যন্ত্রসংগীতের মূর্ছনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রসংগীতের মূর্ছনা, গান, কথামালা ও আড্ডায় আনন্দঘন সন্ধ্যা কাটালেন যন্ত্রশিল্পী সংস্থার সদস্যরা। গত ৩১ জুলাই নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠানের।
আয়োজনের প্রথম পর্বে ছিল কথামালা। সংগঠনের সভাপতি মনোজ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ, ব্যবসায়ী আব্দুল কৈয়ুম চৌধুরী, চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দীন তাহের ও চট্টগ্রাম শিল্পীকল্যাণ সংস্থার সভাপতি পংকজ বৈদ্য। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
কথামালা শেষে সংগঠনের নবনির্বাচিত ১৫ সদস্যের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। এসব স্মারক তুলে দেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চাটগাঁইয়্যা নওজোয়ান ও চট্টগ্রাম সাউন্ড সিস্টেম ব্যবসায়ী কল্যাণ সংস্থার নেতারা।
আয়োজনের শেষ পর্বে মিলনায়তনের মঞ্চে ওঠে সুরের রাগিণী। শুরুতেই ছিল যন্ত্রসংগীতের পরিবেশনা। কখনো একক, কখনো দ্বৈত, আবার বৃন্দ পরিবেশনার মাধ্যমে মিলনায়তনে সুরের আবেশ ছড়িয়ে দেন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সদস্যরা। এরপর ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ পরিবেশনার মাধ্যমে শুরু হয় গান। গানে কণ্ঠ দেন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা আয়োজিত ভয়েস হান্ট প্রতিযোগিতার সেরা ১০ প্রতিযোগী।