যত্নে শুভ্রতা

সুন্দর হাসি কে না পছন্দ করে। হাসি তো সামাজিক সম্পর্কেরও বিশেষ অনুষঙ্গ। আর ঝকঝকে দাঁতের নির্মল হাসি সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। সুন্দর হাসির মূলে হলো পরিষ্কার দাঁত। এ জন্য দরকার নিয়মিত যত্ন।
ছোটবেলা থেকেই শেখানো হয়, প্রতিদিন দুই বেলা দাঁত ব্রাশ করতে হবে। রাতে খাবারের পর, অর্থাৎ ঘুমের আগে একবার এবং সকালে ঘুম থেকে উঠে আরেকবার। তবে যাঁদের দাঁতে খাবার আটকে থাকার প্রবণতা রয়েছে, তাঁদের প্রতিদিন তিন বেলা দাঁত ব্রাশ করা ভালো। অর্থাৎ দুপুরের খাবারের পরও ব্রাশ করতে হবে।
ব্রাশ করার নিয়ম
পাশাপাশি নয়, বরং ওপর-নিচে ব্রাশ করতে হবে। ব্রাশ ঘুরিয়ে ঘুরিয়ে দাঁতের সব অংশ সঠিকভাবে পরিষ্কার করুন। দুই মিনিট সময় একবার দাঁত ব্রাশ করার জন্য যথেষ্ট। রাজধানীর স্কয়ার হাসপাতালের ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের কনসালট্যান্ট এস এম আনোয়ার সাদাত বলেন, সুস্থ ও সুন্দর দাঁতের জন্য নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। এর পাশাপাশি দন্তচিকিৎসকের পরামর্শ নিন। ঘরোয়া পদ্ধতিতে দাঁত ঝকঝকে করার চেষ্টা না করাই ভালো।
চিনি-মিষ্টি-শর্করা-আঁশ খেলে
চিনি, মিষ্টিসহ অন্যান্য শর্করাজাতীয় খাবার খাওয়ার পর মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে। দাঁত ব্রাশ, ফ্লসিং ও পানি দিয়ে কুলি করার মাধ্যমে মুখ সঠিকভাবে পরিষ্কার হয়। ফ্লসিংয়ের মাধ্যমে বিশেষ সুতার সাহায্যে দাঁতের ফাঁকে জমে থাকা খাবার পরিষ্কার করা যায়। আঁশযুক্ত খাবার খাওয়ার পরেও দাঁত ব্রাশ, ফ্লসিং ও পানি দিয়ে কুলি করা প্রয়োজন।
দাঁতের সুস্থতায় আরও
* ছয় মাস অন্তর দাঁতের পরীক্ষা করিয়ে নিন দন্তচিকিৎসকের মাধ্যমে। দাঁতে পাথর জমলে বা দাঁতের সাদা ঝকঝকে ভাবটা চলে গেলে স্কেলিং, পলিশিংয়ের মতো প্রক্রিয়া করিয়ে নেওয়া যায়। এ ধরনের সমস্যা থাকলে ঈদের আগের সময়টাতেও এসব করিয়ে নিতে পারেন।
* কারও কারও দাঁত প্রাকৃতিকভাবেই একটু হলদেটে। এমনটা হলে টুথ হোয়াইটেনিং (লেজার হোয়াইটেনিং) প্রক্রিয়া করিয়ে নিতে পারেন।
* পান, সুপারি, জর্দা ও সিগারেট দাঁতের জন্য ক্ষতিকর।
* অবৈজ্ঞানিক পদ্ধতিতে দাঁত ঝকঝকে করানোর চেষ্টা করা উচিত নয়।
* যাঁদের দাঁত অতিসংবেদনশীল, তাঁদের যত্নটা একটু আলাদা। দাঁত ব্রাশ করার জন্য তাঁদের বিশেষ ধরনের টুথপেস্ট (ফ্লোরাইডযুক্ত) প্রয়োজন।
শিশুর জন্য
শিশুর দাঁতের যত্ন নেওয়ার নিয়মটা বড়দের মতোই। দুধদাঁতকে অবহেলা করা যাবে না। দুধদাঁত স্বাভাবিকভাবে যে সময় পর্যন্ত থাকে, সে সময় পর্যন্ত অবশ্যই থাকা দরকার। পরবর্তীতে স্থায়ী যে দাঁত ওঠে, তার জন্যই এই দুধদাঁতের যত্ন নেওয়া প্রয়োজন।