যন্ত্রপাতি ওষুধপত্র কিছুই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বিভিন্ন স্থানে স্থাপিত ২০৭টি কমিউনিটি ক্লিনিক হাসপাতালে রোগ পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ না থাকায় সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালগুলো জনগণের কোনো কাজে আসছে না। সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. অজয় ঘোষ এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০৭টি কমিউনিটি ক্লিনিক চালু করে। কথা ছিল, স্থায়ী জনবল নিয়োগ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য বিভাগের কর্মীরা এই কেন্দ্র পরিচালনা করবেন। সপ্তাহে অন্তত তিন দিন তাঁরা (ইউনিয়ন স্বাস্থ্য সহকারীরা) ক্লিনিকে বসে রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও নারীদের পরিবার পরিকল্পনাসহ নানা বিষয়ে পরামর্শ দেবেন। কিন্তু রোগ পরীক্ষার জন্য কেন্দ্রগুলোতে যন্ত্রপাতি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না থাকায় অনেকে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ডা. অজয় ঘোষ জানান, ‘সপ্তাহের যেকোনো তিন দিন ক্লিনিকগুলো খোলা থাকে। কোনো ক্লিনিক আদৌ বন্ধ থাকে কি না, আমি খোঁজ নিচ্ছি।’১৬ জুন সকালে টেকনাফ সদর ইউনিয়নের হাঙ্গারডেইল গ্রামে স্থাপিত ক্লিনিকে গিয়ে দেখা গেছে, ভেতরে আটটি গরু-ছাগল বাঁধা। প্রতিবেশীরা জানান, নির্মাণের পর থেকে ক্লিনিকটি এক ঘণ্টার জন্যও চালু হয়নি। মাঝেমধ্যে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এসে ঘুরে যান। ক্লিনিকের আশপাশে অসংখ্য বসতবাড়ি। তাই ক্লিনিকে যাতায়াত করতে হয় মানুষের বসতভিটার ওপর দিয়ে।উপজেলার নিলা, ঝিমংখালী, হোয়াইক্যং এলাকায়ও চারটি ক্লিনিক অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। কিছু ক্লিনিকের দরজার তালাও নেই। টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম জানান, ক্লিনিকগুলো জনগণের কোনো কাজেই আসছে না। রোগ পরীক্ষার জন্য যন্ত্রপাতি সরবরাহ এবং স্থায়ী জনবল নিয়োগের জন্য লেখালেখি হচ্ছে। সম্প্রতি মহেশখালী উপজেলার ২৫টি ক্লিনিকের মধ্যে আটটি পরিদর্শন করে ছয়টিই বন্ধ দেখা গেছে। চকরিয়া উপজেলার ডুলাহাজারা, চিরিঙ্গা, বদরখালী; রামু উপজেলার ফতেখাঁরকুল, গর্জনিয়া, রাজারকুল, মিঠাছড়ি; সদর উপজেলার বাংলাবাজার, খুরুশকুল, ঝিলংজায় তৈরি ক্লিনিকগুলো জনগণের কোনো কাজে আসছে না। মাঝেমধ্যে দু-একটি কেন্দ্র কয়েক ঘণ্টার জন্য খোলা হলেও ওই সময় চিকিৎসার জন্য কাউকে সেখানে যেতে দেখা যায়নি। উখিয়া উপজেলার রত্নাপালং কমিউনিটি ক্লিনিকে ঝুলছে তালা। ক্লিনিকের পাশের হাকিম আলী চৌধুরী কেজি স্কুলের এক শিক্ষক জানান, ক্লিনিকটি খুলতে দেখা যায় না। সন্ধ্যার পর ক্লিনিকটি মাদকসেবীদের দখলে চলে যায়। রাতে চলে নানা অপকর্ম। বিলের মাঝখানে নির্মিত কুতুপালং ক্লিনিকে যাতায়াতের পথও নেই। জানালার লোহার পাত কে বা কারা চুরি করে নিয়ে গেছে।সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এইচপিএসপি প্রোগ্রামের আওতায় বিগত আওয়ামী লীগ সরকার ১৯৯৮ থেকে ২০০৩ সালের মধ্যে জেলায় ২০৭টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য চার কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ দেয়। ২০০৩ সালের মধ্যে জেলার বিভিন্ন স্থানে তিন কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ১৫৯টি ক্লিনিক নির্মাণ করা হয়। পরবর্তী সরকারের আমলে ক্লিনিকগুলোর কার্যক্রম বন্ধ থাকে। বর্তমান সরকারক্ষমতায় এসে ২০৭টি ক্লিনিকই আবার চালু করে।সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) অজয় ঘোষ জানান, এখন ২০৭টি ক্লিনিক চালুর পাশাপাশি সরকার তৃণমূলে আরও বেশি ক্লিনিক তৈরি করছে। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্ধ থাকা ক্লিনিকগুলো পরিচালনার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থাকে (এনজিও) হস্তান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নিজেরা ক্লিনিকগুলো চালু করে তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ হাতে নেয়। স্থায়ী জনবল নিয়োগ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ হলে বর্তমান সমস্যা থাকবে না।