>

সম্প্রতি যশোর-বেনাপোল মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের জন্য সড়কের দুই পাশের বিভিন্ন প্রজাতির ২ হাজার ৩১২টি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সর্বশেষ এক রিটের পরিপ্রেক্ষিতে শতবর্ষী এই গাছগুলো কাটার ক্ষেত্রে ছয় মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন হাইকোর্ট। কিন্তু তারপর যদি আবার গাছগুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেগুলো দিয়ে কী করা যাবে? জানাচ্ছেন আন্ নাসের নাবিল
১. গ্যাস ও কয়লাখনি
গাছ মাটির নিচে চাপা পড়ে কয়লা ও প্রাকৃতিক গ্যাস উৎপন্ন করে। অনেক কাল আগের গাছ মাটিচাপা পড়ে উৎপন্ন হওয়া গ্যাস ব্যবহার করে আমরা শেষ করে ফেলছি প্রায়। যশোর রোডের গাছগুলো কোথাও মাটিচাপা দিয়ে রাখা যেতে পারে। এখনকার গ্যাসের রিজার্ভ শেষ হলে যশোর রোডের গাছ থেকে উৎপাদিত গ্যাস ব্যবহার করা যাবে নিশ্চিন্তে।
২. শীতে আগুন পোহানো
গাছগুলো কেটে দেশের ঠিক মাঝখানে এনে স্তূপ করে রাখা যায়। আবার যখন শৈত্যপ্রবাহ আসবে, তখন আগুন ধরিয়ে দিয়ে পুরো দেশ গরম করে ফেলা যাবে।
৩. গাছের গুঁড়ির চেয়ার
বিশাল বিশাল গাছের গুঁড়ি দিয়ে সুন্দর চেয়ার বানানো যেতে পারে। সেগুলো বসানো যেতে পারে বাসস্ট্যান্ড বা রেলস্টেশনে। এ ছাড়া যশোর রোডের দুই পাশে চেয়ারগুলো বসিয়ে আগের যশোর রোড নিয়ে হা–হুতাশ করার সুযোগও করে দেওয়া যায়।
৪. স্থাপনায় রডের বিকল্প
শতবর্ষী গাছগুলো বৃহৎ এবং মজবুত। দেশে নানান সময়ে বাঁশ দিয়ে ভবন নির্মাণের চেষ্টা চালানো হয়েছে। বাঁশ হলো একধরনের ঘাস; যা মোটেও মজবুত নয়। তাই এই গাছগুলো ব্যবহার করা যেতে পারে ভবন নির্মাণের কাজে।
৫. ক্রিকেট ব্যাট বানাতে
ক্রিকেট আমাদের অন্যতম জনপ্রিয় খেলা। কিন্তু শিশু-কিশোরদের বিশাল একটা অংশের ব্যাট কেনার সামর্থ্য নেই। তারা কোনো রকমে কাঠের তক্তা সাইজ করে ক্রিকেট খেলে। তাদের কথা বিবেচনা করে গাছগুলো দিয়ে ব্যাট বানানো যেতে পারে।