যা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সব জেলা বন্ধুসভা থেকে বন্ধুরা ঢাকায় এসেছিল, ৮ আগস্ট। বন্ধুরা উপস্থিত হয়েছিল প্রথম আলো অফিসের পঞ্চম তলায়, সকাল ১০টায়। দুটি পর্বে বিভক্ত ছিল এই আয়োজন। সকালে ছিল সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা। বন্ধুরা অংশ নিয়েছে উন্মুক্ত আলোচনায়। অভাব-অভিযোগ, পরামর্শ, মতামত সবকিছু উঠে এসেছে তাদের আলোচনায়।

আলোচনাই নয়, বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যেমন সব অনুষ্ঠান জাতীয় সংগীত দিয়ে শুরু করা। এটা আগেও ছিল। তবে এটা বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় সংগীত শুদ্ধ করে গাইতে শেখা ও অন্যদের শেখানো। মুক্তিযুদ্ধের ইতিহাস জানা। নিয়মিত পাঠচক্রের আয়োজন করা। ব্যক্তিগত লাইব্রেরি করা এবং সাংস্কৃতিক চর্চা বাড়ানো। এর বাইরেও নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত।

সাংগঠনিক পর্বে জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক শান্তা তাওহিদা, সাংগঠনিক সম্পাদক অনিক সাহা, রশীদুল হাসান, মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিল।

দ্বিতীয় পর্বে ছিল একটি বিশেষ কর্মশালা। এই কর্মশালায় সারা দেশের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও বন্ধুসভার বন্ধুরা অংশ নেয়। সারা দিন বন্ধুরা একটি আনন্দঘন সময়ের মধ্য দিয়ে পার করে।

ড্যাফোডিল ও সৈয়দপুর বন্ধুসভা একটি দুর্দান্ত কাজ করেছে। সেটি হলো নিজেদের সংগৃহীত অর্থে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে গিয়েছে বন্যাদুর্গতদের পাশে। ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা ঢাকা থেকে ছুটে গেছে কুড়িগ্রাম। সেখানে গিয়ে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে, আমরা তাদের অভিনন্দন জানাই।

বন্ধুরা নিশ্চয়ই মনে আছে ১৯ আগস্টের কথা। সারা দেশে সব বন্ধুসভা দেয়াল পত্রিকা বের করছে। নিশ্চয়ই সবার প্রস্তুতি চলছে। দিনটিকে আমরা দেয়াল পত্রিকা দিবসও বলতে পারি। কী বলো, বন্ধুরা।

সভাপতি: প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ