যদি তাঁদের মুঠোফোনও হ্যাক হতো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগে প্রায় এক শ হলিউড তারকার একান্ত ব্যক্তিগত ছবি হ্যাক হয়েছে তাঁদের নিজেদের মুঠোফোন থেকে! তারকারা তো বটেই, বিষয়টিতে বিচলিত স্বয়ং এফবিআই! আমাদের দেশের রাজনীতি অঙ্গনের তারকাদের মুঠোফোন হ্যাক হলে কী কী পাওয়া যেত—আসুন, দেখা যাক।

আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

হুসেইন মুহম্মদ এরশাদ
এরশাদের মুঠোফোন হ্যাক হলে প্রচুর পিডিএফ বই পাওয়া যেত। বইগুলো হতো—মেয়েদের মন জয় করার ১০১টি উপায়, দুষ্টু প্রেমের মিষ্টি গল্প, তারুণ্যের গোপন রহস্য, ডিগবাজি দেওয়ার নিয়মকানুন ইত্যাদি। বইয়ের পাশাপাশি পাওয়া যেত সুন্দরী তরুণীদের অসংখ্য ছবি, মুঠোফোন নম্বর ও খুদে বার্তা। এ ছাড়া কিছু গুরুত্বপূর্ণ হিডেন ফোল্ডারেরও খোঁজ মিলতে পারত!

শামীম ওসমান
শামীম ওসমানের মুঠোফোনে পাওয়া যেত প্রচুর পরিমাণে মারদাঙ্গা ঘরানার গেমস। ভিডিও গ্যালারিতে গেলে পাওয়া যেত দ্য গডফাদার ছবির সবগুলো পর্ব। এ ছাড়া কিছু পিডিএফ বইও পাওয়া যেত। যেগুলোর মধ্যে থাকত ‘যেভাবে টক শোতে কথা বলবেন’, ‘অভিশপ্ত খুনি’, ‘সাত খুন মাফ’ ইত্যাদি।

সৈয়দ মহসিন আলী
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মুঠোফোন স্লিপ মোডে থাকত। নোটসে পাওয়া যেত ‘কুম্ভকর্ণের ডায়েরি’ শিরোনামে তাঁর দিনলিপি। পিডিএফ বইয়ের মধ্যে থাকত—সাংবাদিকতার এপিঠ–ওপিঠ, ধূমপান কিংবা ঘুমপান, ভালো ঘুমের উপায় ইত্যাদি। তাঁর মুঠোফোনে কোনো গেমস পাওয়া যেত না। কারণ, তিনি গেমস খেলতে গেলেই ঘুমিয়ে পড়েন!

তারেক রহমান
তারেক রহমানের মুঠোফোন হ্যাক হলে প্রচুর পরিমাণে গেমস পাওয়া যেত। এগুলোর মধ্যে থাকত ‘খাম্বা রান’, ‘আওয়ামী বার্ডস’, ‘ড্রিম ক্র্যাশ’ ও ‘গায়েবওয়ে সার্ফার’। এ ছাড়া পাওয়া যেত কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ বই। এগুলোর মধ্যে মাগো, দেশে ফিরতে চাই, চেয়ারটা আমার রইল না উল্লেখযোগ্য।