যন্তরের জন্য মন্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিডি বা ডিভিডি ভালো রাখতে মাঝেমধ্যে টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। মডেল: নায়লা, ছবি: নকশা
সিডি বা ডিভিডি ভালো রাখতে মাঝেমধ্যে টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। মডেল: নায়লা, ছবি: নকশা

কোনো এক ছুটির দিনে পরিবারের সবাই আয়োজন করে বসেছেন একসঙ্গে সিনেমা দেখবেন বলে। কিন্তু দেখতে বসেই বিপত্তি। ডিভিডি প্লেয়ারের ডিস্ক ট্রে-ই তো খুলছে না। তিন-চার মাস পর যদি একবার ব্যবহৃত হয়, তাহলে তো যন্ত্র এমন বৈরী আচরণ করতে পারেই। হোক সে নিষ্প্রাণ, তবু তারও তো চাই কিছু যত্নআত্তি। গান শুনতে বা ভিডিও দেখতে যেসব যন্ত্র ব্যবহৃত হয়, কীভাবে নেবেন সেসবের যত্ন। পরামর্শ দিয়েছেন এক্সেল টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন।

সিডি-ডিভিডি প্লেয়ার

এ ধরনের যন্ত্র যত বেশি ব্যবহার করা হবে তত ভালো থাকবে। অনেক দিন ব্যবহার না করে ফেলে রাখলেই বিপত্তি। যখন যন্ত্র চালু থাকবে তখন এটি কাপড় দিয়ে ঢেকে রাখা যাবে না। আলো-বাতাস চলাচল হয় এমন জায়গায় এটি রাখতে হবে। সমতল কোনো কিছুর ওপর যেন থাকে এটি। এ ধরনের যন্ত্রের ওপর ভারী বই বা অন্য কোনো জিনিস রাখা ঠিক নয়। শুকনো, পরিষ্কার কাপড় দিয়ে হালকা করে মুছতে হবে নিয়মিত। ডিস্ক ট্রে চাপ দিয়ে ঘষে মোছা যাবে না। খুব সাবধানে পরিষ্কার করতে হবে। এই যন্ত্রগুলো পরিচালনা করতে হবে রিমোট কন্ট্রোল যন্ত্র দিয়ে। কখনোই জোরে চাপ দিয়ে আটকানো যাবে না।

স্পিকার, সাব উফার, সাউন্ড বার

এসব শব্দ যন্ত্রে ধুলা আটকায় বেশি তাই অনেকে এটি কাপড় দিয়ে ঢেকে রাখেন, যা মোটেও উচিত নয়। এই যন্ত্রগুলোকে ভালো রাখতে হলে এর থেকে ভালো শব্দ পেতে চাইলে এটি সব সময় খোলা রাখতে হবে। আর ধুলাবালুর হাত থেকে রক্ষা তো করতে হবে অবশ্যই। এ জন্য রোজ ভ্যাকুয়াম ক্লিনার বা শুকনো কাপড় দিয়ে এটি পরিষ্কার করুন।

.
.

হেডফোন, ইয়ার ফোন
গান শুনতে ভালোবাসেন যাঁরা, তাঁদের অনেকেই সঙ্গে একটি হেডফোন বা ইয়ার ফোন রাখেন। এর লম্বা তার পকেট বা ব্যাগে রেখে দিলে প্যাঁচ লেগে যায়, সেটা ছাড়াতে গিয়ে কখনো হয়তো তারই ছিঁড়ে যেতে পারে। খুব বেশি ভাঁজ না করে, গোল করে তার পেঁচিয়ে সেটি টাই ক্লিপ দিয়ে হালকাভাবে বেঁধে রাখতে পারেন। এতে জট লাগবে না।

হোম থিয়েটার
নিয়মিত পরিষ্কার করতে হবে। তরল কিছু এতে লাগানো যাবে না। একটানা বেশিক্ষণ চললে গরম হয়ে যেতে পারে। এসি বা ফ্যানের নিচে রাখতে পারলে ভালো। সূর্যের আলো সরাসরি পড়ে এমন জায়গায় এটি রাখা ঠিক নয়। অনেকে কাপড় দিয়ে ঝেড়ে ধুলা পরিষ্কার করেন। এটি যন্ত্র পরিষ্কারের সঠিক পদ্ধতি নয়। কাপড় বা ডাস্ট ক্লিনার দিয়ে আলতো করে পরিষ্কার করতে হবে।

.
.

সিডি, ডিভিডি
আঁচড় (স্ক্র্যাচ) যাতে না পড়ে সে ব্যাপারে খেয়াল রাখা জরুরি। সিডির মাঝখানের ছিদ্রটিতে এক আঙুল ঢুকিয়ে আরেক পাশের ধার ঘেঁষে ধরতে হবে। মাঝখানে হাত দেওয়া যাবে না। ভালো মানের ডিভিডি কন্টেইনারে রাখতে পারলে সবচেয়ে ভালো। সিডি বা ডিভিডি খোলা অবস্থায় রাখা ঠিক হবে না। তরল কিছু এতে লাগালে নষ্ট হয়ে যাবে। মাঝেমধ্যে পরিষ্কার টিস্যু দিয়ে এর দুপাশ পরিষ্কার করা যেতে পারে। আর ডিভিডি পরিষ্কার করার জন্য বাজারে ডিস্ক ক্লিনার কিনতে পাওয়া যায়। সাত-আট দিন পরপর এভাবে পরিষ্কার করতে পারলে ভালো।
ইউএসবি
আজকাল বেশির ভাগ যন্ত্রেই ইউএসবি পোর্টের মাধ্যমে গান শোনা ও ভিডিও দেখার ব্যবস্থা থাকে। সে ক্ষেত্রে অবশ্যই পেনড্রাইভটি ব্যবহারের আগে স্ক্যান করে নিতে হবে। ভাইরাসযুক্ত কোনো পেনড্রাইভ বা মেমরি কার্ড যন্ত্রে প্রবেশ করানো যাবে না। ইউএসবি পোর্টে ধুলাবালু ঢুকতে দেওয়া যাবে না, পাতলা কাপড় ঢুকিয়ে রোজ পরিষ্কার করতে হবে।