যদি না দিই এবং পুনশ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফলের প্রত্যাশায় বসে আছি। বিজ্ঞানের ছাত্র, তাই প্রবেশিকায় খারাপ করিনি। আমার চেয়ে শুভার্থীদের আমার প্রতি উচ্চাশা অনেক বেশি। শীতের সন্ধ্যায় সবান্ধব মামার দেওয়া স্যুট-টাই পরে ঘুরে বেড়াই। বুদ্ধিবৃত্তির বিকাশ, অথবা পড়ার বড়াই করার জন্য টলস্টয়ের উপন্যাস জোর করে পড়ে চলি। চরিত্র মনে রাখার জন্য নোট করতে হয়।আমার সহপাঠী মানবিক বিভাগের মন্টু নামকরা ছাত্রনেতা। কী করে যে তাঁর ধারণা হলো আমি নাটকের একজন বিদগ্ধ শ্রোতা। অথচ আমি নাটক সামান্যই দেখেছি। তাও সেসব সারা রাত জেগে অপেশাদার অভিনয়।তখন দেশ সবে স্বাধীন হয়েছে। নতুন ধারার নাটক তখনো আমাদের মফস্বল শহরে হানা দেয়নি। নাটক হতো সব পাড়াতুতো, মানে পাড়ার।সেবার মন্টুদের পাড়ার নাটক হবে। কল্যাণ মিত্রের নাটক। মন্টু প্রায় জবরদস্তি করে নাটকের মহড়ায় আমাকে নিয়ে এল। মহড়া চলছিল সন্ধ্যার পর একটি প্রাইমারি স্কুলের শিক্ষকদের কক্ষে। ওপর থেকে ঝুলে পড়া একটি ন্যাড়া বাল্ব একমাত্র আলোর উৎস। তখন ফরিদপুরে নাটক হলে হিন্দু-মুসলমানের সংখ্যা থাকত প্রায় সমান সমান।মন্টু একটা বেঞ্চিতে আমাকে বসিয়ে অভিনয়ে লেগে গেল। প্রম্পটার বলে যাচ্ছে, আর অভিনেতা-অভিনেত্রী সেটাই তোতা পাখির মতো বলছে। পাড়ার ক্রিকেটার নিতাই দা পরিচালক। অভিনেতাদের বাচিক-বিন্যাস সামলাতে হিমশিম খাচ্ছেন। হঠাৎ আমার দিকে তাকিয়ে নিতাই দা আমাকে লক্ষ করে বললেন, ‘তুই একটু দেখিয়ে দিস তো।’ এই ফাঁকে পাঠকদের কাছে লজ্জার সঙ্গে স্বীকার করছি, আমি একটু আবৃত্তি চর্চা করতাম। নিতাই দা সেটা জানতেন।অভিনেতারা কমবেশি সবাই পরিচিত। নায়িকা ও তার মায়ের চরিত্রে অভিনেত্রীদ্বয়কে আগে কখনো দেখিনি।নায়িকাকে দেখে আগেই চমক লেগেছিল। আমাদেরই বয়সী বা দু-এক বছর এদিক-ওদিক হবে হয়তো। দেহকাণ্ডটি যদি এতটা ভরভরতি না হতো, আর নাকটি সামান্য উঁচু হলে তাকে যথার্থ সুন্দরী বলা যেত। বাঁশ পাতার মতো চোখের ফাঁদ, পাকা পেয়ারার মতো তার দেহবর্ণ, বাচা মাছের মতো ঠোঁট—ওই বয়সে রক্তে অজগরের মোচড়ের জন্য যথেষ্ট।নিতাই দা চায়ের বিরতিতে আলাপ করিয়ে দিতেই নায়িকা (এত দিনে তার নামটি ভুলেছি) বললেন, ‘কী শেখাবেন, শেখান...’ কী বলব, ভেবে পেলাম না। নিতাই দা রক্ষাকর্তা হয়ে নায়িকাকে বললেন, ‘এই ফাজলামি বাদ দে, তোর পার্টটা বল, উচ্চারণগুলো ঠিকঠাক করে নে। জিবের আড় ভাঙতি হবি...।’সে বসেছিল লাল একখানা র্যাপার জড়িয়ে। চোখের দিকে তাকিয়ে হঠাৎ বলে ফেলল, ‘আর কী কী ভাঙতে পারেন। চেহারা সুরত যা আছে, নাইমে পড়লেই পারেন। ভাঙাভাঙির দরকার কী...।’সে রাতে মহড়া শেষে ফেরার পথে শুনতে পেলাম, মনে থাকে যেন, রোজ আইসে আমারে শেখাবেন।তখনো রাত্রি শীতার্ত। গাছপালা নিষ্প্রাণ। তবু নক্ষত্রের আলো ইঁদুরের চোখে ঠিকরায়, অনাঘ্রাত উষ্ণতার খোঁজ দিয়ে যায়।পদ্মায় চখা শিকারে গিয়েছিলাম। পরের দিনতিনেক যাওয়া হয়নি। যাব কি যাব না ভাবতে ভাবতে একটু দেরি করেই স্বপ্নাহতের মতো চলে এলাম মহড়ায়। টের পেলাম বুকের রক্তের চমক।মহড়া কক্ষের খোলা দরজা দিয়ে আলো এসে পড়েছে রাস্তায়। ভেতরে ঢুকতে যাব, মেয়েলি কণ্ঠে শুনতে পেলাম, ‘এট্টা সিগারেট দেবেন? যা কাল পড়িছে চা খাতি খাতি গরম হবো...।’ অন্ধকারে চোখ সয়ে এলে দেখলাম, নায়িকার মা চরিত্রের অভিনেত্রী। সংস্কারবশে ঘৃণায় একটি সিগারেট বাড়িয়ে দিয়ে মহড়ায় ঢুকলাম। পরের দিন কয়েকের মেলামেশায় নায়িকার সঙ্গে একটা মিঠেকড়া সম্পর্ক দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু উচ্চারণ ঠিকঠাক করতে গেলেই বলত, ‘হবেনে, দ্যাখপেন এস্টেজে মাইরে দেব। তখন বলবেন।’শোর আগের দিন হঠাৎ নায়িকা এসে বললেন, আঙুলগুলোন কেমন খালি খালি দেখায়।আপনের আংটিটা দেবেন?দিলাম।আঙুলে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বললেন, ‘দেখেন, ক্যামন মানাচ্ছে।’ পাটকাঠি বর্ণা তাঁর আঙুলে সত্যি আংটিখানা বেশ মানিয়েছে। বললাম, ভালোই তো লাগছে। ‘এহ ভালই তো লাগছে, বলেন সুন্দর লাগতিছে।’ আমার জড়িমা নকল করে ভেঙিয়ে বললেন। কিছু মুগ্ধতায় বললাম, সত্যি সুন্দর লাগছে।বলছেন? আংটিখানা যদি না দিই?না দিলে আর কী করতে পারি।জানেন তো আংটি বদল হলি কী হয়?পরের দিন অভিনয় কেমন হয়েছিল মনে করতে পারি না। সব ইন্দ্রিয় দিয়ে তাকে দেখেছিলাম। কিন্তু অভিনয়ের পরও আমার আংটিখানা পাইনি। অবশ্য যেচে চাইনি।দিন দুই পর ব্যস্তসমস্ত মন্টু এসে বলল, তোরে ওদের বাসায় গিয়ে আংটি আনতে বলেছে।কিন্তু সপ্তা ঘুরে গেল আমার যাওয়ার ফুরসত হলো না। সে আমার নিভৃত চিন্তার মানসপ্রতিমা, বাস্তবে সামনে যেতে সাহস হয় না।১০ দিন পর আংটি এল। সঙ্গে একটি চিরকুট। মন্টুই নিয়ে এসেছে। চিরকুটে সাধারণ মেয়েলি অক্ষরে লেখা, ‘যে পলাইয়া থাকে তার আংটি আমি নেই না। সামনে আসলেও নিতাম কি না জানি না। আংটিটা সোনার, বাজারে তার দাম আছে। তাই ফেরত দিলাম।’পাঠক আংটির গল্প এখানেই শেষ করা যেত। কিন্তু এর একটি পুনশ্চ আছে। ১৯৭৪ সালে আমরা আর্কিটেকচারের ছাত্রছাত্রীরা মিলে মুনীর চৌধুরীর মহারাজ নাটকের মহড়া দিচ্ছি। পরিচালক স্বনামধন্য আলী যাকের। আমি তাঁর সহকারী। সে-ও অভিনয়ের আগের দিনই। নায়ক ছিলেন আমার দুই বছর সিনিয়র একজন, তাঁর নাম বলছি না। তিনি এবার আমার আংটিখানা চেয়ে নিলেন। নাটক হলো দারুণ। আমার সহপাঠী নৃত্যশিল্পী লুবনা মারিয়াম, টিপু ভাই চমৎকার অভিনয় করেছিলেন।কিন্তু নাটকের পর আর আমার আংটি ফেরত পাইনি। নাকি হারিয়ে ফেলেছিলেন। ছআনি সোনা তখনকার বাজারে হয়তো তেমন দামি কিছু ছিল না।কিন্তু যে আংটি একজনকে পরাতে সাহস সঞ্চয় করতে পারিনি, সেটির এমনই অধঃপাত আমাকে বিষণ্ন করে দিয়েছিল।খসরু চৌধুরী, ঢাকা।