিপত্তি

প্রবাদ আছে, ‘একবেলা আহার না পেলে মানুষ যতটা ভেঙে পড়ে তার চেয়ে দ্বিগুণ ভেঙে পড়ে দুশ্চিন্তাগ্রস্ত হলে।’ মানসিক সমস্যা তো রয়েছেই, সেই সঙ্গে শারীরিক বিভিন্ন সমস্যাও দেখা দেয়।

lঅতিরিক্ত মানসিক চাপে আপনার ‘টেনশন হেডেক’ বা অতিরিক্ত মাথাব্যথা দেখা দিতে পারে। কিশোর-কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের অধিকাংশেরই এই সমস্যা হয়ে থাকে। এর ফলে কপাল, ঘাড় ও চোখে প্রচণ্ড ব্যথা হয়। কখনো এর প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। যাদের মাইগ্রেন বা সাইনাসের সমস্যা রয়েছে, অতিরিক্ত দুশ্চিন্তা তাদের জন্যও ক্ষতির কারণ।

lদুশ্চিন্তার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার মস্তিষ্কও। যখন অতিরিক্ত দুশ্চিন্তা করছেন তখন আপনার শরীরে কারটিসল হরমোনের পরিমাণ বেড়ে যায়। ফলে আপনার মস্তিষ্কের স্মৃতিভ্রষ্টতা, বুদ্ধিবৈকল্য দেখা দিতে পারে।

lহৃদ্‌রোগের একটি প্রধান কারণ অতিরিক্ত দুশ্চিন্তা। সুস্থ থাকার একটি উপায় হলো হাসিখুশি থাকা। কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা আপনার প্রাণবন্ত জীবন নষ্ট করে দেয়। আর ক্ষতিগ্রস্ত হয় আপনার হার্ট।

lউচ্চ রক্তচাপ, ক্ষুধা, নিদ্রাহীনতা এমনকি বহুমূত্র রোগের অন্যতম উপসর্গ হলো মানসিক চাপ। কারটিসল হরমোনের তারতম্য এর জন্যও দায়ী।

lএ তো গেল শারীরিক নানা সমস্যা। এবার আসা যাক মানসিক সমস্যার দিকে। দুশ্চিন্তার কারণে আমাদের মনের ওপর প্রভাব পড়ে সবচেয়ে বেশি। খিটমিটে মেজাজ, অল্পতেই বিষণ্ন হওয়া, অল্পতেই রেগে যাওয়া, অভিমান, হতাশার মতো অনেক ধরনের মানসিক সমস্যা দেখা দিতে পারে শুধু দুশ্চিন্তার কারণে।


মরিয়ম সুলতানা জানান, সাধারণত কিশোরদের মধ্যে এসব সমস্যা বেশি প্রকট হয়ে দেখা দেয়। আর প্রাপ্তবয়স্কদের মধ্যে উপসর্গগুলো বোঝা যায় ধীরে ধীরে।

এর থেকে পরিত্রাণের উপায়

অতিরিক্ত দুশ্চিন্তার এত যখন সমস্যা, তাহলে শুধু শুধু কেন নিজের ক্ষতি করা? আজই ঝেড়ে ফেলুন যত মানসিক চাপ। অনেকেরই ধারণা, অল্প সময়ে এর সমাধান সম্ভব নয়। এটা ঠিক নয়। এমনটিই মনে করেন কাউন্সেলর মরিয়ম সুলতানা। কিছু উপায় নিয়মিত মেনে চললে দুশ্চিন্তা থেকে মিলবে মুক্তি!

পছন্দের মানুষের সঙ্গে থাকুন

বন্ধু, পরিবার বা প্রিয় মানুষের সঙ্গে সময় কাটান। কেননা এই মানুষই আপনাকে চেনে সবচেয়ে বেশি। তাই তার সঙ্গেই নিজের এই ব্যাপারগুলো আলোচনা করুন। কোনো বিষয়ে বেশি দুশ্চিন্তা হলে তাকে খুলে বলুন। সমস্যার আলোচনা এবং হালকা গল্প-গুজব আপনার মানসিক অবসাদ কাটিয়ে তুলবে।

সমস্যাকে চিহ্নিত করুন

যে কারণে আপনি মানসিকভাবে অবসন্ন বোধ করছেন সেই নির্দিষ্ট কারণটিই খুঁজে বের করুন। সমস্যা অনেক হলে একটি তালিকা তৈরি করতে পারেন। তারপর কী করলে দুশ্চিন্তা কেটে যাবে, তা লিখে রাখুন। এর ফলে পরিকল্পনা অনেকটাই নির্দিষ্ট এবং গোছানো হয়ে উঠবে।

অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করুন

মানুষ তো কোনো যন্ত্র নয়, তার তো আবেগ থাকবেই। কিন্তু সেই আবেগ হতে হবে সীমিত। সব সময়ই সফল হতে হবে, এমন মানসিকতা পরিহার করুন। হারজিত মিলিয়েই জীবন, এটা মেনে নেওয়ার চেষ্টা করুন।

ক্যাফেইনযুক্ত খাবার কমিয়ে দিন

ক্যাফেইন যেমন খুব দ্রুত আপনার ইন্দ্রিয়কে সজাগ করে তুলতে পারে তেমনি শরীরে কারটিসল হরমোনের পরিমাণও বাড়িয়ে দিতে পারে। তাই ঘন ঘন চা-কফি খাওয়ার অভ্যাস ছেড়ে দিন।

প্রাণ খুলে হাসুন

‘হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই’? তাই নিয়মিত প্রাণ খুলে হাসুন। এর ফলে উপকারটা হবে আপনার নিজেরই। আপনার হৃৎস্পন্দনের হার থাকবে স্বাভাবিক। তো হাসিটা এবার দিয়েই দিন।

সঠিক পরিমাণে খাবার এবং পর্যাপ্ত ঘুম

পর্যাপ্ত পরিমাণে খাবার এবং ঘুম দুটোই সুস্থ মন ও শরীরের জন্য দরকার। তাই খাদ্যতালিকাটাও হওয়া প্রয়োজন যথার্থ। খাদ্যতালিকায় মাংসের চেয়ে শাকসবজি, ফল বেশি পরিমাণে রাখুন। আর যত কাজই থাকুক ছয় থেকে আট ঘণ্টা ঘুমিয়ে নিতে ভুলবেন না। কেননা সারা দিনে আমাদের যেই কোষগুলোর ক্ষয় হয় সেগুলোর বৃদ্ধি ঘটে এই সময়টাতে।

প্রতিদিন শরীরচর্চা

শরীরে স্বাভাবিকভাবে রক্ত চলাচলের জন্য ব্যায়ামের কোনো বিকল্প নেই। তাই চেষ্টা করুন প্রতিদিন এক ঘণ্টা ব্যায়াম করার। অন্তত হাঁটার অভ্যাস করুন। সকালে অনেকেরই অফিস কিংবা বাচ্চার স্কুলের তাড়া থাকে। আপনি চাইলে সন্ধ্যাবেলাটা বেছে নিতে পারেন। আর মনকে প্রসন্ন রাখার জন্য ব্যায়ামের পাশাপাশি যোগব্যায়ামও করে নিতে পারেন ঘরে বসেই।

এবার তাহলে বেশি বেশি দুশ্চিন্তা করাটা ছেড়েই দিন।

গ্রন্থনা: নাদিয়া নাহরিন