যদি মন কাঁদে...
সকাল থেকেই নুহাশপল্লী ভরে গেছে হলুদ পাঞ্জাবি আর নীল শাড়িতে। লিচুতলায় শুয়ে থাকা প্রিয় মানুষটির কবরও ভরে গেছে ফুলে ফুলে। ১৯ জুলাই প্রিয় লেখক হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। এই দিনে হিমু আর রুপারা ঘরে বসে অশ্রুপাত করবে তা কি হয়?সকাল নয়টা ৩০ মিনিট। নুহাশপল্লীর প্রধান গেট দিয়ে ঢুকে পড়ল ৩০-৩২ জন হিমু-রুপা। ছেলেদের গায়ে হলুদ পাঞ্জাবি আর মেয়েদের নীল শাড়ি। প্রত্যেকের হাতে একগুচ্ছ টকটকে লাল গোলাপ। তারা ধীরপায়ে এগিয়ে গেল প্রিয় লেখকের কবরের দিকে। কবরের বেদিতে ফুল রেখে জানাল শ্রদ্ধা। মুহূর্তেই যেন বাস্তব রূপ পেল সেই বিখ্যাত গান, ‘তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা/ কে বলে আজ তুমি নাই/ তুমি আছ মন বলে তাই।’হুমায়ূন আহমেদ যে আছেন, হুমায়ূন আহমেদ যে থাকবেন—এই তারুণ্যই তার প্রমাণ। ‘আমি যেখানেই যাই না কেন, আমার ব্যাগের মধ্যে সব সময় হুমায়ূন স্যারের কোনো না-কোনো বই থাকে। আমার রাত-দিনের প্রায় অর্ধেকটা দখল করে থাকেন হুমায়ূন আহমেদ।’ বলছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইলা আখতার।হুমায়ূন আহমেদ শুধু রাত-দিনই দখল করেননি, তিনি মিশে গেছেন কারও কারও আবেগ ও অনুভূতির সঙ্গে; মিশে গেছেন অস্তিত্বের সঙ্গে। এমনই একজন মেহজাবিন। প্রিয় লেখককে শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন বরিশাল থেকে। নুহাশপল্লীর ঘাস, মাটি আর বৃক্ষ ছুঁয়ে ছুঁয়ে কী যেন অনুভব করার চেষ্টা করছেন। কাছে যেতেই খোলাসা করলেন, ‘নুহাশপল্লীতে এটাই আমার প্রথম আসা। এখানে, এই ঘাসে, এই মাটিতে, এই গাছের পাতায় স্যারের স্পর্শ লেগে আছে। আমি সেই স্পর্শ অনুভব করার চেষ্টা করছি।’ ওদিকে দিঘি লীলাবতীর ঘাটে বসে হুমায়ূন আহমেদের স্মৃতির তর্পণে পুড়ছিলেন সাকিব, আশিক, বুলবুল, জাহিদ, মুনির, অভি, শাম্মী, উর্মি, শুভ্র ও মুরাদ। কে কোন উপন্যাস কতবার পড়েছেন, কে কোন নাটক কতবার দেখেছেন, কে কোন সিনেমা কতবার দেখেছেন, সেসব নিয়েই চলছিল স্মৃতির বিলাপ। খানিক দূরে দিঘির মাঝখানে দ্বীপের মতো ছোট্ট একটা উঁচু ঢিবি। কাঠের সাঁকো বেয়ে সেখানে পৌঁছে গেছেন ইশরাত জাহান। আনমনা হয়ে কী যেন ভাবছিলেন। তাঁর কাছে যেতেই বাস্তবে ফিরে এলেন, ‘অষ্টম শ্রেণীতে পড়ার সময় শঙ্খনীল কারাগার পড়ি। সেই শুরু। কী এক মুগ্ধতায় আটকা পড়ে গেলাম। সেই মুগ্ধতার জাল আজও কাটেনি।’ এমন মুগ্ধতার আরও খবর পাওয়া গেল মানকুমারীর কাছে। সমাজবিজ্ঞানে স্নাতক পড়ুয়া এই শিক্ষার্থী বলেন, ‘আমি সবচেয়ে বেশি মুগ্ধ হই স্যারের লেখা গান শুনে। কী অসাধারণ সব কথা!’বৃষ্টি এল হঠাৎ করে নুহাশপল্লীর আকাশ ঝেঁপে। ঝিরিঝিরি সেই বৃষ্টিতে নির্দ্বিধায় ভিজতে থাকল এই তরুণ দল। ‘আমি বৃষ্টি চিনতাম না। জোছনা চিনতাম না। হুমায়ূন স্যার আমাকে বৃষ্টি ও জোছনা চিনিয়েছেন। আমি পাঠ্যবইয়ের বাইরে কোনো বইও পড়তাম না। স্যার আমাকে ক্ষুধার্ত পাঠক বানিয়েছেন।’ বৃষ্টির জলে ভিজে যেতে যেতে বলছিলেন তিতুমীর কলেজে স্নাতক পড়ুয়া তুষার। হঠাৎ করেই আবার রোদ। এবার এই মিষ্টি রোদ মাথায় নিয়ে নুহাশপল্লীর মাঠেই বসে পড়লেন তাঁরা। কোরাস করে গাইতে থাকলেন হুমায়ূন আহমেদের সিনেমার যত গান।অতঃপর বিদায়ের মুহূর্ত। তাঁরা আবার ফিরে গেলেন প্রিয় লেখকের কবরের কাছে। নীরবে দাঁড়িয়ে থাকলেন খানিকক্ষণ। ফিরে আসতে আসতে বিড়বিড় করে অস্ফুট স্বরে কী যেন বলছিলেন জান্নাতুল ফেরদৌস। কান পেতে শুনি, ‘মৃত্যু আপনাকে কেড়ে নেবে আমাদের কাছ থেকে? এতই কি শক্তি মৃত্যুর? না, এতটা শক্তি বিধাতা মৃত্যুকেও দেননি।’এ কি শুধুই জান্নাতুল ফেরদৌসের কথা? না। এ কথা যে এসব তরুণের সবার মনের কথা, তা বোধ হয় দিব্যি দিয়ে বলার আর প্রয়োজন নেই।