
কোডিনহি। আজব এক গ্রাম! অনেকের জন্য গ্রামটি রীতিমতো গবেষণার বিষয়। এটি দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের প্রত্যন্ত একটি গ্রাম। এখন বিশ্বজোড়া পরিচিতি পেয়েছে ‘যমজদের গ্রাম’ হিসেবে।
এ গ্রামের প্রায় প্রতিটি পরিবারেই রয়েছে যমজ ভাই-বোন। যমজদের নিয়ে পুরোনো পরিসংখ্যানে চোখ বোলালে রীতিমতো পিলে চমকে যায়। ২০০৯ সালের জুলাই মাসের তথ্য অনুযায়ী, এই গ্রামের দুই হাজার পরিবারে জন্ম নিয়েছিল ২২০ যমজ শিশু। সারা বিশ্বে যমজ সন্তান প্রসবের যে হার, কেরালার এই গ্রামে সে হার প্রায় ছয় গুণ বেশি।
স্থানীয় গবেষকেরা বলছেন, গ্রামটিতে যমজ শিশু জন্মের এই ধারা শুরু হয়েছিল তিন প্রজন্ম আগে। যমজের সংখ্যা সেখানেই কিন্তু থেমে থাকেনি। কোডিনহি গ্রামে যমজ মানুষের সংখ্যা বছর বছর বেড়েই চলেছে। কোডিনহি গ্রামেরই একজন চিকিৎসক কৃষ্ণন শ্রীবিজু। তিনি জানালেন, গ্রামে এই যমজ নবজাতক জন্মের ঘটনা ঘটতে শুরু হয়েছ ৭০-৮০ বছর আগে। সে সময় জন্ম নেওয়া শিশুরা কিন্তু আজও বেঁচে আছেন। তাঁরা এখন প্রৌঢ়।
গ্রামটিতে কেন এত যমজ শিশু জন্ম নিচ্ছে, তা নিয়ে বিস্তর গবেষণা করছেন বিজ্ঞানীরা। তবে আদৌ এই গবেষণায় কোনো সমাধান মিলবে কি না, তা সময়ই বলে দেবে।
ডেইলি মেইল অবলম্বনে সজীবমিয়া