যত্রতত্র গাড়ি পার্কিং নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজটের শহর ঢাকা। এর কারণও অনেক। নিয়ম না মেনে গাড়ি চালানো, রাস্তার ধারণক্ষমতার বেশি যানবাহন আর সেই সঙ্গে ‘বোঝার ওপর শাকের আঁটি’ যত্রতত্র পার্কিং। এতে রাস্তাগুলো প্রশস্ততা হারিয়ে সরু হয়ে যায়। এ কারণে পথচারীর পথ চলাচলেও তৈরি হয় ঝক্কি। সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী জাহেদ ইকবাল বলেন, যত্রতত্র পার্ক করলে গাড়ির মালিক হিসেবে আপনার বিরুদ্ধে মোটরযান অ্যাক্ট ১৯৮৩-এর ১৩৭ এবং ১৫৭ অনুচ্ছেদ অনুযায়ী মামলা হতে পারে। গাড়ির ‘রং পার্কিং’ কিংবা ট্রাফিক পুলিশের কাজে বিঘ্ন ঘটানোর জন্য এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।এখানেই শেষ নয়। অনেক সময় দেখা যায় গাড়ি পার্ক করে রেখে গাড়ির চালক চলে যান নিজ কাজে। অন্য কোনো গাড়ি বের হতে চাইলে তখন বেধে যায় ভয়াবহ যানজট। রমনা ট্রাফিক জোনের সার্জন তৌহিদুর রহমান বলেন, ‘অনেক সময় এ রকম অবস্থার তৈরি হলে আমরা রেকার দিয়ে গাড়িটি রাস্তা থেকে সরিয়ে ফেলি। সেই সঙ্গে জরিমানা গুনতে হয় গাড়ির মালিককে।’এ তো গেল ঝক্কি-ঝামেলা আর জরিমানার কথা। এবার আসা যাক সময়ের হিসাবে। গাড়ির জন্য মামলা হলে আপনার যেমন সময় নষ্ট হবে, তেমনি সময় নষ্ট হয় অন্য গাড়িতে বসে থাকা যাত্রীদেরও। কেননা আপনার গাড়ির কারণে হয়তো আরও দুই-দশটি গাড়ির পথ রুদ্ধ হয়ে আছে। ফলে ভোগান্তি পোহাতে হয় অন্য গাড়ির যাত্রীদের। আপনি চাইলে ঠিক জায়গায় গাড় রাখার সুযোগ করে নিতে পারেন।যেমন: আপনার অফিস, শপিং মল কিংবা রাস্তার পাশেই পেয়ে যাবেন কোনো গ্যারেজ, যেখানে নির্দিষ্ট সময়ে জন্য আপনার গাড়িটি সুরক্ষিত রাখতে পারেন। আমাদের অসচেতনতা রাস্তার যানজটের জন্য অনেকাংশে দায়ী। এটি কাটিয়ে উঠতে হলে সচেতন হতে হবে। এতে আমাদেরই সময় বাঁচবে। চলাচলও স্বস্তিদায়ক হবে।