যমজ রহস্য: কাঠগড়া থেকে পাঠশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক গবেষকের দাবি, যুক্তরাষ্ট্রে যমজ শিশুদের পরিচয় শনাক্তের মামলার ক্ষেত্রে এমন প্রতি ১৩ হাজার ঘটনার একটিতে দুই শিশু দুই ভিন্ন পুরুষের ঔরসজাত বলে দেখা গেছে। প্রতীকী ছবি।
এক গবেষকের দাবি, যুক্তরাষ্ট্রে যমজ শিশুদের পরিচয় শনাক্তের মামলার ক্ষেত্রে এমন প্রতি ১৩ হাজার ঘটনার একটিতে দুই শিশু দুই ভিন্ন পুরুষের ঔরসজাত বলে দেখা গেছে। প্রতীকী ছবি।

ঘটনার শুরু যমজ শিশুর ভরণ পোষণের দায়িত্ব নেওয়া নিয়ে। সমঝোতা না হওয়ায় বিষয়টা আদালতে গড়াল। আদালত বলল পিতৃত্বের প্রমাণ হাজির করতে। ঘটনা গড়াল হাসপাতালের বৈজ্ঞানিক গবেষণাগারে। সেখানে ডিএনএ পরীক্ষায় যে সত্য বেরিয়ে এল সেটা সোজাসাপটা হিসেবে মিলবে না। জীববিজ্ঞানে সেটা অসম্ভব না হলেও বিরল তো বটেই।

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের আদালত পাড়ায় সাড়া জাগানো এই ঘটনার খবর প্রকাশ করে নিউ জার্সি ল জার্নাল। আইন সাময়িকীটির বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এ মাসের শুরুতে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, নিউ জার্সির পাসাইক কাউন্টির এক নারী এক পুরুষকে তাঁর দুই যমজ শিশুর জৈবিক পিতা হিসেবে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে শিশুদের ভরণ পোষণের দায়িত্ব না নেওয়ার অভিযোগে মামলা করেন।

২০১৩ সালের জানুয়ারিতে ওই দুই যমজ সন্তানের জন্ম দেন ওই নারী। আদালতের নথিপত্রে অভিযোগকারী নারীকে কেবল টি.এম হিসেবে উল্লেখ করা হয়েছে। আদালত একইভাবে অভিযুক্ত পুরুষকে কেবল এ.এস হিসেবে উল্লেখ করেছে। ওই নারী দাবি করেন তাঁর ভালোবাসার মানুষ এ.এস-এর সঙ্গে মিলনের ফলেই এই দুই যমজ সন্তানের মা হয়েছেন তিনি। কিন্তু শুনানির একপর্যায়ে আদালতে দেওয়া সাক্ষ্যে ওই নারী এও স্বীকার করেন যে, এ.এস-এর সঙ্গে মিলনের সপ্তাহখানেকের মধ্যেই তিনি অন্য এক পুরুষের সঙ্গে মিলিত হয়েছিলেন।

এই পর্যায়ে আদালত অভিযুক্ত পুরুষ এ.এস এবং যমজ শিশুদের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। ডিএনএ পরীক্ষায় যমজদের একজনের সঙ্গে ওই পুরুষের ডিএনএ মিললেও অপরজনের সঙ্গে মেলে না। এই মেডিকেল প্রতিবেদনের পর নিউ জার্সির স্টেট সুপিরিয়র কোর্টের বিচারক সোহাইল মোহাম্মেদ অভিযুক্ত পুরুষটিকে কেবলমাত্র তাঁর জৈবিক সন্তান হিসেবে প্রমাণিত একটি শিশুর ভরণ পোষণের দায়িত্ব পালনের নির্দেশ দেন।

ল্যাবরেটরি করপোরেশন অব আমেরিকার পরিচয় শনাক্তকরণ বিভাগের পরিচালক কার্ল হান্স বুর্জনেগার এই ডিএনএ পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান করেন। নিউ জার্সি ল জার্নাল জানিয়েছে, এ বিষয়ে বুর্জনেগারের একটি গবেষণা প্রতিবেদন রয়েছে, যেখানে যমজ শিশুদের পরিচয় শনাক্ত করা সংক্রান্ত এমন কিছু ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়েছে। বুর্জনেগার দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে যমজ শিশুদের পরিচয় শনাক্তের মামলার ক্ষেত্রে এমন প্রতি ১৩ হাজার ঘটনার একটিতে দুই শিশু দুই ভিন্ন পুরুষের ঔরসজাত বলে দেখা গেছে।

ম্যানহাটনের লেনোক্স হিল হসপিটালের অবস্টেট্রিসিয়ান-গাইনোকোলজিস্ট জেনিফার উ নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, মেডিকেলের পাঠ্য বইয়ে এমন ঘটনাকে ‘সুপারফিকানডেশন’ বলে অভিহিত করা হয়। যমজ শিশুদের পিতৃপরিচয়ের এই বিষয়টাকে বোঝাতে ঐতিহাসিকভাবে একে একটি ‘কালো সন্তান’ ও একটি ‘সাদা সন্তান’ রূপকে উল্লেখ করা হয় বলেও তিনি জানান।

জেনিফার উ বলেন, ক্ষেত্রবিশেষে একটি শুক্রাণু পাঁচ দিন পর্যন্তও টিকে থাকতে পারে। ফলে একজন পুরুষের সঙ্গে যৌন সঙ্গমের কয়েক দিনের মধ্যেই আরেকজন পুরুষের সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হলে উভয় পুরুষের শুক্রাণুই ওই নারীর আলাদা আলাদা ডিম্বাণুকে নিষিক্ত করার সম্ভাবনা রাখে। তবে, এমন ক্ষেত্রে দুটি মিলনই হতে হবে একই মাসিক চক্রের একটি নির্দিষ্ট সপ্তাহে এবং সে সময় ওই নারীর ফেলোপিয়ন টিউবে নিষিক্ত হতে সক্ষম ডিম্বাণুর উপস্থিতি থাকতে হবে। এমন ক্ষেত্রে দুই পুরুষের শুক্রাণু ওই নারীর আলাদা দুটি ডিম্বাণুকে নিষিক্ত করবে এবং দুই যমজ শিশুর জৈবিক পিতা হবেন দুই পুরুষ।