যন্ত্রটাও ফ্যাশন অনুষঙ্গ
ল্যাপটপের ওজন হবে সাড়ে তিন-চার কেজি, রং পাওয়া যাবে একটিই। ব্যাগটিও হবে সাদামাটা কালো স্ট্র্যাপের। শুধু কেজো এমন বড় একটি কালো রঙের ল্যাপটপ টেনে বেড়ানোর দিন শেষ।এটি যেন এখন ফ্যাশন অনুষঙ্গেরই একটি অংশ। কত রং চাই—লাল, বেগুনি, সবুজ, হলুদ, কমলা, কালো, সাদা, ছাই, মেরুন তো আছেই। পছন্দের পোশাকের সঙ্গে মিলিয়ে নিলেই হলো। আর ওজনও কম, সহজেই ব্যাগে বহন করা যায়।চাইলে একেক দিন ব্যবহার করতে পারেন একেক রকম ল্যাপটপ। না, সপ্তাহে সাত দিনের জন্য সাতটি যন্ত্র থাকা লাগবে না। পছন্দমতো বদলাতে পারেন এর কভার বা খোলস। কয়েক রকম কভার কিনে রেখে দিন। পছন্দমতো ব্যবহার করুন। আবার মোবাইল ফোন বা হালের স্মার্টফোনের কভারেও আছে নানা বৈচিত্র্য। এমনিতেই এখনকার নির্মাতারা যন্ত্রের নকশার ব্যাপারে খুব সচেতন। কার্যকারিতা তো থাকতে হবেই, যন্ত্রটি যাতে দেখতে সুন্দর হয়, সেদিকেও নজর রাখছেন তাঁরা। আবার নানা রকম কেস বা কভারের বৈচিত্র্যে মোবাইল ফোন, ল্যাপটপের ফ্যাশনটাও জমে উঠেছে বেশ। নানা রকম পাথর, প্রিন্ট দিয়ে তৈরি হচ্ছে এসব কভার। কারও পছন্দ অ্যানিমেল প্রিন্ট তো কেউ চাইছেন রঙের বাহার। চাইলে প্রিয় তারকার ছবি বা কোনো স্ল্লোগান দিয়েও কভারের নকশা করা সম্ভব। বাংলাদেশে জিমাস্ক নামের একটি প্রতিষ্ঠান দিচ্ছে এই সুবিধা। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তাদের শাখা থেকেই করিয়ে নিতে পারবেন যন্ত্রের এসব নকশা।‘একেবারে পাতলা (আলট্রা থিন) নোটবুক এখন অনেকের পছন্দ।আবার ছোটখাটো নেটবুকের দিকেও নজর আছেঅনেকের।রঙের অনেক বৈচিত্র্য এগুলোতে। মেয়েরা যেমন গোলাপি, কমলা রং বেছে নিচ্ছে, ছেলেদেরও দেখা যাচ্ছে মেরুন, লাল রংগুলো ব্যবহার করতে। আর অনেকের একাধিক ল্যাপটপ বা নোটবুক থাকছে। কাজের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা তো আলাদা। সব সময় সঙ্গে রাখার জন্য অনেকেই হালকা একটা নেটবুক কিনে নিচ্ছেন। কারণ, নেটবুকের দামটা নাগালের মধ্যে। এটাকেই ব্যবহার করছেন একটা ফ্যাশন অনুষঙ্গের মতো।’ বলেন রায়ান’স আইটি লিমিটেডের প্রধান নির্বাহী আহমেদ হাসান।বাজার ঘুরে দেখা গেল, নেটবুকের দাম শুরু হয়েছে মোটামুটি ২২ হাজার টাকা থেকে। ডেল, এইচপি, এসার, তোশিবাসহ প্রায় সব ব্র্যান্ডেরই আছে নানা রঙের ফ্যাশনেবল ল্যাপটপ। সনি ভায়ো ল্যাপটপেও আছে অনেক বৈচিত্র্য। তবে বাংলাদেশে এটি অনুমোদিতভাবে বিক্রি করা হয় না। সাধারণত কেউ বিদেশে গেলে সঙ্গে করে নিয়ে আসেন। নেটবুকে ইন্টারনেট ব্যবহার করা, গান শোনা, লেখালেখি—এ সবই করা যায়। তবে এতে ডিভিডি ড্রাইভ থাকে না। টুকিটাকি প্রায় সব কাজ চালানো যায়, দাম কম, ওজনে হালকা বলে এর চাহিদা অনেক। ১৪ ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপ বা নোটবুক কম্পিউটারও কিনছেন অনেকে। কারণ, এটিও আকারে ছোট। এর দাম ৩০ হাজার থেকে শুরু। ধাতব রঙের চাহিদাই সবচেয়ে বেশি। এর পরই আছে নীল ও লাল রঙের চাহিদা। অ্যাপলের ল্যাপটপগুলো দেখতে ফ্যাশনেবল। তবে এর দামটা শুরু হয়েছে এক লাখ টাকা থেকে। আর কভার বদল করার চেয়ে বৈচিত্র্যময় ল্যাপটপ কেনার দিকেই বোধ হয় ক্রেতাদের ঝোঁক বেশি। মোবাইল ফোনের ক্ষেত্রে স্মার্টফোনের জনপ্রিয়তা এখন খুব। এ ছাড়া অন্যান্য ফোনের বেলায় টাচস্ক্রিনের চাহিদা বেশি। আইফোন, স্যামসাং, এইচটিসি ব্র্যান্ডগুলোই পছন্দ করছেন ফ্যাশনেবল ক্রেতারা—জানালেন বিক্রেতারা। ধীরে ধীরে দেখা যাচ্ছে ট্যাবলেট কম্পিউটারের ব্যবহারও। বিশেষ করে আইপ্যাড বা গ্যালাক্সি ট্যাব তো অনেকের হাতেই দেখাও যায়।এগুলো এমনিতেই স্টাইলিশ।চাইলে বাড়তি অনুষঙ্গলাগিয়ে চলতি ফ্যাশনের সঙ্গে মিলিয়ে নেওয়া যায়।নিজে সাদামাটা যন্ত্রই পছন্দ করেন। তবে আশপাশে দেখছেন এ ধরনের বৈচিত্র্যময় যন্ত্রের ব্যবহার। ফ্যাশন ডিজাইনার মাহিন খান বলেন, ‘চড়া রঙের চল এখন, এগুলোকে বলা যায় ক্যান্ডি কালারস। সবুজ, গাঢ় হলুদ, গোলাপি—গোলাপির মধ্যেই একটা মিষ্টি শেড যাকে আমরা বলি স্যামন রং—এগুলোই চলছে এখন। শুধু পোশাকে নয়, সব ধরনের অনুষঙ্গেই এখন রঙের এই ধারা। আর ল্যাপটপ, মোবাইল ফোন তো নিছক যন্ত্র নয় এখন। এগুলোকে ফ্যাশন অনুষঙ্গই বলা যায়। এতেও দেখা যাচ্ছে রঙের এমন ব্যবহার। অনেককেই দেখি এসব যন্ত্রের কভার ঘন ঘন বদল করতে। অথবা পোশাক, সাজের সঙ্গে মিলিয়ে কভারের নকশা বাছাই করতে। এখন তো ল্যাপটপ ব্যাগগুলোও অনেক ফ্যাশনেবল হচ্ছে।’ফ্যাশন হাউস সাদাকালো, আড়ংয়ে পাওয়া যাবে ল্যাপটপ ব্যাগ। আর কম্পিউটার যন্ত্রাংশের দোকানগুলো তো আছেই। ছোট হাতলের ব্রিফকেস আকারের ব্যাগগুলো যেমন ফ্যাশনেবল, তেমনি কাজেরও। তবে ল্যাপটপ ব্যাগ কেনার আগে খেয়াল রাখুন, তা যাতে পানিরোধী হয়।