
একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে জন্ম দুটি শিশুর। এখন তাদের বয়স দুই বছর। একই লিঙ্গের হলেও চেহারা ভিন্ন। একজনের মাথায় ঢেউখেলানো ঘন চুল। আরেকজনের চুল পাতলা ও সোজা।
ভিয়েতনামের ওই দুই শিশুর বাবা একই ব্যক্তি কি না, সন্দেহ হলো পরিবার-পরিজনের। ডিএনএ পরীক্ষার ফলাফলে জানা গেল, সন্দেহ অমূলক নয়—যমজের জনক (বায়োলজিক্যাল ফাদার) আসলে দুজন। হ্যানয়ের সেন্টার ফর জেনেটিক অ্যানালাইসিস অ্যান্ড টেকনোলজির প্রধান লে দিন লুয়ং গত মঙ্গলবার এ কথা জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করলেও ওই দম্পতির পরিচয় গোপন রেখেছে।
দুই পুরুষের মাধ্যমে একই নারীর গর্ভে যমজ সন্তান জন্মের ঘটনা বিরল। ডিম্বস্ফুটনের নির্দিষ্ট একটি পর্যায়ে কোনো নারী দুজন আলাদা পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে জড়ালে তাঁদের শুক্রাণুর মাধ্যমে দুটি ডিম্বাণু নিষিক্ত হলেই এ রকম যমজের জন্ম হয়।
ভিয়েতনামের সংবাদমাধ্যম জানায়, ওই নারীর স্বামীর অনুরোধে শিশু দুটির ডিএনএ পরীক্ষায় দেখা যায়, একজন সন্তানের বাবা তিনি। তবে তাঁর স্ত্রী দুটি সন্তানেরই মা।
একাধিক বাবার মাধ্যমে যমজ সন্তানের জন্মের আরেকটি ঘটনা গত বছর যুক্তরাষ্ট্রে জানা যায়। সেখানকার একটি আদালত একজন ব্যক্তিকে ওই যমজের মধ্যে কেবল একটি শিশুর ভরণপোষণের দায়িত্ব নিতে নির্দেশ দেন। কারণ, তিনি উভয় সন্তানের বাবা নন বলে ডিএনএ পরীক্ষায় প্রমাণ হয়েছিল।