যন্তর মন্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই শাহীনের আক্রমণ, ‘সিলেট পলিটেকনিকের ছাত্র ছিলি তুই। ডুয়েটে এলি কীভাবে?’ আলমগীরের জবাবটাও ঠিক তেমনি, ‘যাত্রাবাড়ীর কোনায় সিলেট থেকে কিছু গাড়ি আসে, তো ওই গাড়িতে চড়েই ঢাকা। আর ডুয়েটের গন্ধ তো ঢাকা শহরে একটু একটু পাওয়া যায়ই। সেই গন্ধ পেয়ে গাজীপুর, তারপর তোদের ডুয়েটে চলে আসলাম।’ বলা শেষ করতে দিল না রাজীব। এর মধ্যেই বলে বসল, ‘আমার শিক্ষাজীবনটা ঢাকাময়। প্রথমে ঢাকা কলেজিয়েট স্কুল, তারপর ঢাকা পলিটেকনিক আর এখন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডুয়েট।’ আড্ডায় মেতে উঠেছেন ডুয়েটের শিক্ষার্থীরা। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাস করে অবশ্য খুব কমই সুযোগ হয় এভাবে জমিয়ে আড্ডা দেওয়ার। এর মধ্যে একজন বলে উঠলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা মূলত আমাদের সাপ্তাহিক ঈদসন্ধ্যা। সপ্তাহের রোববার থেকে এই দিন পর্যন্ত টানা ক্লাস করে খানিক বসন্তের মতো আসে বৃহস্পতিবার সন্ধ্যা, শুক্র ও শনিবার।’ এর সঙ্গে রাশেদ যুক্ত করেন, ‘এই দিনগুলোতেই মূলত বকুলতলা, শহীদ মিনার, অডিটরিয়াম চত্বর—এই জায়গাগুলোর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়।’ আর নাটকপাগল আশিক বলেন, ‘সঙ্গে কী থাকে জানেন? একটা করে পেনড্রাইভ।’ পেনড্রাইভ কেন—প্রশ্ন করলে আশিক বলেন, ‘বোঝেননি? সারা সপ্তাহে যত নতুন নাটক, সিনেমা সংগ্রহ করা হয়েছে, তার আদান-প্রদান।’ এর মধ্যেই তড়িৎকৌশলের রিয়াজ, আলমগীর, যন্ত্রকৌশলের তুষার, রায়হান মেতে উঠেছেন, তাল গাছটা কার—এ রকম তর্কে।যন্ত্রকৌশলের রায়হানের কথা, ‘আচ্ছা রিয়াজ, ইলেকট্রিক্যালে পড়ে তোরা এত বড়াই করিস কী জন্য, বল তো? তোদের যে মোটর, তার কয়েলের গেজ তারের ডিজাইনটাও আমরা করে দিই। আর শক্তি উৎপাদনের প্রাইম মুভারটাও তো আমরাই ঘুরিয়ে দিই। তারপর না তোরা প্ল্যান্ট চালাতে পারিস।’ সঙ্গে সঙ্গে রিয়াজের উত্তর, ‘তাতে কী! মনে কর, তুই গাড়ি তৈরি করলি। কিন্তু রাস্তা নাই, আবার ড্রাইভারও নাই—কী করবি গাড়ি দিয়ে?’ আলমগীরের যুক্তি আরও বাস্তবিক, ‘দেখ্ ভাই, মেকানিক্যাল হলো “মাদার অব টেকনোলজি”। কিন্তু জব মার্কেট তো আমাদের দখলে।’ সমতাবাদী তুষারের কথা একটু ভিন্ন, ‘এসব নিয়ে তর্ক করে শেষ করা যাবে না। ভালোভাবে পড়া শেষ করলে কেউ বসে থাকে না। অতএব অন্য কিছু বল তোরা...।’কথার ঝড় যখন উঠেছে, তখন বেলা গড়িয়ে গেছে।ঢাকার অদূরে গাজীপুরের বিআইটি ২০০৩ সালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) হিসেবে যাত্রা শুরু করে। যাঁরা শুধু ডিপ্লোমা পাস করেছেন, তাঁরাই পড়তে পারেন এখানে। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এখানে। আর সবকিছু ঠিকঠাক থাকলে শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, আরও দুটি বিভাগ চালু হবে এ বছর।[email protected]