যত্নে থাকুক পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যদিনের পোশাক তো ধুয়েই পরা হয়৷ এর জন্য আবার আলাদা যত্নের কী প্রয়োজন? এমন প্রশ্ন মাথায় উঁকি দিতেই পারে। তবে জানেন কি, যত্ন করে রাখলে অনেক দিন নতুন থাকবে আপনার কাপড়৷ পাশাপাশি বাড়বে স্থায়িত্বও৷ গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয়ের বস্ত্র পরিচ্ছদ ও বয়নশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক সানজিদা হক বললেন, শুধু নিয়মিত পরার কাপড়ই নয়, আলমারিতে তুলে রাখা কাপড়গুলোরও যত্নের প্রয়োজন৷ কারণ, নিয়মিত পরিচর্যা না করলে আলমারিতে ধুয়ে রাখা কাপড়ও নষ্ট হয়ে যেতে পারে। কোন ধরনের কাপড়ের যত্ন কেমন হবে, তা জানাচ্ছেন সানজিদা হক।


সুতির কাপড়

সাধারণ পরিধেয় বস্ত্র হিসেবে সুতির কাপড় বেশ জনপ্রিয়৷ সুতির কাপড় ধুয়ে পরিষ্কার করতে খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না৷ তবে সুতি কাপড় শুকানোর ক্ষেত্রে তা উল্টে দেওয়া ভালো৷ এতে কাপড়ের রং জ্বলে যাবে না৷ কড়া রোদে শুকালে সুতি কাপড়ের উজ্জ্বলতা বাড়ে। এ ছাড়া কাপড় মেলে দেওয়ার সময় তা টান টান বা সমান করে মেলতে হবে৷ না হলে কাপড় কুঁচকে যেতে পারে৷ অনেক সময় ইস্তিরি করলেও সুতি কাপড়ের কুঁচকানো ভাব দূর হয় না৷ এ ক্ষেত্রে কাপড়টা হালকা পানিতে ভিজিয়ে নিয়ে ইস্তিরি করলে তা আবার নতুন অবস্থায় ফিরে যাবে৷ অনেকেই সুতি কাপড় মাড় দিয়ে আলমারিতে তুলে রাখেন৷ এতে করে সুতির কাপড়ের তন্তু মোটা হয়ে ভাঁজ পড়ে যায়৷ যে জন্য সুতি কাপড় ফেঁসে যায়৷ তাই আলমারিতে রাখা সুতি কাপড়গুলোয় কখনোই মাড় দেওয়া যাবে না৷


জামদানির কাপড়

জামদানি ঘরে না ধোয়াই ভালো৷ এর পরিবর্তে ভালো কোনো লন্ড্রিতে কাজটা করে নেওয়া যেতে পারে৷ জামদানি কখনোই আলমারিতে ভাঁজ করে রাখা যাবে না৷ এতে করে ভাঁজে ভাঁজে তা ফেঁসে যাবে৷ এ জন্য জামদানি রোল করে বা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হবে৷


সিল্ক কাপড়

সিল্ক কাপড় অবশ্যই শ্যাম্পু দিয়ে ধুয়ে রাখুন৷ যদি তা সম্ভব না হয়, তবে অল্প ক্ষারযুক্ত ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন৷ সিল্ক কাপড় ভেজানোর সময় তা লম্বালম্বি ভেজাতে হবে৷ এবং সেই অবস্থায় হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নিন৷ ময়লা তুলতে কোনোভাবেই ব্রাশ ব্যবহার করা যাবে না৷ ধুয়ে নেওয়ার পর পানি ঝরানোর জন্য সিল্ক কাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন৷ পানি বের করতে সিল্কের কাপড় কখনোই রগড়ানো যাবে না৷