যা আছে শিশু অধিকার সনদে
বিশ্বের সব শিশুর অধিকার সুরক্ষার প্রয়োজনে ১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ গৃহীত হয়। ১৯৯০ সালের সেপ্টেম্বরে এটি আন্তর্জাতিক আইনের একটি অংশে পরিণত হয়। জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১৯১টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। বিশেষ চারটি মূলনীতির ওপর ভিত্তি করে এতে রয়েছে ৫৪টি ধারা। এর মধ্যে ৪১টি ধারায় শিশু অধিকারের কথা সরাসরি বলা হয়েছে এবং বাকি ১৩টি ধারায় অধিকারগুলো কীভাবে বাস্তবায়ন করতে হবে, তা বলা হয়েছে। সনদে কী রয়েছে তা সংক্ষেপে তুলে ধরা হলো: ১৮ বছরের নিচে সবাই শিশু, যদি না দেশের আইন আরও কম বয়সের ব্যক্তিকে সাবালক হিসেবে অনুমোদন করে। সব শিশুর সমান অধিকার রয়েছে। এখানে লিঙ্গ, বর্ণ, জাতীয়তা, ধর্ম, শারীরিক সামর্থ্য এবং ধনী-গরিব কোনো ভেদাভেদ থাকবে না। শিশুর স্বার্থ রক্ষা। মা-বাবা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সংসদ, আদালত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিশুর সর্বোত্তম স্বার্থে কাজ করবে। শিশুর বেঁচে থাকার অধিকার। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার বেঁচে থাকা ও বিকাশের অধিকার নিশ্চিত করা। শিশুর জন্মনিবন্ধীকরণ। জন্মের সঙ্গে সঙ্গে শিশুর জন্মের নিবন্ধীকরণ করতে হবে এবং জন্ম থেকেই নামকরণের, নাগরিকত্ব অর্জনের এবং মা-বাবার পরিচয় জানার এবং তাঁদের কাছে প্রতিপালিত হওয়ার অধিকার থাকবে শিশুর। মা-বাবার সঙ্গে বসবাসের অধিকার। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে শিশুকে তার মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন না করার নিশ্চয়তা দেওয়া। তবে উপযুক্ত কর্তৃপক্ষ ও আইনের ক্ষেত্রে বিধিবিধান অনুসারে এবং বিচার বিভাগীয় আলোচনা সাপেক্ষে যদি পৃথক করাই শিশুর সর্বোচ্চ স্বার্থ রক্ষা করে, সে ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে। পারিবারিক সংহতি। কোনো শিশুর মা-বাবা যদি পারিবারিক সংহতি রক্ষার জন্য রাষ্ট্র ত্যাগ কিংবা প্রবেশ করতে চান, সে ক্ষেত্রে রাষ্ট্র পদক্ষেপ গ্রহণ করবে। শিশু অপহরণ, বিক্রি ও বিদেশে পাচার বন্ধে এবং পাচার হওয়া শিশুদের দেশে ফেরত আনার ব্যাপারে রাষ্ট্র যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। শিশুর মত ও ভাব প্রকাশের অধিকার। এই অধিকারের মধ্যে শিশুর সব ধরনের তথ্য, ধ্যান-ধারণা সম্পর্কে জানার, গ্রহণ করার এবং অবহিত করার স্বাধীনতা থাকবে। মৌখিক, লিখিত, ছাপানো অথবা অঙ্কনচিত্র বা শিশুর পছন্দমতো যেকোনো মাধ্যমে শিশু মত ও ভাব প্রকাশ করতে পারবে। শিশুর চিন্তা, বিবেক ও ধর্মীয় স্বাধীনতা থাকবে। শিশুর সংঘবদ্ধ হওয়ার ও সমাবেশ করার অধিকার থাকবে শিশুর মর্যাদা ও সুনামের অধিকার। পরিবারের মধ্যে অথবা বিকল্প তত্ত্বাবধানে, কোনো প্রতিষ্ঠানে বা অন্য যেকোনো স্থানে শিশুর নিজস্ব গোপনীয়তা রক্ষার অধিকার থাকবে। শিশুর এবং তার পরিবারের মানমর্যাদা এবং সুনামের ক্ষেত্রে বেআইনি হস্তক্ষেপ থেকে রক্ষা পাওয়ার অধিকার থাকবে। শিশুর শারীরিক ও মানসিক উন্নয়নে রাষ্ট্র যথাযথ পদক্ষেপ নেবে। শিশুর লালনপালন। রাষ্ট্র শিশুর লালনপালন ও বিকাশের জন্য মা-বাবা উভয়ের দায়িত্বকে সক্রিয় করে তুলতে উদ্যোগী হবে। কর্মজীবী মা-বাবার সংগতি অনুসারে শিশুর প্রাপ্য পরিচর্যার ব্যবস্থা ও সুযোগ প্রদানে রাষ্ট্র সব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শিশুর প্রতি ভালো আচরণ। মা-বাবা, আইনানুগ অভিভাবক বা শিশু পরিচর্যায় নিয়োজিত ব্যক্তির তত্ত্বাবধানে থাকা অবস্থায় শিশুকে আঘাত বা অত্যাচার, অবহেলা, দুর্ব্যবহার বা শোষণ এবং যৌন হয়রানিসহ সব রকমের শারীরিক ও মানসিক নির্যাতন থেকে রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নেবে রাষ্ট্র। যেকোনো ঝুঁকিপূর্ণ কাজ, যেখানে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এবং যার ফলে শিক্ষার ব্যাঘাত ঘটতে পারে, এমন ধরনের কাজ থেকে শিশুর নিরাপত্তা পাওয়ার অধিকার থাকবে। পরিবারবঞ্চিত শিশুর যত্ন। পারিবারিক পরিবেশ থেকে যেসব শিশু সাময়িক বা চিরতরে বঞ্চিত, সেসব শিশু রাষ্ট্র থেকে বিশেষ সুরক্ষা ও সহায়তা পাওয়ার অধিকারী। যদি কোনো শিশুকে অপহরণ বা আটক রাখা হয়, এমনকি তা যদি তার মা-বাবাও করে থাকেন, তাহলে সরকার তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে এবং এ ধরনের অপহরণ ও অবৈধ আটক রোধে উপযুক্ত পদক্ষেপ নেবে। দত্তক প্রদান। শিশুর সর্বোত্তম স্বার্থের কথা বিবেচনা করে রাষ্ট্র দত্তক পদ্ধতিকে স্বীকৃতি ও অনুমোদন দেবে। শরণার্থী শিশুর অধিকার। অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো এ বিষয়ে নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেবে যে আন্তর্জাতিক বা নিজ দেশের আইন ও কর্মপদ্ধতি অনুযায়ী কোনো শিশু যদি শরণার্থী বিবেচিত হয়, তবে এই সনদে এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার বা কল্যাণকর দলিলে বর্ণিত অধিকারগুলো ভোগের ব্যাপারে উপযুক্ত সুরক্ষা ও মানবিক সহায়তা পাবে। প্রতিবন্ধী শিশুর অধিকার। মানসিক বা শারীরিকভাবে প্রতিবন্ধী শিশু এমন পরিবেশে বসবাস করবে, যে পরিবেশে সে সুষ্ঠু এবং পরিপূর্ণ জীবন উপভোগ করতে পারবে এবং তার মর্যাদা নিশ্চিত হবে। সংখ্যালঘু ও আদিবাসী শিশুদের নিজস্ব সংস্কৃতি, ধর্ম ও ভাষাচর্চার অধিকার থাকবে। ১৮ বছরের কম বয়সী কোনো শিশুকে সশস্ত্র বাহিনী বা গ্রুপে ভর্তি হতে বাধ্য করা যাবে না। ১৫ বছরের বেশি বয়সের কোনো শিশু স্বেচ্ছায় সশস্ত্র বাহিনীতে ভর্তি হতে চাইলে, তা সে পারবে। তবে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত কোনো শিশু সরাসরি যুদ্ধে অংশ নিতে পারবে না। শিশুস্বাস্থ্য ও পুষ্টি। রাষ্ট্র এ অধিকার পূর্ণ বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করবে। শিশুর চিকিৎসা পরিচর্যা। উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা শিশুর শারীরিক ও মানসিক চিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চিত করবে রাষ্ট্র। শিশুর সামাজিক নিরাপত্তা। রাষ্ট্র শিশুর সামাজিক নিরাপত্তা পাওয়ার অধিকারকে স্বীকৃতি দেবে এবং তা বাস্তবায়নের জন্য দেশের আইন অনুসরণ করবে। প্রতিটি শিশুর শিক্ষালাভের অধিকার রয়েছে। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো, প্রতিটি শিশুর জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং বিনা খরচে শিক্ষা পাওয়ার সুযোগ নিশ্চিত করা। শিশুর অবসর ও বিনোদন লাভের অধিকার। প্রতিটি শিশুর অবকাশযাপন, খেলাধুলা এবং সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করার অধিকার থাকবে।