যন্ত্রে বাংলা বর্ণমালার হাতেখড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল রঙের একটি যন্ত্র। সুইচ চালু করার সঙ্গে সঙ্গে শুরু হলো কবিতা—‘আতাগাছে তোতা পাখি, ডালিমগাছে মউ, এত ডাকি তবু কথা কও না কেন বউ!’ এরপর শুরু হলো আরেকটি কবিতা। একটি সুইচে চাপ দেওয়ার পর এর পর্দায় ভাসছে বিভিন্ন বাংলা বর্ণমালা। সঙ্গে সঙ্গে কানে বাজছে ওই বর্ণমালার বাংলা উচ্চারণ। প্রথমে শুরু হলো স্বরবর্ণ। অ-তে অজগরটি আসছে তেড়ে—এভাবে প্রতিটি শব্দের সঙ্গে সঙ্গে বাক্যগঠন। এরপর একইভাবে শুরু হলো ব্যঞ্জনবর্ণ, ক-তে কমলালেবু খেতে মজা। যাদের এখনো বাংলা বর্ণমালায় হাতেখড়ি হয়নি, তাদের কাছে এ যন্ত্রটি হাজির করা হলে নিশ্চয় অনেক মজা পাবে তারা!বর্ণমালা শেখার এই ডিজিটাল যন্ত্রটি বানিয়েছেন দ্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মনযুরুল মামুন। ছোটবেলায় মনযুরুল মামুন ইংরেজি বর্ণমালা শেখার এমন একটা যন্ত্র দেখেছিলেন। সেই যন্ত্রটি মনে ধরে যায় তাঁর। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই বর্ণমালা শেখার এমন একটি যন্ত্র তৈরি করবেন বলে চিন্তা করেন মনযুরুল মামুন। কিন্তু ওই যন্ত্রটি হবে বাংলা বর্ণমালা শেখার, এমন ভাবনা উঁকি দিতে থাকে তাঁর মনে। মনযুরুল মামুন বলেন, ‘ইংরেজি বর্ণমালা শেখার কিছু যন্ত্র বাজারে দেখেছি, যেগুলো অনেক দামি। আর কম্পিউটারে সফটওয়্যারের মাধ্যমে বাংলা বর্ণমালা শেখার ব্যবস্থা থাকলেও তার ব্যবহার জানে কজন! এই সীমাবদ্ধতা থেকেই বাংলা বর্ণমালা শেখার ডিজিটাল যন্ত্র তৈরির কাজ শুরু করতে থাকি।’শুরুতে মামুন বাংলা বর্ণমালার ফন্ট তৈরি করেন। এই কাজ করতে যথেষ্ট বেগ পোহাতে হয়। কেননা, এর আগে বাংলা বর্ণমালার কোনো ডিজিটাল ফন্ট পাওয়া যায়নি। এই কাজ করতে গিয়ে মৌলিক ভাষা নিয়েও জানতে হয়েছে। এ জন্য অনেক পড়াশোনা করতে হয়েছে। বললেন মনযুরুল মামুন। বিভিন্ন বাংলা বর্ণমালা রেকর্ডিং করার পর মাইক্রো কন্ট্রোলার, আইসি ও এলসিডি পর্দার সাহায্যে প্রয়োজনীয় প্রোগ্রাম তৈরি করে তিনি বানিয়ে ফেললেন বাংলা বর্ণমালা শেখার এই ডিজিটাল যন্ত্রটি। এরপর দেখা গেল, এলইডি পর্দাটি আকারে ছোট হয়ে গেছে। এ পর্দাটি আরও কিছুটা বড় হলে বর্ণমালাগুলো আরও বড় ও পরিষ্কার দেখাবে। তারপর এর পর্দাটি বদল করে আগের চেয়ে একটি বড় পর্দা লাগানো হলো। এভাবেই তৈরি হলো যন্ত্রটি। বাংলা বর্ণমালা, কবিতার পাশাপাশি ইংরেজি বিভিন্ন বর্ণমালার বানান ও বাক্যগঠন সম্পর্কেও জানা যাবে এ যন্ত্রের সাহায্যে। একটি বোতামের সাহায্যে বিভিন্ন বর্ণমালা বদল করার ব্যবস্থাও আছে এতে। এই যন্ত্রের সুবিধা কী? মনযুরুল মামুন জানালেন, এ যন্ত্রটি একটি মোবাইল ফোনের ব্যাটারি দিয়েই চালানো যায়, যা রিচার্জ করা যায়। গ্রামে যেখানে বিদ্যুৎ ও কম্পিউটার খুব একটা সহজলভ্য নয়, সেখানে শিক্ষক ছাড়াই এই যন্ত্রের সাহায্যে শিশুদের বর্ণমালা শিক্ষা দেওয়া যাবে। কেননা, এ যন্ত্রটি সৌরবিদ্যুৎ দিয়েও রিচার্জ করা যায়। এই যন্ত্রের সাহায্যে শিশুরা আনন্দ নিয়ে বর্ণমালা শিখবে—এমনই ইচ্ছা এর উদ্ভাবক মনযুরুল মামুনের।