যন্ত্রমানব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিঃসঙ্গতা কাটানোর জন্য একান্ত সহকারী করে তৈরি করা হয়েছে রোবটটিকে। নীলার ডিএনএ প্রোফাইল দেখে তৈরি করা রোবটটি সুদর্শন। এর হাঁটা, কথা বলা যেন সহজে নীলাকে আকর্ষণ করে, তেমনভাবেই তৈরি। রোবটের ভয়েস সিনথেসাইজার এমন একটি স্বরকে কপি করা, যা নীলার একান্ত পছন্দ। যেন কোনো আক্ষেপ না থাকে, তাই সামান্য মানবীয় গুণাবলি যা নীলার সহচর হিসেবে প্রয়োজন, তা দিতেও ভুল হয়নি।নীলা সূক্ষ্ম অনুভূতির একটি মেয়ে, পড়ন্ত বিকেলে মেঘেরা যখন গুচ্ছাকারে একত্র হয়ে আবার মিলিয়ে যায়, তাদের বিলীন হওয়াও তাকে গভীর বেদনায় আচ্ছন্ন করে। রায়হান জানে, নীলা সারা দিন কেবলই তার ভাবনায় আচ্ছন্ন থাকে। দুজন একান্তে বসে খুনসুটি করা বা বিকেলের মৃদু হাওয়ায় বসে দোল খাওয়ার মতো অফুরন্ত সময় রায়হানের হাতে নেই। তাকে ল্যাবরেটরিতেই পড়ে থাকতে হয়। নীলার একাকিত্ব যেন তাকে অসুস্থ করে না দেয়, তাই রোবটটি তৈরি করে দেওয়া।রোবটটি যখন আলতো করে পেছন থেকে চোখের ওপর হাত রাখে, তখন নীলার শরীরে এক ধরনের শিহরণ জাগে। হাত ধরাধরি করে খোলা আকাশের নিচে যখন অজস্র তারা দেখতে দেখতে নীলার ঘুম এসে যায়, রোবটটি তখন তাকিয়ে থাকে নীলার ঢলে পড়া চোখের দিকে। রোবটটি নীলাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। নীলা রোবটটির চোখে ভালোবাসা দেখতে পায়। নীলা যখন একমনে বকে যায়, তখন রোবটটি অপলক তাকিয়ে থাকে আর মিষ্টি করে হাসে। নীলার ছোট ছোট ভালোলাগার অনুভূতিগুলোকে আরও স্থায়ী করতে সাহায্য করে রোবটটি। নীলার নিঃসঙ্গ, নিস্তরঙ্গ জীবনে একাত্ম হয়ে মিশে গেছে সে। রায়হানকে কাছে না পাওয়ার যে আকুলতা তাকে আকুল করে রাখত, তা আর তাকে প্রভাবিত করতে পারছে না। কবে থেকে রায়হানের অনুপস্থিতি নীলার কাছে আনন্দদায়ক হয়ে উঠেছে, বুঝতেও পারেনি রায়হান। দিনের পর দিন নিজের কাজের নেশায় মত্ত থাকা রায়হানের নীলার জন্য কোনো অবসর ছিল না ঠিক, কিন্তু নীলাকে যেন কেমন অচেনা মনে হয় তার। কেমন যেন ছটফট করতে থাকে নীলা, যেন খুব কাজ পড়ে আছে, এখনই যেতে হবে। রায়হান ভেবে পায় না যে নীলা তার সান্নিধ্য কামনায় চাতক পাখির মতো ছটফট করত, আজ তাকে বড় অচেনা মনে হয়। ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে বারবার ভুল হয়ে যায়। নীলা যেন আরও সুন্দর, আরও স্নিগ্ধ হয়ে গেছে। তার যে চেহারা বিমর্ষতায় পূর্ণ ছিল, আজ তা পরিপূর্ণতায় ভরা। রায়হান নীলার চোখে নির্লিপ্ততা খুঁজে পায়। রায়হান তার সব কাজ ফেলে কেবল নীলাকে পর্যবেক্ষণ করতে থাকে। যে রোবটটিকে শুধু সাহচর্য দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, তার সঙ্গে নীলার একান্ত নিরবচ্ছিন্ন সময় কাটে। নীলাকে সঙ্গ দেওয়ার জন্য রোবটটিকে ভালোলাগার অনুভূতি দেওয়া হয়েছিল বটে, কিন্তু ভালোবাসার কোনো ক্ষমতা তাকে দেওয়া হয়নি। অথচ কী অবলীলাক্রমে নীলার সঙ্গে তার প্রেম চলে আসছে। রায়হান রোবটটিকে নিষ্ক্রিয় করে দেওয়ার পরিকল্পনা করে। নীলা ভালোবাসার সবটুকু সুবাস রোবটটিকে ঢেলে দিয়েও স্বস্তি পায় না। ইদানীং রায়হানের আচরণ, অস্থিরতা তাকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। এক পড়ন্ত অলস বিকেলে হাঁটুর কাছে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে রোবটটি, কী নিষ্পাপ দৃষ্টি। রায়হান রোবটটির এমন ঔদ্ধত্যপূর্ণ ভালোবাসাকে মেনে নিতে পারে না। হঠাত্ তার ভেতর এক হিংস্র পশু জেগে ওঠে। যে যন্ত্র কেবল তার নিজ প্রয়োজনে সৃষ্টি, তার এমন আচরণ তাকে ক্রুদ্ধ করে দেয়। নীলার সামনেই রোবটটির সব কপোট্রন অকেজো করে দেয় রায়হান। নীলা শুধু নিশ্চল চেয়ারে বসে থাকে, রায়হানের কাজের মধ্যে কোনো বাধা দেয় না। রায়হান যখন ক্লান্ত, অবসন্ন হয়ে নীলার পাশের চেয়ারটি টেনে বসছিল, তখন দেখতে পায় নীলা নিষ্পলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, কী ঘৃণা সেই দৃষ্টিতে। রোবটটিকে ধ্বংস করেও নীলার ভালোবাসা ফেরত পায় না রায়হান। তার বিচ্ছুরিত ঘৃণার মধ্যেই বেঁচে থাকে রায়হান, একান্ত নিঃসঙ্গতায়।আসমা বেগমরামপুরা, ঢাকা।