প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রীয় মালিকানাধীন তেল বিপণন কোম্পানি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের তিন দিনব্যাপী অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ ও মহড়া গত শুক্রবার শেষ হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করে।
চট্টগ্রামের পতেঙ্গার গুপ্তখালে কোম্পানির প্রধান স্থাপনায় এই প্রশিক্ষণ কার্যক্রমে যমুনা অয়েল কোম্পানির ১৬টি ডিপোর ৪০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) হাবীবুল মুহিত, উপমহাব্যবস্থাপক (অপারেশনস) কাজী মো. মনজুর রহমান ও প্রধান স্থাপনার ইনচার্জ নুরুদ্দীন আহমেদ আল মাসুদ। বিজ্ঞপ্তি।