
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে একটা স্কুল আছে; নাম নাইনথ ডিসট্রিক্ট প্রাইমারি স্কুল। সেখানকার শিক্ষিকা জু ফেই পড়েছেন মহা বিপাকে! তাঁর স্কুলের এক শ্রেণীতে ভর্তি হয়েছে ২২ জন শিক্ষার্থী। সমস্যা হলো ওই ২২ জন শিক্ষার্থীর ২০ জনকে নিয়ে। গণিতে ভুল করার জন্য যাকে ধমক দেওয়ার কথা, জু ফেই তাকে ধমক না দিয়ে দিচ্ছেন আরেকজনকে! বিজ্ঞানে ভালো করার জন্য যার প্রশংসা পাওয়ার কথা, সে না পেয়ে পাচ্ছে আরেকজন। তবে কি জু ফেইয়ের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে? নাকি ‘শর্ট টাইম মেমোরি লস’-এ আক্রান্ত ওই শিক্ষিকা? এসবের কিছুই নয়। আসল কাহিনি হলো, ওই ২০ শিক্ষার্থীর মধ্যে ১০ জোড়াই যমজ এবং প্রতি জোড়াই দেখতে ঠিক একই রকম। বিশেষ করে সবাই যেহেতু স্কুলের পোশাক পরে আসে, তাই তাদের আলাদা করতেও ভীষণ বেগ পান জু ফেই।
‘তবে আমি কয়েক দিন বাদে তাদের মধ্যে পার্থক্যও খুঁজে বের করেছি।’ বলছিলেন জু ফেই। ‘যেমন দুই বোন—কাও ইনফ্যান ও কাও ইনলিনের কথাই ধরা যাক। তাদের একজনের কপালে তিল আছে। আবার আরেক যমজের একজনের হাতের দৈর্ঘ্য একটু বড়।’
মজার বিষয় হলো, এই ২০ যমজ কিন্তু পড়াশোনার ব্যাপারে দারুণ মনোযোগী! এমনকি যমজদের মধ্যে ভীষণ প্রতিযোগিতা আছে—কে কার থেকে ভালো করবে। ফলে, ওই ক্লাসের পরীক্ষার ফলাফলও আর দশটা স্কুল থেকে বেশ ভালো। অনেকের মাথায়ই প্রশ্ন জাগে, তাহলে কি ওই এলাকায় যমজ ছেলেমেয়ের সংখ্যাই বেশি? জু ফেই জানান, না, এটা পুরোপুরি কাকতালীয় ব্যাপার মাত্র!
ডেইলি মেইল অবলম্বনে মাহফুজ রহমান