যত্নে থাকুক হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রান্নাঘরের কাজটা একটু বেশিই হয় এ ঈদে। তাই হাত দুখানার ওপর যায় বেশ ধকল। তাই বলে তো আর হাত গুটিয়ে বসে থাকা চলবে না। তা-ই যদি হয়, তবে ঈদ হবে কেমন করে?ঈদের দিনে কেজো মানুষের জন্য রইল বিশেষ কিছু পরামর্শ ।রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল বলেন, ঈদের দিন তো আর সব সময় হাতে গ্লাভস পরে থাকা যাবে না, তাই কাজ শুরু করার আগে নিতে হবে পূর্বপ্রস্তুতি। যেহেতু ঈদের দিনে হাতটা দীর্ঘক্ষণ ভেজা থাকে, তাই হাতের ত্বক নাজুক ও নির্জীব হয়ে যায়। সে ক্ষেত্রে কাজ শুরু করার আগে হাতে তেল বা লোশন-জাতীয় কিছু লাগিয়ে নেওয়া যেতে পারে। সবচেয়ে ভালো উপকার দেয় সরষের বা জলপাইয়ের তেল। তেলটা হাতে কিছুক্ষণ ম্যাসেজ করে তারপর পাতলা সুতি কাপড় দিয়ে হাত মুছে নিয়ে শুরু করে দিতে পারেন কাজ। কাটাকুটির কাজটা কিন্তু একটু বুদ্ধি করে দা-বঁটি দিয়ে না করে কাটিং বোর্ড বা ছুরি দিয়ে করতে পারেন। এতে হাতের ওপর চাপটা কিছুটা কমে যাবে। রান্নার আগের ধোয়ার পর্বটিতে হাত না লাগিয়ে কাজ করার উপায় নেই। তবুও কিছু কৌশল অবলম্বন করতে পারেন। মাংস বা সবজি বড় ঝাঁজরিতে রেখে কলের নিচে ধুতে পারেন আর নাড়া দেওয়ার জন্য কাঠের বড় চামচ ব্যবহার করতে পারেন। একটা শুকনো পাতলা সুতি কাপড় হাতের কাছে রেখে দিন, যাতে কাজের ফাঁকে ফাঁকে হাতটা মুছে নিতে পারেন। রান্নার মসলাটা চামচ দিয়ে দিন। নাড়ানাড়িতেও বড় চামচ ব্যবহার করুন। রান্নাবান্না শেষ করে অবশ্যই হাতটার একটু পরিচর্যা করে নিন। কুসুম গরম পানিতে অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখুন হাতটা। তারপর নরম ব্রাশ দিয়ে নখটা একটু ব্রাশ করে নিন, যাতে মাংসের চর্বি বা ময়লা জমে না থাকে। কাজ করতে গিয়ে অনেকেরই নখ ভেঙে যেতে পারে, সে ক্ষেত্রে নখটা ফাইল করে নিন এবং হাতে হাতের উপযোগী ক্রিম ও ময়েশ্চারাইজার লাগান।কোরবানির ঈদের দিনের শুরুর কাজগুলো কিন্তু পরিবারের পুরুষেরাই করে। কোরবানির পশু জবাই থেকে শুরু করে রান্নাঘরে মাংস পৌঁছানো পর্যন্ত। তাই ঈদের দিন ছেলেদের হাতের যত্ন নেওয়াও জরুরি। হেয়ারোবিক্সের হেড অব অপারেশনস তানজিমা শারমিন বলেন, ঈদের আগের দিন ছেলেমেয়ে উভয়েই একটা মেনিকিউর করিয়ে নিতে পারেন। তা ছাড়া ছেলেদের মাংস কাটাকাটি, বিলানোর কাজটা করতে যাওয়ার আগে হাতটা ভালোভাবে পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগিয়ে নেওয়া ভালো। এতে হাতটা সুরক্ষিত থাকে। কাজ শেষে পানিতে জীবাণুনাশক মিশিয়ে হাতটা ধুয়ে মুছে নিতে হবে। তারপর ভালো হ্যান্ড ক্রিম লাগাতে হবে।ঈদের দিনে কাজ করতে গিয়ে টুকটাক কিছু দুর্ঘটনাও ঘটতে পারে। তাই সে প্রস্তুতিটি রাখতে হবে আগে থেকেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিশেষজ্ঞ এ বি এম আবদুল্লাহর পরামর্শ হচ্ছে, হাতের কাছে একটি ছোট প্রাথমিক চিকিৎসা বাক্স রাখতে হবে। হঠাৎ করে হাত কেটে গেলে যাতে কাটা স্থানে এন্টিসেপটিকটি যথাসময়ে লাগানো যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে হাত পরিষ্কার করতে হবে সবার আগে। যদি কাটা ক্ষত খুব বড় না হয়, তবে ব্যান্ডেজ লাগিয়ে নিতে পারেন। পাশাপাশি ব্যথা কমাতে সাধারণ নাপা বা প্যারাসিটামল খেয়ে নিতে পারেন। অবশ্যই কাটার পরিমাণ গভীর হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে একটি টিটেনাস ইনজেকশন নিয়ে নিন।রান্না করতে গিয়ে অসতর্ক হয়ে হাত পুড়ে গেলে সঙ্গে সঙ্গে পানি ঢালুন তাতে। যাতে পানি গড়িয়ে নিচে পড়ে যায়। অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট লাগাতে পারেন এরপর। ফোসকা উঠলে সেটা গলাবেন না। বরং হালকা করে চাপ দিয়ে পানিটুকু বের করে নিতে পারেন। তারপর পাতলা সুতি কাপড়ে হাতটা মুড়ে নিন, যাতে ধুলাবালি না লাগে।সবকিছুর আগে হচ্ছে সাবধানতা। হাতের কাজ করার সময় একটু সাবধান থাকুন। ঈদের আনন্দের কথা চিন্তা করেই এ বাড়তি সতর্কতা।