একটি ঝাঁকা। তাতে কাঁচা আম, পাকা বেল আর ঢাউস আকারের পেয়ারা। এই নিয়েই আবুল কালামের ব্যবসা।সূর্যের আলো ঠিকরে পড়ছে সোবহানবাগের এই জায়গাটায়। গরমে হাঁসফাঁস করছে মানুষ। পথ-চলতি কেউ যদি কালামের কাছ থেকে কোনো ফল কিনতে চায়, তাহলে একটু তো দাঁড়াতে হবে এই রোদ্দুরের মধ্যেই। ক্রেতার যেন অসুবিধা না হয়, সেটা নিশ্চিত করতেই আবুল কালাম একটি মনোহারি দোকানের ঠিক নিচে রেখেছেন ঝাঁকাটি। এখানে সূর্যের আলো সরাসরি পড়ে না।এখানেই থাকেন?না। বিয়ের পর থিকা থাকি মিরপুরে। আগে এইখানেই থাকতাম।দেশের বাড়ি কোথায়?বরিশালে। আগৈলঝাড়া থানা। চান্দো গ্রাম।ফল বিক্রি করছেন কত দিন?ঢাকায় আসার পর থিকাই। পেয়ারা কোথায় পেলেন?কারওয়ান বাজারে সব পাওয়া যায়। ‘আনসিজনে’ পেয়ারাও আসে। আপনার ফলগুলো তো গরমকালে শান্তি আনে।হের লাইগ্যাই তো এই ফলের ব্যবসা করি। পাকা বেল পেট ঠান্ডা করে। কাঁচা আম শরীরের জন্য ভালো। ভাইটামিন আছে। পেয়ারা তো পেয়ারাই। আম ১০০ টাকা কেজি, বেলের জোড়া ২০ টাকা আর পেয়ারা ১২০ টাকা কেজি বিক্রি করি। কখন আসেন ব্যবসায়?সকাল ছয়টার আগেই হাত-মুখ ধুই, তারপর বাড়ি থিকা রওনা দিই। বাসে কারওয়ার বাজারে আইসা ফল কিনি। তারপর ঝাঁকা ভইরা নিয়া আসি এইখানে। সকালের নাশতা?কোনো হোটেলে খাইয়া নিই। পরাটা খাই, রুটি খাই। ভাজিভুজি কিংবা ডাইল।আপনার বয়স কত?বত্রিশ।ছেলেমেয়ে আছে?আছে। তিনটা ছেলে। ইয়াসিন, আল আমীন আর আজিজুল। আপনার আয় কত?দিনে ২০০, ১৫০, ২৫০ টাকা থাকে। ভাবি কিছু করে?আমার ওয়াইফ গার্মেন্টসে কাজ করে। সে কাজ না করলে আমার সংসার চলত না।বাচ্চারা থাকে কোথায়?আমার আম্মার কাছে।দুপুরে বাসায় খেতে যান?না। এইখানেই এক হোটেলে খাইয়া নিই।বাড়ি ফেরেন কখন?রাইত আটটা-নয়টা বাইজা যায়। বরিশালে বেড়াতে যান না?তিন-চার মাস পরপর যাই। ওইখানে আত্মীয়স্বজন আছে। দেখা কইরা আসি।আপনার কথায় তো বরিশালের টান নেই!ঢাকায়ই তো বেশি থাকি। টান থাকবে কেমনে?আপনার কাজ নিয়ে আপনি সুখী?সুখী। লেখাপড়া শিখি নাই। চাকরি করলেও দুই-তিন হাজার টাকার বেশি বেতন কেউ দিত না। ওই টাকায় পোষাবে না। তাই, যা করি, তাতেই আমি খুশি।আবুল কালামের চেহারায় সত্যিই বিষণ্নতা নেই। যাপন করছেন যে জীবন, তা নিয়ে আক্ষেপ নেই একেবারেই। দুপুরের খররোদ্দুরও তাঁকে বিচলিত করে না। বরং সূর্যের তেজ হূদয়ে ধারণ করে কাজ করে যান।