যমজ
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় মৌখিক পরীক্ষা দিতে গিয়েই প্রথম ধাক্কাটা খেলাম। কক্ষে ঢুকে দেখি, ভাইবা বোর্ডে অন্যদের সঙ্গে বসে আছেন আমার বড় বোনের মেজ ননদ। ভাবলাম, নিজেদের লোক, ভালোই হলো। যা হোক, উচ্ছ্বসিত না হয়ে এগিয়ে গিয়ে অনুমতি নিয়ে বসলাম চেয়ারে। আর তখনই টাসকি খেলাম। চেয়ারম্যান স্যার বললেন, হামিদা! শুরু করুন। মাথার ভেতর একটা চক্কর দিল। আমি যত দূর জানি, বড় বোনের ননদের নাম আফরোজা। কিন্তু চেয়ারম্যান স্যার হামিদা বলে ডাকলেন কেন? তাহলে কি ইনি তিনি নন? কিন্তু আমি তো দেখছি, ইনি তিনিই। সেই নাক, সেই মুখ, সেই চেহারা, সেই স্বাস্থ্য, তাহলে? এক প্রকার ঘোরের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করে বের হলাম। কিন্তু ব্যাপারটা তখনো মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। পরে অবশ্য জেনেছি, ইনি তিনি নন। ইনি আমাদের হামিদা ম্যাডাম। প্রথম যেদিন ক্লাসে গেলাম, সেদিন অনেকের সঙ্গেই পরিচিত হলাম। মজিদ, জিল্লু, বেলাল, মুহাম্মদসহ আরও অনেকের সঙ্গে। তো সেদিন ক্লাস শেষে বাইরে এসে আরেক কাণ্ড। প্রশাসনিক ভবনের দিকে হেঁটে যাচ্ছিলাম। সামনে চেয়ে দেখি, একটি ছেলের সঙ্গে বেলাল হেঁটে আসছে। কিন্তু একি! বেলাল থ্রি-পিস পরা কেন? কখনই বা পরল। চোখ রগড়ে নিয়ে আবার তাকাই। নাহ্! এ তো একটা মেয়ে আসছে! কিন্তু দেখতে তো হুবহু বেলালের মতো! একি অদ্ভুত মিল! পরে বেলালকে বললাম, তোমার কোনো বোন পড়ে নাকি এখানে? ও বলল, না তো! কেন? তখন আমি সব খুলে বললাম। শুনে ও হেসে খুন। এখন পর্যন্ত আমি ক্যাম্পাসে চারজোড়া ছেলেমেয়েকে আবিষ্কার করেছি, যাদের চেহারা দেখতে হুবহু একই রকম। কিন্তু তারা একে অন্যের সঙ্গে সম্পর্কিত নয়, এমনকি তারা একে অপরকে চেনেই না। ব্যাপারটা আমার কাছে বেশ অদ্ভুত লাগে।মুহিব, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।