যন্ত্রমানব সভ্যতার জন্য হুমকি!
মানুষ ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ছে রোবট, কম্পিউটার বা এ-জাতীয় যন্ত্রের ওপর। দৈনন্দিন কাজ থেকে শুরু করে মহাকাশ গবেষণা পর্যন্ত জটিল সব কাজে ব্যবহূত হচ্ছে এসব যন্ত্র। এতে জীবনে স্বাচ্ছন্দ্যও এসেছে। কিন্তু বিজ্ঞানীরা প্রশ্ন তুলেছেন, এসব প্রযুক্তিই কি একদিন মানুষের অস্তিত্বকে হুমকিতে ফেলে দেবে? এই প্রশ্নের উত্তর খোঁজার কাজে নেমেছেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা জানতে চাইছেন, ভবিষ্যতে এসব ‘সুপার ইন্টেলিজেন্ট’ প্রযুক্তিই মানবজাতির জন্য ধ্বংস ডেকে আনবে কি না?কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দ্য সেন্টার ফর দ্য স্টাডি অব এগজিসটেনশিয়াল রিস্ক (সিএসইআর) প্রকল্প এ গবেষণা চালাবে। গবেষণার বিষয় জৈবপ্রযুক্তি, কৃত্রিম জীবন, ন্যানো প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি। প্রকল্পটির উদ্যোক্তা কেমব্রিজের দর্শন বিভাগের অধ্যাপক হুউ প্রাইস, জ্যোতিঃপদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মার্টিন রিস ও স্কাইপির সহ-প্রতিষ্ঠাতা জান তাল্লিন। আগামী বছর থেকে শুরু হচ্ছে এ গবেষণা।গবেষক প্রাইস এমন ভবিষ্যতের স্বপ্ন দেখেন, যেখানে যন্ত্র যেন মানুষের জন্য ক্ষতিকর না হয়ে দাঁড়ায়। আর এ জন্য সবাইকে সতর্ক করতে তিনি এ গবেষণায় নেমেছেন। অবশ্য এ রকম একটি ভবিষ্যৎ বিবেচনায় এনে এই প্রথম আলোচনা শুরু হলো, বিষয়টি তেমন নয়। ভবিষ্যৎ যন্ত্রের আদলে এ পর্যন্ত অনেক বিজ্ঞানকল্পকাহিনিনির্ভর চলচ্চিত্র নির্মিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টার্মিনেটর, ২০০১: এ স্পেস ওডেসি এবং সাম্প্রতিক সময়ের আই রোবট। গবেষকেরা স্বীকার করছেন, অনেকে এমনও ভাবেন যে, যন্ত্র যে মানুষের ক্ষতি করতে পারে তা সুদূর ভবিষ্যৎ সম্পর্কে এক কল্পকাহিনি। তার পরও গবেষকদের বক্তব্য, এ বিষয়ে মনোযোগ দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তাঁদের মতে, রোবটের মতো যন্ত্রের বিস্তারকে অবহেলা করার পরিণতি হতে পারে ‘ভয়াবহ’। বিবিসি ও দ্য ইনডিপেনডেন্ট।