
কয়েক মিনিটের ব্যবধানে যমজের জন্মের দিন-তারিখ ভিন্ন হওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। তাই বলে বছর বদলে যাওয়ার ঘটনা বিরলই বলতে হবে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগোর কার্নি মেসা এলাকায় শার্প বার্চ হাসপাতালের।
হাসপাতালটির বিপণন ও জনসংযোগ ব্যবস্থাপক লরা হলোয়ে বলেন, ব্রিটানি ও ব্রেট দম্পতির যমজ সন্তান দুটির প্রথমজনের জন্ম হয় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৬ মিনিটে। তার নাম রাখা হয়েছে স্কারলেট অ্যানি। ভার্জিনিয়া রোজ নামের দ্বিতীয় যমজের জন্ম হয় ১২টার পরপরই।
মাত্র ৪ মিনিটের ব্যবধানে দুই যমজের জন্ম হলেও ভার্জিনিয়া পৃথিবীর আলো দেখতেই অতীত হয়ে গেছে ২০১৬ সাল।
ঘটনাটি বিরল হলেও স্যান ডিয়েগোয় এটা নতুন কিছু নয়। গত বছরও এখানে একই ঘটনা ঘটেছে। লুইস-ম্যারিবেল দম্পতির যমজ সন্তানের প্রথমজনের জন্ম হয় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। আর দ্বিতীয়জন পৃথিবীতে আসে ঠিক তিন মিনিট পর, ২০১৬ সালের ১ জানুয়ারি রাত ১২টা ২ মিনিটে।