যা করলে বিদেশিঅতিথিদের কাছে জাতীয় পার্টি পাত্তাপাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা প্রশ্নবিদ্ধ। সফরে আসা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অতিথিরাও দলটিকে পাত্তা দিচ্ছেন না। এইচ এম এরশাদ নিজেও মনে করেন, মানুষ তাঁর দলকে বিরোধী দল হিসেবে গণ্য করে না। এটি জাপার জন্য লজ্জার। সাধারণ মানুষ অনেকে হাসিঠাট্টা করছে। তাহলে কী করলে জাপা দেশের মানুষ এবং বিশেষ করে রাষ্ট্রীয় অতিথিদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে? জাতীয় পার্টির ব্র্যান্ডিংয়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে রস‍+আলো। লেখা: মাসউদ ফোরকান

* কোনো দেশের রাষ্ট্রপ্রধানের বাংলাদেশ সফরসূচি আগে থেকেই ঠিক করা থাকে। জানামাত্রই ওই বিদেশি বন্ধুকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। তিনি রিকোয়েস্ট একসেপ্ট করলে তো ভালো, না করলেও হতাশ হওয়া যাবে না। ফলোয়ার হিসেবে লাইক-কমেন্টে অ্যাকটিভ থাকতে হবে। টুইটার আর ইনস্টাগ্রামেও ফলোয়ার হয়ে যান। ফলে বিদেশি বন্ধুটির আসার সময় হলে তিনি নিজেই জাতীয় পার্টির নেতাদের সঙ্গে দেখা করবেন।

* বিদেশি অতিথিদের হোটেলের সামনে গিয়ে হাতে মিনারেল ওয়াটারের একটা বোতল নিয়ে বেদনার গান গাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে কলকাতার ভূমি ব্যান্ডের ‘তোমার দেখা নাই’ টাইপের গান বেছে নিতে পারেন। ‘খোলো খোলো দ্বার’ও জুতসই হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক হতে পারে বাংলা সিনেমার করুণ রাগিণী। এ রকম নাটকীয় পরিস্থিতি তৈরি করতে পারলে জনগণেরও সাড়া পাওয়া যাবে। আর বিদেশি বন্ধুটির ভাষার কোনো সিনেমার গান গাইলে তো ফল পাবেন হাতেনাতে।

* বিদেশি বন্ধুর দুর্বলতা সম্পর্কে জানতে হবে। ধরা যাক, নাইজেরিয়ার প্রেসিডেন্ট এ দেশে আসবেন। বিশ্ববাসী জানে, তিনি বউয়ের ধাতানি খান নিয়মিত। আবার আমাদের পল্লিবন্ধু এরশাদেরও পারিবারিক টানাপোড়েন চলমান একটি বিষয়। তাহলে সমস্যার কী সমাধান? ভাইবারে বা স্কাইপে ওই বিদেশি বন্ধুকে অ্যাড করুন। নিজেদের বউ-সংসার নিয়ে আলোচনা করুন। যুবক বয়সের গল্প মনে করিয়ে দিন। তখন দেখবেন, গভীর বন্ধুত্ব হতে সময় নেবে না।

* বিদেশি বন্ধুদের ভাষা শিখে ফেলুন। ওই দেশের আর আমাদের দেশের সংস্কৃতি, জীবন মিলিয়ে গান তৈরি করুন। দেশের নামকরা শিল্পীদের দিয়ে কনসার্টের আয়োজন করা যেতে পারে। অনন্ত জলিলের ‘ঢাকার পোলা’ বা মমতাজের ‘নান্টু ঘটক’ টাইপের গান যদি ওই দেশের ভাষায় অনুবাদ করে জাতীয় পার্টির কান্ডারিরা স্টেজে গাইতে পারেন, তাহলে আর কী লাগে! বাংলাদেশ সফরের সময় রাষ্ট্রীয় অতিথিরা যদি জানতে পারেন যে এমন একটি বর্ণাঢ্য অনুষ্ঠান হচ্ছে, তিনি কি পারবেন মুখ ফিরিয়ে থাকতে?