যত্নে থাকুক বর্ষাতি, ছাতা আর গামবুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আষাঢ়ের এই সময়টা এমন যে মাঝেমধ্যে টানা বৃষ্টি লেগেই থাকে। ফলে বৃষ্টি থেকে বাঁচতে ব্যবহূত হয় বর্ষাতি, গামবুট আর ছাতা। আবার বর্ষার এই ফাঁকেই কয়েক দিনের ঝলমলে রোদের কারণে প্রয়োজনীয় বর্ষাতি, ছাতা আর গামবুটটি তুলে রাখতে হয়। আপনি যদি ভেজা বর্ষাতি, গামবুট আর ছাতা সঠিক উপায়ে তুলে না রাখেন, তাহলে কয়েক দিনেই সেগুলোর বাজে হাল হয়ে যাবে। খুললেই উৎকট গন্ধ ছড়াবে, আর ছত্রাকের আক্রমণ অথবা স্যাঁতসেঁতে ভাব হতে পারে। তখন ব্যবহার করাই আরেক ঝামেলা হয়ে যাবে। তাই বৃষ্টির সময় বাইরে থেকে ফিরেই প্রয়োজনীয় সামগ্রী যত্নে তুলে রাখার পরামর্শ দিয়েছেন ধোপার বাড়ি ব্যান্ডবক্সের ধানমন্ডি শাখার ম্যানেজার মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ছাতা খুবই প্রয়োজনীয়, তবে ছাতার সুরক্ষার কথা ভাবতে হবে ব্যবহারকারীকেই। ছাতা কয়েক ধরনের কাপড় দিয়ে তৈরি হয়। যদি সিনথেটিক কাপড় দিয়ে তৈরি হয়, সে ক্ষেত্রে ভেজা ছাতা কিছু সময় মেলে রেখে পানি ঝরিয়ে নিলেই চলে। তবে তুলে রাখতে হলে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে রাখলে ভালো থাকে। ছাতার কাপড় সুতি হলে কেবল পানি ঝরালেই হবে না, কাপড়টা ভালোভাবে শুকাতে হবে। ভেজা অবস্থায় রেখে দিলে সুতি কাপড়ে ছত্রাকের আক্রমণ হয়।তিনি আরও বলেন, যাঁরা মূলত মোটরসাইকেল চালান, তাঁরাই দীর্ঘ ঝুলের বর্ষাতি ব্যবহার করেন। তবে অপেক্ষাকৃত কম ঝুলের বর্ষাতিও ব্যবহার করেন অনেকে। বাইরে থেকে এসে ভেজা বর্ষাতি স্তূপ করে রাখবেন না। বরং ঝুলিয়ে রাখা যেতে পারে। এতে বর্ষাতিতে লাগা পানি ঝরে যায়। পানি ঝরে গেলে তা মুছে তুলে রাখা যেতে পারে। চাইলে কয়েক দিন অন্তর কম ক্ষারযুক্ত ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিলে ভালো হয়। তবে ভালোভাবে ধুয়ে অবশ্যই পানি ঝরিয়ে সুতি কাপড় দিয়ে মুছে তুলে রাখতে হবে। চাইলে পাউডার দিয়ে রাখলে আর্দ্রতার কারণে ঘামলেও ভেজা ভাবটা থাকে না। ধোপার বাড়িতে পাঠিয়ে বর্ষাতির যত্ন নিতে চাইলে খরচ একটু বেশি পড়বে। মূলত, খরচটা নির্ভর করে বর্ষাতির ঝুল কেমন আর পুরুত্ব কতটুকু তার ওপর। ধোপার বাড়ি থেকে ধুয়ে আনতে খরচ পড়বে ১০০ থেকে ১৫০ টাকা।এই ঋতুতে বাইরে থেকে এসে বৃষ্টিতে ভেজা গামবুটটা না রেখে দিয়ে পানি দিয়ে ধুয়ে নেওয়া ভালো। আর তুলে রাখার আগে অবশ্যই পানি ঝরিয়ে রাখতে হবে। তবেই সুরক্ষিত থাকবে বর্ষার প্রয়োজনীয় এসব সামগ্রী।