তখন ভোর পাঁচটা। আমি আর অজয় মালিবাগ থেকে ভোরের অন্ধকারে রিকশায় উঠলাম। গন্তব্য বাণিজ্য মেলার মাঠ। জিপিএ-৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। বাণিজ্য মেলার মাঠ থেকে বাস ছাড়বে নন্দন পার্কের উদ্দেশে। হঠাৎ বৃষ্টি নামল। ছাতা না থাকায় দুজনেই ভিজলাম। অবশেষে পৌঁছালাম বাণিজ্য মেলার মাঠে। যেখানে দেখতে পাই বন্ধুসভার শুভ ভাই, রনি, জুয়েল ভাইসহ আরও অনেককে। আমরা পৌঁছানোর আগেই বাস ছাড়ছে। আমি আর অজয় তখন সব বন্ধুর সঙ্গে কাজ শুরু করে দিলাম। সেই দিনের নন্দনে যাওয়া, আসা, ওখানে সার্টিফিকেট বিতরণসহ, কনসার্ট, সেলিব্রিটিদের বক্তব্য আজও মনে পড়ে।
২০০৯ সালের ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভায় আমার যাত্রা শুরু। ‘মাদককে না বলো’ স্লোগানের মধ্য দিয়ে শুরু বন্ধুসভার আদর্শকে আজও বুকে ধারণ করে কর্মজীবন অতিবাহিত করছি। কর্মব্যস্ততায় বন্ধুসভার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে না পারলেও বন্ধুসভার পাতা ও ফেসবুক পেজে নজর রাখি। কোথায়, কোন বন্ধুসভা কী কাজ করছে, কোন বন্ধুসভা প্রকাশনা বের করছে—সব খবর রাখি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভা থেকে সাহিত্য পত্রিকা গোধূলি বের করতাম। লেখা সংগ্রহ, বাছাই, কম্পোজ, প্রুফ দেখা, প্রচ্ছদ ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতে হতো। তারপর প্রেসে দৌড়াদৌড়ি, বাঁধাই করা। তার আগে থাকত বিজ্ঞাপন জোগাড় করা। অবশেষে যখন গোধূলি বের হতো, তখন মনে হতো সব কষ্টই সফল হয়েছে।
মনে পড়ে, ২০১০ সালে মৌচাকে বন্ধু সমাবেশের কথা। সারা দেশের বন্ধুদের মিলনমেলা। তাঁবু টানিয়ে থাকার অভিজ্ঞতা প্রথম হলো সেবার। আলোকিত নবীন নেতৃত্ব আলোকিত দেশ, স্লোগানে শুরু হলো বন্ধু সমাবেশ, নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হলাম। ক্যাম্প ফায়ারের নতুন অভিজ্ঞতা হলো। আরও আনন্দে মাতলাম বিদায় রজনীতে আগুন জ্বালিয়ে ড্রাম বাজিয়ে নাচগানের মধ্য দিয়ে।
আজও মন টেনে নিয়ে যায় বন্ধুসভার কক্ষে বিকেলবেলার সেই বন্ধু আড্ডায়। বন্ধু আড্ডায় বের হয়ে আসত সব বন্ধুর মনের কথা। আশফাক ভাইয়ের জ্ঞানগর্ভ বিশ্লেষণ, আবেদা আপার যুক্তিতর্ক, নুরুন আপার সাহিত্য কথা, বন্ধুদের মুক্ত আলোচনা, অবশেষে রওশন ভাইয়ের পাদটীকা। বন্ধু আড্ডার বিকেলে মিস করি তুষার, সাইফুল, রানা, সজীব, সোহাগ, বর্ণা আপু, জান্নাতিসহ আরও অনেককে।
যখন রোববার সকালে বন্ধুসভার পাতায় চোখ বোলাই, তখনই সব স্মৃতি যেন আরও জীবিত হয়ে ওঠে। মন টেনে নিয়ে যায় সেসব অতীতে।
আজ কর্মজীবনে এসে মনে হয় যদি আবার ফিরে যেতে পারতাম সেসব দিনে।