আগামী পাঁচ বছরে পৃথিবী থেকে ৭১ লাখ চাকরি বিলুপ্ত হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই ভবিষ্যৎ বাণী দিয়ে আলোচকেরা আরও বলেছেন, অর্থনৈতিকভাবে বড় ধাক্কা খাবে বিশ্বের তরুণেরা, বিশেষ করে এশিয়া ও আফ্রিকার তরুণেরা। প্রযুক্তি দানবের আগ্রাসনে মানুষ বনাম যন্ত্র যুদ্ধে মানুষ খানিকটা পিছিয়ে পড়বে।
এই পরিস্থিতিতে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোতে বেড়ে যাবে বেকারত্ব। বাংলাদেশেও দেখা দিতে পারে বড় ধরনের কর্ম হীনতা। অন্যদিকে বুদ্ধিবৃত্তিক ও প্রযুক্তি সংশ্লিষ্ট খাতে তৈরি হবে বড় ধরনের কর্ম সুযোগ।
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো চতুর্থ শিল্প বিপ্লবকে কীভাবে কাজে লাগাতে পারে তা নিয়ে প্রথম আলোর উদ্যোগে আয়োজন করা হয় ‘চতুর্থ শিল্প বিপ্লব ও তারুণ্যের চ্যালেঞ্জ’ শীর্ষক এই বৈঠক। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর সম্মেলন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন পেশাজীবী, উদ্যোক্তা, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বৈঠকে ডিনেটের প্রধান নির্বাহী সিরাজুল হোসেন বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লব দারিদ্র্য বিমোচনের দারুণ এক উপলক্ষ হতে পারে। এ জন্য স্বাস্থ্যখাতসহ বিভিন্ন খাতে বিভিন্ন আঙ্গিকের ব্যবহার আয়ত্ত করতে হবে আমাদের।’
দক্ষ নেতৃত্ব ও গুণগত শিক্ষার ওপর জোর দেন ইনোভেশন ইন ডেভেলপমেন্ট পারস্যুটের নির্বাহী পরিচালক হামিদ এইচ খান। আর বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণা, সরকার ও শিল্প খাতের মধ্যে সমন্বয় থাকতে হবে বলে মনে করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক খলিলুর রহমান।
তরুণ ও তাদের অভিভাবকদের প্রযুক্তিকে ইতিবাচকভাবে শেখার ওপর গুরুত্ব আরোপ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদুর রহমান। ইস্টার্ন টেকের সিএমও কাজী এম মোর্শেদ সমস্যা সমাধান কেন্দ্রিক পরিবেশ ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে চতুর্থ শিল্প বিপ্লবের তাত্ত্বিক ধারণার প্রবক্তা ক্লৌজ শোয়াবের ‘দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুল্যুশন’ বইয়ের বিভিন্ন দিক ও বাংলাদেশের পরিপ্রেক্ষিত নিয়ে বক্তারা আলোচনা করেন।
বৈঠকে আরও বক্তৃতা করেন রবি আজিয়াটা লিমিটেডের মার্কেট স্ট্র্যাটেজি ও প্ল্যানিং, মার্কেট অপারেশনসের জেনারেল ম্যানেজার কানিজ ফাতেমা, গ্লোবাল শেপার্স ঢাকার কিউরেটর সোহারা মেহরোজ, ব্র্যাক সোশ্যাল ইনোভেশন ল্যাবের জ্যেষ্ঠ ব্যবস্থাপক অঞ্জলি সরকার, ইন্সপিরা অ্যাডভাইজরি অ্যান্ড কনসালটিংয়ের নির্বাহী পরিচালক মুনতাসির তাহমীদ, কোভালেন্টের প্রতিষ্ঠাতা তারিক আদনান, যুক্তরাষ্ট্রের ইউসি বার্কেলির শিক্ষার্থী কাশফিয়া নেহরিন, এ আর কম ও উইডেভসের নির্বাহী আসিফ এম রহমান, তালহা ট্রেনিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অতন্দ্র আবরার আহমেদ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ হাসান। বৈঠকটি পরিচালনা করেন প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান।