সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে মানুষ চারপাশকে বেঁধে ফেলেন নিয়মের বেড়াজালে। দিন দিন যান্ত্রিক হয়ে পড়ছে শহুরে জীবন। মানুষ শুধু মানুষ নয়, পশুপাখির মধ্যেও চলে আসছে যান্ত্রিকতা, হারিয়ে যাচ্ছে সবুজ। সঞ্জয় কুমার দাশের ‘স্পেস অব ড্রিম’ শিরোনামের প্রদর্শনীর ছবিগুলো যেন তা-ই বলছিল। নগরের জেলা শিল্পকলা একাডেমীতে ৩ ডিসেম্বর শুরু হয়েছে সঞ্জয় কুমারের সপ্তাহব্যাপী দ্বিতীয় চিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পীর ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত আঁকা ৩০টি ছবি স্থান পায়। ‘স্পেস অব ড্রিম’ অর্থাৎ স্বপ্নের অংশ বা স্বপ্নের জায়গা শিরোনামের প্রদর্শনীতে আলোচিত ছবির নাম ‘অ্যানাদার ডে ইন প্যারাডাইস’, ‘র্যাট বেইস’, ‘দ্য পলিশিয়ান’, ‘নাগরদোলা’, ‘দি গিটারিস্ট’ ইত্যাদি। ছবিগুলোতে মূলত সামাজিক বিষয়-আশয় এসেছে ঘুরে-ফিরে। ভোগবাদী মানবসত্তার পাশাপাশি রোমান্টিসিজমের ছোঁয়াও ছিল কল্পনার তুলিতে। যন্ত্র ও প্রকৃতিকে তুলে ধরা হয়েছে ছবিতে। লাল, নীল, সবুজ—এ তিনটি মৌলিক রঙের প্রাধান্য প্রতিটি ছবিতে দেখা গেছে। ‘লিভ অ্যান্ড স্টিল লাইফ’, ‘কনসেট্রস্ট’, ‘মোনারোমা’, ‘১৪ ফেব্রুয়ারি’ শিরোনামের ছবির বিষয়বস্তু ছিল সবুজ পৃথিবীকে ঘিরে প্রকৃতি ও মানুষের ভালোবাসা। শিল্পী সঞ্জয় কুমার দাশ বলেন, ‘চট্টগ্রামে এটি আমার প্রথম প্রদর্শনী। মূলত যন্ত্র ও প্রকৃতিকে ছবিতে আনার চেষ্টা করেছি। আশা করছি, এর মাধ্যমে দর্শকদের পরিবেশ ও জনজীবন সম্পর্কে সচেতন করতে পারব।’ প্রদর্শনী দেখতে এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চন্দ্রিমা বিশ্বাস। ছবির বিষয়ে চন্দ্রিমা বলেন, ‘এ ধরনের প্রদর্শনীতে প্রথম এসেছি আমি, ছবি দেখতে বেশ ভালো লাগলেও বিষয়বস্তু জটিল মনে হয়েছে।’ প্রদর্শনী শেষ হবে আজ। শিশিরে স্বপ্নিল পদচ্ছাপ তামিমারশিশির একটি ছোট্ট জলবিন্দু। কখনো কি পারা যায় সেই জলবিন্দুতে নিজের পদচ্ছাপ আঁকতে? হ্যাঁ যায়, তবে তা শুধু স্বপ্নে। তেমনই আপন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আবির্ভাব তরুণ শিল্পী তামিমা সুলতানার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী তামিমার একক প্রদর্শনী হয়ে গেল ২-৫ ডিসেম্বর নগরের জেলা শিল্পকলা একাডেমীতে। ‘শিশিরে পদচ্ছাপ’ শিরোনামের এ প্রদর্শনীতে ছিল শিল্পীর বিভিন্ন শিক্ষাবর্ষে আঁকা প্রায় ৩৮টি ছবি। প্রকৃতির স্নিগ্ধতা, রঙিন আলো-ছায়া, সামাজিক কথকতা—এসব ফুটে উঠেছিল এ প্রদর্শনীতে।জল ও তেলরঙে আঁকা এসব ছবির মধ্যে দর্শকের নজর কেড়েছিল ‘বেলুন কথা’। এ ছবির বিষয় ছিল বিভিন্ন আকৃতির বেলুন। শিল্পী রঙের খেলায় দেখাতে চেয়েছেন বর্ণিল এসব বেলুন দেখতে খুব সুন্দর হলেও এদের অস্তিত্ব খুব ঠুনকো, অন্তঃসারশূন্য। এ বিষয়ে তামিমা সুলতানা বলেন, ‘ছবিগুলোতে আমি বর্তমান সমাজের প্রকৃত দৈন্য ফুটিয়ে তুলতে চেয়েছি।’ শিল্পীর আঁকা ‘আমার দেশ’, ‘চেনা মুখ’, ‘জড় জীবন’, ‘দুপুর’ ছবিগুলো ছিল জলরঙে আঁকা, প্রকৃতির রূপ এসেছে নানা অনুষঙ্গে। ছোট্ট মেয়েকে নিয়ে এ প্রদর্শনীতে এসেছেন শিক্ষিকা তহুরা বেগম। ‘কেমন দেখলেন প্রদর্শনী?’ জবাবে তিনি বলেন, ‘নবীন হলেও তামিমার আঁকা ছবি অনেক সুন্দর।’