
শিশুর দাঁতের যত্নের ভার বাবা-মাকেই নিতে হবে। ছোট্টবেলায় দাঁতগুলো ভালো রাখতে না পারলে তা স্থায়ী দাঁতের স্বাস্থ্যে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। সেই সঙ্গে দাঁতগুলো আঁকাবাঁকা হওয়ারও আশঙ্কা থাকে। শিশুর বয়স ছয় মাস পেরোলেই দাঁত উঠতে শুরু করার কথা। তবে ছয় মাসে না উঠলেও ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কখনো টানা এক বছর পরেও দাঁত উঠতে শুরু করে। শিশুর বয়স যখন দুই থেকে আড়াই বছর হবে, তখন তার মুখে থাকবে কম-বেশি ২০টি দাঁত। এ দাঁতগুলোর যত্ন নিতে হবে প্রথম থেকেই। কেমন করে শিশুর দাঁতের যত্ন নিতে হবে, জেনে নিন সহজ করে। শিশুর বয়স যখন এক বছর পূর্ণ হবে, তাকে অবশ্যই মুখ ও দাঁত রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান।
সত্যি বলতে কি, যত্ন নিতে হবে দাঁত ওঠার আগে থেকেই। প্রতিবার খাবারের পর ভেজা কাপড় দিয়ে দাঁতহীন মাড়ি মুছে দিতে হবে। আর যখন মুখে দাঁত দেখা যাবে, শিশুদের জন্য তৈরি বিশেষ টুথব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করে দিতে হবে দুই বেলা। রাতের বেলায় শিশুর খাওয়া শেষে ঘুমাতে যাওয়ার আগেই দাঁতগুলো ব্রাশ করে দিন।
শিশুদের উপযোগী ফ্লোরাইডসমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করা ভালো। খেয়াল রাখতে হবে, শিশু যেন পেস্টের সবটাই গিলে না ফেলে। তাই ব্রাশে পেস্ট লাগাতে হবে খুব অল্প করে এবং ব্রাশের সময় নজরদারিও রাখতে হবে। প্রতিবার খাওয়া শেষে ভালো করে মুখ ধুয়ে দিন। শিশুকে বোতলে করে খাবার খাওয়ানোর অভ্যাস ধীরে ধীরে পরিবর্তন করে নিন। খাওয়ার বোতল অনেকক্ষণ ধরে দাঁতের সংস্পর্শে থাকলে দাঁতে ‘নার্সি বোতল ক্যারিজ’ নামে একধরনের দাঁতের ক্ষয় রোগ হওয়ার আশঙ্কা খুব বেশি থাকে।
চকলেট কিংবা চিনি-জাতীয় খাবার শিশুর দাঁতের জন্য ক্ষতিকর। তাই এগুলো খাওয়া শেষে ভালোভাবে দাঁত ব্রাশ করতে শেখান। অতিরিক্ত ঠান্ডা পানি বা আইসক্রিম দাঁতের জন্য ভালো নয়। যতটা সম্ভব শিশুকে এসব খাওয়া থেকে বিরত রাখবেন। দাঁত গঠনের সময় প্রচুর ক্যালসিয়াম চাই। এ সময় শিশুকে ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খেতে দিন। আর বিশেষজ্ঞের কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিন শিশুর উপযোগী খাদ্যতালিকা, নিয়ম মেনে দাঁত ব্রাশ করার পদ্ধতি আর কেমন করে ফ্লোরাইড দাঁতের উপকার কিংবা ক্ষতি করে।
লেখক: মুখ ও দাঁত চিকিৎসক